বাথরুমে টুথব্রাশ খোলা অবস্থায় রাখা কি স্বাস্থ্যকর
আমরা প্রতিদিন সকালে বাথরুমে থাকা টুথব্রাশ দিয়ে দাঁত মাজি। কিন্তু টয়লেটের পাশে টুথব্রাশ রাখার কথা ভাবলে অনেকেরই খারাপ লাগতে পারে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয়ের এক গবেষক একটি পরীক্ষা করেন। তিনি বাথরুমে রাখা টুথব্রাশগুলোতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার অস্তিত্ব পান। তখন এ খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকে বেশ ভয় পেয়ে যান।
কিন্তু এই ব্যাকটেরিয়া কি আমাদের সত্যি কোনো ক্ষতি করে? আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন জানায়, টুথব্রাশের এই সামান্য ব্যাকটেরিয়ার কারণে মানুষ অসুস্থ হয়েছে, এমন কোনো প্রমাণ মেলেনি। অর্থাৎ বিষয়টি শুনে যতটা ভয় পেয়েছিল সবাই, সত্যিটা তত মারাত্মক নয়। কিন্তু বাথরুমে টুথব্রাশ খোলা অবস্থায় ফেলে রাখাটা কি স্বাস্থ্যকর?
ফ্লাশ করলে টয়লেট থেকে যেভাবে জীবাণু ছড়ায়
ফ্লাশ করার সময় টয়লেট থেকে পানির সূক্ষ্ম কণা বা ‘অ্যারোসল’ বাতাসের সঙ্গে ওপরের দিকে ছড়িয়ে পড়ে। একে বলা হয় টয়লেটের প্লুম।
২০২২ সালে যুক্তরাষ্ট্রের কলোরাডো বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা লেজার লাইট ব্যবহার করে এর একটি পরীক্ষা করেন। সেখানে দেখা যায়, ফ্লাশ করার সঙ্গে সঙ্গে পানির অদৃশ্য কণাগুলো প্রায় ৪ দশমিক ৯ ফুট (১ দশমিক ৫ মিটার) উঁচু পর্যন্ত বাতাসে ভেসে ওঠে। টুথব্রাশ টয়লেটের খুব কাছে রাখা থাকলে এই কণাগুলো টুথব্রাশে গিয়ে পড়তে পারে।
জীবাণু আটকানোর উপায় কী
অনেকে ভাবে, ফ্লাশ করার আগে টয়লেটের ঢাকনা বন্ধ করে দিলেই বুঝি জীবাণু ছড়ানো বন্ধ হয়ে যাবে। কিন্তু ২০২৪ সালের একটি গবেষণায় দেখা গেছে, ঢাকনা খোলা থাকুক বা বন্ধ, জীবাণু ছড়ানোর পরিমাণ প্রায় একই থাকে। তাই ঢাকনা বন্ধ করার চেয়ে অ্যান্টিমাইক্রোবিয়াল ক্লিনার ও ব্রাশ দিয়ে নিয়মিত টয়লেট পরিষ্কার রাখাই বেশি কার্যকর।
আবার টুথব্রাশ ঢেকে রাখাও কোনো সমাধান নয়। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের মতে, টুথব্রাশ কোনো বন্ধ পাত্রে ঢেকে রাখলে এটি ভেজা থাকে। আর স্যাঁতসেঁতে ভেজা জায়গায় ব্যাকটেরিয়া আরও দ্রুত বংশবৃদ্ধি করে। তাই টুথব্রাশ সব সময় খোলা বাতাসে শুকানোর সুযোগ দেওয়া উচিত।
টুথব্রাশের জীবাণু নিয়ে কি সত্যিই চিন্তার কিছু আছে
শুনতে যতই খারাপ লাগুক না কেন, আসল সত্যি হলো, এটা নিয়ে একদম ভয় পাওয়ার কিছু নেই। কোনো গবেষণাতেই টুথব্রাশের ব্যাকটেরিয়া থেকে বড় কোনো অসুখ হওয়ার প্রমাণ মেলেনি। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়েছে, টুথব্রাশে ব্যাকটেরিয়া থাকলেও তা স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না। তবে কেউ চাইলে মাউথওয়াশ দিয়ে টুথব্রাশ পরিষ্কার করে নিতে পারে। যদিও তার কোনো বিশেষ প্রয়োজন নেই।
২০২১ সালের একটি গবেষণায় দেখা গেছে, টুথব্রাশ কোথায় রাখা হচ্ছে, টয়লেটের ঢাকনা বন্ধ আছে কি না, এসবের ওপর টুথব্রাশের জীবাণুর ধরন নির্ভর করে না।
গবেষক এরিকা হার্টম্যান জানান, টুথব্রাশে থাকা বেশির ভাগ জীবাণুই আসলে মানুষের মুখ ও ত্বক থেকে আসে, টয়লেট থেকে নয়। টয়লেটের অন্ত্র থেকে আসা জীবাণুর পরিমাণ সেখানে খুবই সামান্য।
তাই বাথরুমের টুথব্রাশ নিয়ে অযথা দুশ্চিন্তা করার দরকার নেই। টুথব্রাশে ব্যাকটেরিয়া থাকা স্বাভাবিক, যার বড় অংশই নিজের মুখের। শুধু নিয়ম করে দিনে দুবার দাঁত মাজার মাঝের সময়ে টুথব্রাশটি খোলা বাতাসে ভালোভাবে শুকিয়ে রাখতে হবে।