সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে ‘কিশোর আলো’ উপহার উৎসব
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের জন্য একটি আনন্দঘন আয়োজন অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানো ও সৃজনশীল চিন্তা গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে জনপ্রিয় কিশোরদের ম্যাগাজিন ‘কিশোর আলো’ উপহার দেওয়া হয়। শিক্ষার্থীরা পেয়েছে কিশোর আলোর জানুয়ারি ২০২৬ সংখ্যা।
সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা শিক্ষার্থীদের মধ্যে কিশোর আলো তুলে দেন। প্রিয় ম্যাগাজিন পেয়ে শিক্ষার্থীদের মুখে দেখা যায় আনন্দ আর উচ্ছ্বাস। তাদের হাসি আর উৎসাহে পুরো ক্যাম্পাস উৎসবমুখর হয়ে ওঠে।
এই উপহার উৎসবে দিবা ও প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাঁরা শিক্ষার্থীদের কিশোর আলো পড়তে উৎসাহ দেন এবং বই পড়ার গুরুত্ব নিয়ে কথা বলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা বলেন, পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, প্রবন্ধ ও সহায়ক বই পড়লে শিক্ষার্থীদের চিন্তাশক্তি ও কল্পনাশক্তি বাড়ে। নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তুললে তারা ভবিষ্যতে ভালো ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।
শিক্ষকেরা মনে করেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান অর্জনের আগ্রহ বাড়াবে এবং কিশোর আলোর সঙ্গে তাদের বন্ধন আরও গভীর করবে। বই পড়ার মাধ্যমে শিক্ষার্থীরা জীবনের পথে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে—এমনটাই তাঁদের আশা।