বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৬-এর নিবন্ধন শুরু

বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৫-এর বিজয়ীরাNafis Ahamed Khan

বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (BdMSO) ২০২৬-এর নিবন্ধন শুরু হয়েছে। এই অলিম্পিয়াড থেকেই বাছাই করা হবে ২৩তম ইন্টারন্যাশনাল ম্যাথমেটিকস অ্যান্ড সায়েন্স অলিম্পিয়াড (IMSO 2026)-এ অংশ নেওয়ার জন্য বাংলাদেশের জাতীয় দল। বিশ্বের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্যতম মর্যাদাপূর্ণ এই স্টেম প্রতিযোগিতা আগামী ২ থেকে ৭ অক্টোবর ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশে অলিম্পিয়াডটির আয়োজন করছে সোসাইটি ফর দ্য পপুলারাইজেশন অব সায়েন্স, বাংলাদেশ (এসপিএসবি)। মুখস্থবিদ্যার বাইরে গিয়ে শিশুদের মধ্যে যুক্তিনির্ভর চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা এবং বিজ্ঞান-গণিতের প্রতি আগ্রহ গড়ে তোলাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অলিম্পিয়াডে অংশ নিতে পারবে ১৩ বছর বা তার কম বয়সী শিক্ষার্থীরা। অর্থাৎ জন্ম হতে হবে ১ অক্টোবর ২০১৩ বা তার পরে। পাশাপাশি ১ অক্টোবর ২০২৬-এর মধ্যে শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণি বা তার নিচে পড়তে হবে। তবে ব্রিটিশ কারিকুলাম বা সমমানের ইংরেজি মাধ্যমের যেসব শিক্ষার্থী ২০২৬ সালের জুলাই বা আগস্টে সপ্তম শ্রেণিতে উঠবে, তারা অংশ নিতে পারবে না।

আরও পড়ুন

প্রতিযোগিতা হবে দুটি ক্যাটাগরিতে। অলিম্পিয়াড ক্যাটাগরি ষষ্ঠ শ্রেণি বা তার নিচের শিক্ষার্থীদের জন্য, যেখানে গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা হবে। আর কুইজ ক্যাটাগরি তৃতীয় শ্রেণি বা তার নিচের শিক্ষার্থীদের জন্য। ছোটদের বিজ্ঞান ও গণিতের প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যে এই ক্যাটাগরি চালু করা হয়েছে। তবে এখান থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য দল নির্বাচন করা হবে না। একজন শিক্ষার্থী কেবল একটি ক্যাটাগরিতে অংশ নিতে পারবে।

জাতীয় অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে ৮ আগস্ট। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও রংপুরে একযোগে পরীক্ষা হবে। সময় ১২০ মিনিট। প্রশ্নপত্র হবে সম্পূর্ণ ইংরেজিতে এবং এতে থাকবে সংক্ষিপ্ত উত্তর, বর্ণনামূলক ও বিশ্লেষণধর্মী প্রশ্ন। পরীক্ষাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে ৩১ জুলাই।

জাতীয় পর্বে সেরা পারফরমারদের নিয়ে আয়োজন করা হবে তিন দিনের আবাসিক ক্যাম্প। এরপর টিম সিলেকশন টেস্ট (TST)-এর মাধ্যমে গণিত ও বিজ্ঞান থেকে ৬ জন করে মোট ১২ সদস্যের জাতীয় দল নির্বাচন করা হবে। তারাই ইন্দোনেশিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।

আরও পড়ুন

গত বছর মালয়েশিয়ায় অনুষ্ঠিত ২২তম IMSO-তে বাংলাদেশের ১২ জন প্রতিযোগীই পদক জিতেছিল। দলটি দেশে ফিরেছিল ২টি রৌপ্য ও ১০টি ব্রোঞ্জ নিয়ে। এই সাফল্য নতুন অংশগ্রহণকারীদের জন্যও অনুপ্রেরণা।

অংশ নিতে চাইলে ৩১ জুলাই ২০২৬-এর মধ্যে bdmso.org ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নিবন্ধন করতে হবে।

এবারের আয়োজনের পাওয়ার্ড বাই স্পনসর পুষ্টি। মিডিয়া পার্টনার দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও টিবিএস গ্র্যাজুয়েটস। পার্টনার হিসেবে রয়েছে রিফ্লেক্টিভ টিন ও টিইএমএস একাডেমি। ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।

আরও পড়ুন