এআই না এলে কী হতো? প্রযুক্তির ‘জনক’ নোবেলজয়ী বিজ্ঞানী জিওফ্রি হিন্টনের উত্তর
এআইয়ের ঝুঁকি সামলাতে ব্যর্থ হলে বড় বিপর্যয় ঘটতে পারে। বিদ্যুৎ সরবরাহব্যবস্থা অচল হয়ে যাওয়া কিংবা ব্যাংকিং ব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে এ বছরই, এমন আশঙ্কা করছেন নোবেলজয়ী এই বিজ্ঞানী।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা আলোচনা। কেউ দেখছেন সম্ভাবনাময় ভবিষ্যৎ, কেউ আবার ভাবছেন মানুষের জন্য বড় বিপদের কথা। এবার সেই উদ্বেগের কথা জানালেন এআই প্রযুক্তির অন্যতম পথিকৃৎ জিওফ্রি হিন্টন। তাঁর আশঙ্কা, এআইয়ের ঝুঁকি সামলাতে ব্যর্থ হলে চলতি বছর কিংবা আগামী বছরের মধ্যে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এমনকি বিদ্যুৎ সরবরাহব্যবস্থা বা আর্থিক লেনদেনের ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে।
হিন্টন মনে করেন, একসময় হয়তো মানুষ বুঝতে পারবে যে এআই তৈরি না করলেই ভালো হতো। তবে প্রযুক্তিটির ভবিষ্যৎ নিয়ে তিনি পুরোপুরি হতাশ নন। তাঁর মতে, এআই পৃথিবীকে অসাধারণ এক ভবিষ্যতের দিকেও নিয়ে যেতে পারে। কিন্তু ঝুঁকিগুলো সামলাতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।
সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ৭৮ বছর বয়সী এই বিজ্ঞানী। এআই নিয়ে তৈরি নতুন একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রের প্রদর্শনীর আগে তাঁর সঙ্গে কথা বলে সংবাদমাধ্যমটি। প্রামাণ্যচিত্রটির নাম ‘এআই: প্রোবাবলি নাথিং টু ওয়ারি অ্যাবাউট’। এতে হিন্টনের পাশাপাশি রয়েছেন তাঁর গুগলের সাবেক সহকর্মী ডেমিস হাসাবিস।
এআই নিয়ে উদ্বেগ
এআই নিয়ে সতর্ক করার ক্ষেত্রে নিজের অবস্থান সম্পর্কে হিন্টন বলেন, এ বিষয়ে কথা বলার একটা দায়িত্ব তিনি অনুভব করেন। তাঁর ভাষায়, ‘আমার এমন একটি পরিচিতি তৈরি হয়েছে, যার কারণে মানুষ আমাকে এ বিষয়ে কথা বলার প্রতিনিধি হিসেবে দেখে। তাই এ পরিচিতি কাজে লাগিয়ে যতটা সম্ভব সতর্ক করতে চাই।’
এআই কোম্পানিগুলোর প্রতিযোগিতা নিয়েও উদ্বিগ্ন জিওফ্রি হিন্টন। বাজারে এগিয়ে থাকতে এবং নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করতে বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো একের পর এক আরও শক্তিশালী এআই মডেল তৈরি করছে। এসব মডেল প্রকাশের আগে ঝুঁকিগুলো যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হিন্টন।
ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যানের ওপর তাঁর একেবারেই আস্থা নেই বলে জানিয়েছেন জিওফ্রি হিন্টন। তাঁর অভিযোগ, মার্ক জাকারবার্গ, ইলন মাস্ক ও স্যাম অল্টম্যানের মতো প্রযুক্তি উদ্যোক্তারা এআইয়ের ঝুঁকি সম্পর্কে জানেন। তারপরও তাঁরা অর্থ উপার্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন।
হিন্টনের মতে, যুক্তরাষ্ট্রের হাতে গোনা কয়েকটি প্রতিষ্ঠান বর্তমানে সবচেয়ে উন্নত এআই তৈরির প্রতিযোগিতায় নেতৃত্ব দিচ্ছে। এসব প্রতিষ্ঠানের একটির দায়িত্বে রয়েছেন অল্টম্যান। বিষয়টি তাঁর কাছে অত্যন্ত উদ্বেগজনক। কারণ, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এআই উন্নয়নের প্রতিযোগিতা দিন দিন তীব্র হচ্ছে।
বড় বিপর্যয় কি আসছে?
এআই নিয়ে হিন্টনের উদ্বেগের পেছনে রয়েছে সাম্প্রতিক কিছু ঘটনা। এ বছরের গ্রীষ্মে ওপেনএআইয়ের কিছু এআই এজেন্ট হাগিং ফেস ওয়েবসাইটে হ্যাক করার ষড়যন্ত্রে জড়িয়েছিল বলে অভিযোগ ওঠে। হিন্টনের কাছে ঘটনাটি ছিল বড় একটি সতর্কসংকেত।
১৯৭৯ সালে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আংশিক পারমাণবিক দুর্ঘটনা ঘটেছিল। হিন্টন এআই এজেন্টদের ওই ঘটনার সঙ্গে তুলনা করেছেন। তাঁর মতে, সেটি ছিল আরও বড় বিপর্যয়ের আগে পাওয়া সতর্কবার্তার মতো।
জিওফ্রি হিন্টন আশঙ্কা করছেন, চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছর এআই ঘিরে চেরনোবিলের মতো বড় কোনো বিপর্যয় ঘটতে পারে। ১৯৮৬ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল। হিন্টন অবশ্য এআইয়ের সম্ভাব্য বিপর্যয়কে পারমাণবিক দুর্ঘটনা হিসেবে দেখছেন না।
জিওফ্রি হিন্টনের দেওয়া উদাহরণ অনুযায়ী, এআই ব্যবহার করে কেউ বিদ্যুৎ উৎপাদনব্যবস্থায় বড় ধরনের সাইবার হামলা চালাতে পারে। এতে বিদ্যুৎ সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হতে পারে। আবার এমন কোনো ঘটনা ঘটতে পারে, যার ফলে পুরো এক সপ্তাহের জন্য আর্থিক ব্যবস্থা অচল হয়ে যাবে।
এ ধরনের ঘটনা ঘটলে কী হতে পারে, তা কল্পনা করতেও বলছেন হিন্টন। তাঁর মতে, এমন বিপর্যয় থেকে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়ানো সম্ভব হলেও তখন বিশ্বনেতারা বিষয়টিকে গুরুত্ব দিতে বাধ্য হবেন।
এআই নিয়ন্ত্রণে আন্তর্জাতিক উদ্যোগ চান
এআইয়ের ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিকভাবে কঠোর নিয়ম চালুর পক্ষে হিন্টন। তিনি এমন একটি পরিকল্পনাকে সমর্থন করেন, যেখানে উন্নত এআই মডেল বাজারে ছাড়ার আগে বাধ্যতামূলক পরীক্ষা, স্বাধীন মূল্যায়ন এবং বিভিন্ন দেশের মধ্যে অভিন্ন নীতিমালা থাকবে।
ফিনল্যান্ডের প্রেসিডেন্টসহ ৩২টি দেশ এ পরিকল্পনাকে সমর্থন করেছে। দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর, জার্মানি, কানাডা ও অস্ট্রেলিয়াও রয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এআই নিয়ন্ত্রণে বৈশ্বিক উদ্যোগের বিরোধিতা করেছেন। তাঁর প্রশাসন মনে করে, কঠোর নিয়মকানুন যুক্তরাষ্ট্রকে এআই উন্নয়নের প্রতিযোগিতায় চীনের তুলনায় পিছিয়ে দিতে পারে। ট্রাম্প চান, এআই প্রতিষ্ঠানগুলো নিজেদের কার্যক্রম নিজেরাই নিয়ন্ত্রণ করুক।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম অবশ্য এ বিষয়ে আন্তর্জাতিক সমঝোতার পক্ষে। আগামী বছর জি-২০-এর সভাপতিত্ব করার সময় তিনি এআইয়ের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি ঝুঁকি মোকাবিলায় একটি অভিন্ন বৈশ্বিক নীতিমালা তৈরির চেষ্টা করবেন বলে জানিয়েছেন।
এআইয়ের পথিকৃৎ কেন এত উদ্বিগ্ন?
জিওফ্রি হিন্টন প্রায় ৪৪ বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন। ১৯৭০-এর দশকে তিনি কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের ধারণা নিয়ে কাজ শুরু করেন। মানুষের মস্তিষ্কের স্নায়ুকোষের সংযোগ থেকে অনুপ্রাণিত এ গাণিতিক ব্যবস্থার মাধ্যমে কম্পিউটারকে তথ্য থেকে শেখানো এবং অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হয়। আধুনিক এআইয়ের বিকাশে এ গবেষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
গবেষণার স্বীকৃতি হিসেবে ২০২৪ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান জিওফ্রি হিন্টন। এআইয়ের সম্ভাব্য বিপদ নিয়ে স্বাধীনভাবে কথা বলার জন্য ২০২৩ সালে গুগলের চাকরি ছেড়ে দেন।
হিন্টনের মতে, আগামী এক দশকের মধ্যেই বোঝা যাবে, মানুষ এআইয়ের ঝুঁকি সামলাতে পারছে কি না। সফল হলে এআই এমন এক ভবিষ্যৎ তৈরি করতে পারে, যেখানে মানুষের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে এবং প্রয়োজনীয় সম্পদের প্রাচুর্য তৈরি হবে। তিনি একে বলেছেন ‘র্যাডিক্যাল অ্যাবানড্যান্স’।
অন্যদিকে ব্যর্থ হলে ধনী-দরিদ্রের ব্যবধান অনেক বেড়ে যেতে পারে। বাড়তে পারে বেকারত্ব, তৈরি হতে পারে বড় ধরনের সামাজিক ও সাংস্কৃতিক সংকট। এমনকি সমাজের কাঠামোও ভেঙে পড়তে পারে।
এআই নিয়ে হিন্টনের এ সতর্কবার্তা প্রযুক্তিবিশ্বের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, যে প্রযুক্তি মানুষের জীবনকে আরও সহজ ও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি দিচ্ছে, সেটিই নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বড় বিপদের কারণ হতে পারে।