আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে সোফিয়ায় যাচ্ছে বাংলাদেশ দল
২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে (আইজেএসও) অংশ নিতে ২৯ নভেম্বর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে রওনা দেবে ছয় সদস্যের বাংলাদেশ দল। ২ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এই অলিম্পিয়াড। এতে বিশ্বের প্রায় ৫০টি দেশের অনূর্ধ্ব-১৬ বছর বয়সী শিক্ষার্থীরা অংশ নেবে।
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়। দলের সদস্যরা হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের আহমেদ সাদ ও মোহাম্মদ সাইফান হায়দার, এস.এফ.এক্স. গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাজী সুনেহ্রা ইসলাম সমৃদ্ধি ও মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নাশওয়ান হক মাহির।
দলের প্রধান দলনেতা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছেন বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের সমন্বয়কারী মো. রেজাউল ইসলাম ও একাডেমিক সমন্বয়কারী ফারজানা আক্তার।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সভাপতি মুনির হাসান বলেন, আইজেএসওতে বাংলাদেশ এখন পর্যন্ত রৌপ্য ও ব্রোঞ্জ মিলিয়ে ৪৫টি পদক অর্জন করেছে। এবার স্বর্ণপদক জয়ের আশা করছেন তাঁরা। দলের সদস্য আহমেদ সাদ বলেন, প্রস্তুতিমূলক ক্যাম্পে ব্যবহারিক অনেক কিছু শেখার সুযোগ হয়েছে। এতে তাঁর আত্মবিশ্বাস বেড়েছে। এবার রৌপ্য পদক জয়ের আশা নিয়ে যাচ্ছে বাংলাদেশ দল।
এবারের বাংলাদেশ দল গঠিত হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও) মাধ্যমে। গত ২৮ আগস্ট রাজধানীর উত্তরায় আইইউবিএটিতে অনুষ্ঠিত হয় এর জাতীয় পর্ব। নির্বাচিত শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন বাছাই প্রক্রিয়ার পর গঠন করা হয় আন্তর্জাতিক দল। ১৫ সেপ্টেম্বর থেকে ধানমন্ডির মাকসুদুল আলম বিজ্ঞানাগারে (ম্যাসল্যাব) অনুষ্ঠিত হয় প্রস্তুতিমূলক ক্যাম্প। সেখানে দেশি-বিদেশি বিজ্ঞানী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা প্রশিক্ষণ দেন।
বিডিজেএসও যৌথভাবে আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ)। আন্তর্জাতিক পর্বে অংশ নিতে সহযোগিতা করেছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ও কমিউনিটি ব্যাংক। প্লাটিনাম স্পনসর আনিসুল হক ফাউন্ডেশন। এ ছাড়া সহযোগিতায় ছিল বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, ম্যাসল্যাব, রকমারি ডটকম, এসিআই অদম্য মেধাবী ও আইইউবিএটি। মিডিয়া ও ম্যাগাজিন পার্টনার ছিল দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টিভি, বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।