রোনালদোর বিদায়গুলো কেন এমন হয়

পাঁচ মিনিটের একটা লম্বা বক্তব্য। সারমর্ম, আমি আজীবনের মতো পর্তুগালের জার্সি খুলে রাখছি। ৭ নম্বর জার্সিটা রেখে যাচ্ছি ভবিষ্যতের জন্য। একটা লম্বা বক্তব্য, হাতে নেওয়া লম্বা চিঠি দিয়েই বিদায়ের ঘণ্টা নিশ্চিত করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২৩ বছর ধরে যে দলটাকে আগলে রেখেছেন, তাদের কাছ থেকে বিদায় নিলেন একেবারেই অনাড়ম্বরে। তাঁর বিদায় মনে করিয়ে দিল আরেকবার, রোনালদোর বিদায়টা ঘুরেফিরে এমন নীরবই হয়।

এখন পর্যন্ত ৬টি দলের জার্সি গায়ে চড়িয়েছেন রোনালদো। পর্তুগালের জার্সি ছাড়া ৫ ক্লাবের হয়ে খেলেছেন ৬ দফায়। বেচাকেনার খাতায় নাম লিখেছেন, গড়েছেন রেকর্ডও। কিন্তু কোনো জায়গা থেকেই তাঁর বিদায়টা স্মরণীয় হয়নি। আগমনে যে আতশবাজি ফুটেছে, বিদায়ে সেই অশ্রুধারার আনুষ্ঠানিকতা করার প্রয়োজন বোধ করেনি কেউ। বরং তিনি বিদায় নিয়েছেন আক্ষেপ, চাপা কষ্ট আর অভিমান নিয়েই।

রোনালদোর খেলোয়াড়ি জীবনের সূচনা পর্তুগালের স্পোর্টিং সিপি থেকে। তাঁর খেলায় মুগ্ধ হয়ে মাত্র ১৮ বছর বয়সে রোনালদোকে কিনে এনেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। স্যার অ্যালেক্স ফার্গুসন রোনালদোর কাঁধে তুলে দিয়েছিলেন ডেভিড বেকহামের রেখে যাওয়া ৭ নম্বর জার্সি। রোনালদোর মধ্যে নতুন নক্ষত্রের দেখা পেয়েছিল ইউনাইটেড।

আরও পড়ুন

যুদ্ধ করে ইউনাইটেড থেকে বিদায়

স্যার অ্যালেক্স ফার্গুসন গড়ে তুলেছেন রোনালদোকে।
ছবি: এক্স

রোনালদোর আগমন যতটা জাঁকজমকপূর্ণ হয়েছিল, বিদায়টা হয়েছিল ঠিক তার উল্টো। ২০০৮ সালেই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জন্য উঠেপড়ে লাগেন রোনালদো। সে সময় এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁকে জোর করে আটকে রাখছে ইউনাইটেড। স্যার অ্যালেক্স অবশেষে রাজি হন রোনালদোকে বিক্রি করতে, তবে এক মৌসুম পর। ২০০৮-০৯ মৌসুমে ইউনাইটেডের হয়ে খেলেন রোনালদো, এরপর ডাক আসে রিয়াল মাদ্রিদ থেকে। সেবার ইউনাইটেডের কাছ থেকে কোনো বিদায় আয়োজন পাননি রোনালদো। দলবদলের সব রেকর্ড ভেঙে ৯৪ মিলিয়ন ইউরোতে রোনালদো যোগ দেন রিয়াল মাদ্রিদে।

বিশ্বকাপের মধ্যে রিয়াল ছেড়ে জুভেন্টাসে

পেরেজের সঙ্গে বনিবনা না হওয়ায় রিয়াল ছেড়েছিলেন রোনালদো।
ছবি: এক্স

রোনালদোর জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় ছিল রিয়াল মাদ্রিদেই। ৪টি ব্যালন ডি’অর, ৩টি চ্যাম্পিয়নস লিগ—বিশ্বের সেরা খেলোয়াড় হিসেবে তাঁকে একপ্রকার ঘোষণাই করে দেওয়া যেত তখন। রিয়ালের বিখ্যাত থ্রি-পিটের (তিনবার চ্যাম্পিয়নস লিগ জয়) পর রোনালদো ছিলেন ধরাছোঁয়ার বাইরে। এর মধ্যেই ইমেজ রাইটস ও বেতন নিয়ে কিছুটা মনোমালিন্য হয় রোনালদো ও রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের। শেষ পর্যন্ত বনিবনা না হওয়ায় তাঁকে যেতে দেন পেরেজ। জুভেন্টাস এগিয়ে আসে সঙ্গে সঙ্গেই, ১২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে পর্তুগিজ তারকাকে দলে ভেড়ায় ইতালিয়ান ক্লাবটি।

রোনালদোর দলবদল নিশ্চিত হয়েছিল ২০১৮ বিশ্বকাপের মধ্যে। একদিকে রাশিয়া বিশ্বকাপের সেমিফাইনালের প্রস্তুতি চলছে, অন্যদিকে জুভেন্টাস থেকে ঘটা করে ঘোষণা এল রোনালদো আসছেন ইতালিতে। তখন রোনালদোকে বিদায় দেওয়ার জন্য একটা আয়োজন করতে চেয়েছিল রিয়াল, কিন্তু সময় মেলাতে না পারায় সেটাও হয়নি আর। ফলে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে রোনালদো রিয়াল ছাড়েন চুপিসারেই।

আরও পড়ুন

দলবদলের শেষ দিনে ইউনাইটেডে প্রত্যাবর্তন

একমাত্র জুভেন্টাস থেকেই দ্বন্দ্ব ছাড়া বিদায় নিয়েছেন রোনালদো।
ছবি: এক্স

রোনালদোর প্রিমিয়ার লিগ প্রত্যাবর্তন ছিল যেন একেবারে রূপকথার মতো। ২০২১ সালের একেবারে শেষ দিকে গুঞ্জন ওঠে, রোনালদো দল ছাড়তে চাইছেন। প্রিমিয়ার লিগে ফিরবেন, সেটাও আবার ম্যানচেস্টার সিটির হয়ে। বাজারে কথা রটে গেছে, দুই পক্ষ নাকি কথাও শুরু করে দিয়েছে। এমন সময় ফোন দিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। বললেন ইউনাইটেডে ফিরতে। রোনালদোও বিনাবাক্যব্যয়ে মেনে নিলেন গুরুর কথা। ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোনালদো যোগ দিলেন ইউনাইটেডে। এ যেন খোকাবাবুর প্রত্যাবর্তন। দলবদলের শেষ দিনে দল ছাড়া আর মৌসুম শুরু হয়ে যাওয়ায় জুভেন্টাস থেকেও মেলেনি কোনো বিদায়ী সংবর্ধনা।

সমালোচনা করে বরখাস্ত

পিয়ার্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারও কাল হয়েছিল রোনালদো।
ছবি: এক্স

প্রত্যাবর্তন যতটা মধুর ছিল, ইউনাইটেড থেকে রোনালদোর বিদায়টা ছিল একেবারেই তার উল্টো। ২০২২ বিশ্বকাপের ঠিক আগে আগে রোনালদো এক জ্বালাময়ী সাক্ষাৎকার দিলেন সাংবাদিক পিয়ার্স মরগানকে। সেখানে ইউনাইটেডের কোচ, মালিক, দলের অবস্থা থেকে শুরু করে ফ্যাসিলিটিজ সবকিছু নিয়েই কড়া ভাষায় সমালোচনা করেন রোনালদো। খেলোয়াড় যত বড়ই হোক না কেন, দলের থেকে তো আর বড় নন। রোনালদোকে তৎক্ষণাৎ বরখাস্ত করে ইউনাইটেড। যদিও কাগজে–কলমে বলা হয়েছে দুই পক্ষের সম্মতিতেই হয়েছে, কিন্তু ভেতরের খবরটা সবারই জানা। রোনালদোর বিদায় আড়ম্বর তো দূরে থাক, উল্টো দল থেকে তাড়িয়ে দেওয়া হলো তাঁকে।

কোচের সঙ্গে দ্বন্দ্বে শেষ জাতীয় দলও

কোচ জর্জ জেসুসের সঙ্গে বনিবনা না হওয়ায় জাতীয় দল থেকেও ব্রাত্য রোনালদো।
ছবি: এক্স

ক্লাবে বিদায়বেলায় কিছু না পেলেও জাতীয় দলে যে রাজসিক বিদায় হবে রোনালদোর, সেটা অনুমিতই ছিল সবাই। কিন্তু শেষবেলায় জাতীয় দলও বিমাতাসুলভ আচরণ করল তাঁর সঙ্গে। ভেবেছিলেন ২০২৬ বিশ্বকাপের পরই বিদায় নেবেন, কিন্তু নতুন কোচ জর্জ জেসুসের অনুরোধে থেকে গেলেন আরও কয়েক দিন। সেটাই কাল হলো। কোচের সঙ্গে দ্বন্দ্ব থেকে ছাড়লেন ন্যাশনাল ক্যাম্প, তারপর দল থেকে দূরে গিয়ে অবসর দিলেন সৌদি আরবে নিজের বাসার সোফায় বসে।

রোনালদোর আগমনে যত আতশবাজি ফোটে, সমর্থকদের অশ্রু ছাড়া বিদায়বেলায় মেলে না আর কিছুই। ৪১ বছর বয়সে এসে রোনালদোর ক্যারিয়ারে এখন আর একটা বিদায়ই বাকি আছে। ক্লাব ফুটবল থেকে বিদায় নিয়ে বুটজোড়া তুলে রাখার দিন। সেই দিনটায় নিশ্চয়ই এমন নীরব বিদায় চাইবেন না তিনি।

আরও পড়ুন