ফটোফিচার
মিল্কিওয়ে ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৬
রাতের আকাশ অসম্ভব সুন্দর। রাতের আকাশের অসাধারণ ছবির পেছনে থাকে ফটোগ্রাফারদের কারিকুরি। তাঁদের দৃষ্টিভঙ্গি, পরিকল্পনা এবং সৃজনশীলতা ছবিটিকে জীবন্ত করে তোলে।
ভ্রমণ ফটোগ্রাফি সাইট ‘মিল্কিওয়ে ফটোগ্রাফার অব দ্য ইয়ার ২০২৬’-এর ছবি প্রকাশ করেছে। এবারের উৎসবে ৬ হাজার ৫০০-এর বেশি ফটোগ্রাফার অংশ নিয়েছেন। সেখান থেকে এ বছর ২৫টি ছবিকে এই সম্মান জানানো হয়েছে। এ প্রতিযোগিতার বিশ্বজুড়ে ফটোগ্রাফারদের তোলা মিল্কিওয়ের অসাধারণ কিছু ছবি কিশোর আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো।
১. লেজার রশ্মি
চিলির আতাকামা মরুভূমি থেকে আলোকচিত্রী জুলিয়েন লুটেন এই অসাধারণ ছবিটি তুলেছেন। ছবির সামনের দিকে দেখা যাচ্ছে ইউরোপীয় সাউদার্ন অবজারভেটরির টেলিস্কোপ। এলাকাটি অত্যন্ত শুষ্ক ও এখানে আলোকদূষণ নেই বললেই চলে। টেলিস্কোপ থেকে লেজার নিক্ষেপ করে আকাশ পর্যবেক্ষণ করা হচ্ছে।
২. অগ্নিগোলক
আলোকচিত্রী জেসন রাইসের তোলা এই বিস্ময়কর ছবিটি ফ্লোরিডার একটি সমুদ্রসৈকত থেকে তোলা হয়েছে। আকাশগঙ্গা ছায়াপথের মধ্য দিয়ে ধীরগতিতে চলে যাওয়া বিশাল এক উল্কা ধরা পড়ে তাঁর ক্যামেরায়। প্রায় ৫ সেকেন্ড ধরে চলা এই অগ্নিগোলকটি যাওয়ার পর এর উজ্জ্বল রেখাটি আকাশে আরও ১৫ মিনিট ছিল।
৩. গ্যালাকটিক গ্যান্ডালফ
আলোকচিত্রী ইভান ম্যাককে ছবিটি তুলেছেন একটি নির্জন সমুদ্রতীরের পাথুরে সৈকতে। গত বছর নভেম্বর মাসের হাড়কাঁপানো ঠান্ডায় কয়েক সপ্তাহ ধরে বারবার সেখানে গিয়ে এই প্যানোরামা ছবিটি তৈরি করেন তিনি।
৪. লুপিন ফুলের গালিচা
নিউজিল্যান্ডের বসন্তকালে মাঠজুড়ে বুনো লুপিন ফুলে ভরে ওঠে। আলোকচিত্রী অ্যালভিন উ নভেম্বর মাসে এমন একটি চমৎকার সময়েরই ছবি তুলেছেন। নিউজিল্যান্ডের একটি লুপিন ফুলের খেতের ওপর দিয়ে যখন ছায়াপথ দেখা হচ্ছিল, তখনই তিনি ক্যামেরায় বন্দী করেন এই মহাজাগতিক দৃশ্য।
৫. আগুনের ফুলকি
আকাশ থেকে যেন পড়ছে আগুনের ফুলকি। আলোকচিত্রী জশ ডুরি ইংল্যান্ডের ডার্ডল ডোর এলাকার বিখ্যাত চুনাপাথরের পাথারের ওপর দিয়ে পার্সেইড উল্কাবৃষ্টি এক অসাধারণ দৃশ্য ক্যামেরাবন্দী করেন। ছবির সামনের দিকে সমুদ্রতীরের মাঝে একটি ছোট্ট জোনাকি পোকাকেও জ্বলতে দেখা যাচ্ছে।
৬. মহাজাগতিক আতশবাজি
আলোকচিত্রী উরোশ ফিংক স্পেনের লা পালমা দ্বীপে গিয়ে দেখতে পান এই অসাধারণ দৃশ্য। সেখানে বিশ্বের অন্যতম বৃহৎ টেলিস্কোপ গ্রান টেলিস্কোপিও কানারিয়াসের ওপর দিয়ে যখন জেমিনিড উল্কাবৃষ্টি ঝরে পড়ছিল, তখনই তিনি এই প্যানোরামা ছবিটি তুলেছেন।
৭. মরুভূমির বাওবাবগাছ আর তারার মেলা
আফ্রিকার দেশ বতসোয়ানার এক জনমানবহীন মরুভূমিতে টানা ১০ দিন কাটিয়েছেন আলোকচিত্রী স্তেফানো পেলেগ্রিনি। তাঁর লক্ষ্য ছিল রাতের আকাশের মায়াবী রূপ ক্যামেরাবন্দী করা। সেটিই করেছেন তিনি।
৮. পাহাড়ের চূড়ায় ছায়াপথ
নিউজিল্যান্ডের সর্বোচ্চ পাহাড় আওরাকি, যা মাউন্ট কুক নামে বেশি পরিচিত। এই পাহাড়ের ঠিক ওপর দিয়ে যখন আকাশগঙ্গা ছায়াপথটি একটি ধনুকের মতো বেঁকে যায়, তখন সেটি দেখতে কেমন লাগে? আলোকচিত্রী ওয়েন স্কালিয়ন ঠিক এই দৃশ্যটিই ক্যামেরাবন্দী করার কঠিন চ্যালেঞ্জ নিয়েছিলেন।
৯. লুকানো গুহার মুখে উদীয়মান ছায়াপথ
তুমি কি জানো, কখনো কখনো আমাদের খুব কাছের কোনো জিনিস খুঁজে পেতেও কেন অনেক সময় লেগে যায়? আলোকচিত্রী আনাস্তাসিয়া গুলোভা এই অসাধারণ ছবিটি তোলার জন্য ঠিক এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। গুহাটি পার্কিং এলাকা থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্বে থাকলেও সেটি খুঁজে বের করতে তাঁর সময় লেগেছিল প্রায় চার ঘণ্টা।
১০. রংধনু
মেক্সিকোর দুর্গম পাহাড়ি পথটি একসময় গবাদিপশুপালকদের প্রধান যাতায়াতের রাস্তা ছিল? আলোকচিত্রী ইগনাসিও পেলায়েজ ও তাঁর দল প্রায় ৮০০ মিটার উঁচু খাড়া পাহাড় বেয়ে ওপরে উঠেছেন শুধু একটি নিখুঁত ছবির আশায়। প্রায় ৮০ বছর ধরে পরিত্যক্ত পথে গিয়ে ছবিটি তোলা হয়।