পদ্মপাতায় মানুষ ভাসানোর প্রতিযোগিতা

অনেকে হয়তো পদ্ম বা শাপলা বিলে নৌকা নিয়ে ঘুরেছ। কিন্তু বিশাল কোনো পদ্মপাতার ওপর ভাসার অভিজ্ঞতা নিশ্চয়ই কারও নেই। চলতি মাসে বিশ্বজুড়ে আয়োজিত হয়েছে এমনই এক অনন্য প্রতিযোগিতা। যেখানে বিশ্বের সবচেয়ে অতিকায় পদ্মপাতার ওজন নেওয়ার ক্ষমতা মেপে রেকর্ড গড়ার প্রতিযোগিতা করেন একদল উদ্ভিদ উদ্যানের কর্মীরা।

যুক্তরাষ্ট্রের ডেনভার বোটানিক গার্ডেনস প্রতিবছর আন্তর্জাতিক এই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার মূল নিয়মটি খুব সহজ। বিশ্বজুড়ে বাগানের কর্মীরা নিজেদের চাষ করা ‘ভিক্টোরিয়া’ প্রজাতির বিশাল পদ্মপাতার ওপর ভারী জিনিসপত্র রাখেন। এরপর তাঁরা মেপে দেখেন পাতাটি ঠিক কত ওজন সহ্য করতে পারে। আর ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় জমা দিতে হয়। আর সেখান থেকে সবচেয়ে বেশি ওজন যে পাতা নিতে পারে, সেই জিতে নেয় প্রতিযোগিতার মুকুট।

‘ভিক্টোরিয়া’ জাতের পদ্মগুলো এদের অতিকায় আকারের জন্য বিশ্বজুড়ে পরিচিত। দীর্ঘ ১৭৭ বছর ভুল চেনার পর ২০২২ সালে এই পরিবারের ‘ভিক্টোরিয়া বলিভিয়ানা’ নামের একটি নতুন প্রজাতি শনাক্ত হয়। এটা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পদ্ম প্রজাতির মর্যাদা পেয়েছে।

আরও পড়ুন

যুক্তরাজ্যের ‘কিউ গার্ডেনস’ ছিল ২০২৩ সালের বিজয়ী প্রতিষ্ঠান। এবারও তাঁরা অংশ নেন প্রতিযোগিতায়। তাঁরা এবার ২ মিটার লম্বা এটা পাতা বেছে নেন। তাঁরা প্রথমে এর ক্ষমতা মাপতে খাবারের ক্যান বসান বাতার ওপর। তবে এই বছর তাদের উদ্যানতত্ত্ববিদ মার্টিন সিলনেভস পাতার ওপর বিশেষ প্লাস্টিকের একটা তক্তা রাখেন। তক্তা ওজনই ছিল ৪ কেজি। যেন ওজন সব দিকে সমানভাবে পড়ে। এরপর পাতার ওপর এক এক করে ১০০টি টিনের ক্যান দেওয়া হয়। যার ওজন প্রায় ৮১ কেজি। এতেও পাতাতে কোনো পানি ঢোকেনি।

এরপর তাঁরা পাতার ক্ষমতা মাপার জন্য আরেক ধাপ ওপরে যান। সেখানে তাঁদের মধ্যে থেকে একজন এবার নিজে পাতার ওপর বসেন। এতেও পাতার কিছু হয় না, তিনি স্বাভাবিকভাবেই পানিতে ভেসে ছিলেন। পাতাটি প্রায় মোট ১০২ কেজি ওজন নিয়ে ভেসে ছিল।

এরপর পদ্মপাতার সহ্যক্ষমতা মাপতে তাঁর সঙ্গে যোগ দেন আরেক কর্মী। তবে দুজনের ওজন একসঙ্গে বেশি হয়ে যাওয়ায় পাতাটি বাঁকা হয়ে পানি প্রবেশ করতে শুরু করে।

এক বিবৃতিতে উদ্যোক্তা সিলনেভস জানান, ১০০ কেজির বেশি ওজন সহ্য করতে পারে এমন এক পাতার ওপর দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা ছিল সত্যিই অবিশ্বাস্য। প্রকৃতির এই অদ্ভুত ক্ষমতা দেখে তিনি অবাক হয়েছেন। তিনি জানান, কাজ শেষে এই পাতাগুলোকে জৈব সার বানাতে বাগানে পাঠোনো হয়।

আরও পড়ুন

আমেরিকার ‘ফিপস কনজারভেটরি’ নামের একটি উদ্ভিদ উদ্যান এই প্রতিযোগিতায় খুব মজার এক কাণ্ড করে। তারা ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’ গল্পের সাজে সেজে পদ্মপাতার ওপর টেবিল-চেয়ার ও প্রয়োজনীয় জিনিসপত্র সাজায়। মোট ৭৩ কেজি ওজনের ভারসাম্য বজায় রেখে পাতার ওপর বসেই তাঁরা বিকেলের চা খান।

অন্য একটি দল আবার এর চেয়েও একধাপ এগিয়ে। গতবারের বিজয়ী দল ‘বক টাওয়ার গার্ডেনস’ পদ্মপাতার ওপর প্রথমে একটি সোজা কাঠের তক্তা বিছিয়ে দেয়। এরপর তার ওপর জিমের ভারী ওজন চাপাতে শুরু করে। অবাক করার মতো বিষয় হলো, পদ্মপাতাটি ভেঙে না গিয়ে মোট ১২৯ কেজি ওজন ভাসিয়ে রেখে বিশ্বরেকর্ড গড়ে।

এবারের প্রতিযোগিতায় বিশ্বের আটটি ভিন্ন দেশ থেকে প্রায় ৫০টি উদ্ভিদ উদ্যান অংশ নিয়েছে। এখন সবার নজর একটি প্রশ্নে, কোন দেশের পদ্মপাতা ১২৯ কেজির এই বিশাল রেকর্ড ভেঙে নতুন বিজয়ী হওয়ার গৌরব অর্জন করবে। এই মাসের শেষের দিকে বিজয়ী ঘোষণা করা হবে।

সূত্র: আইএফএল সায়েন্স
আরও পড়ুন