হোভারফ্লাই অন্যদের উপকার করে কীভাবে

হোভারফ্লাই

দেখতে ছোট, গায়ে হলুদ-কালো দাগ। দূর থেকে দেখলে মৌমাছি বা বোলতা ভেবে ভুল করতে পারো। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই পোকা কামড়ায় না, হুলও ফোঁটায় না। এর নাম হোভারফ্লাই। অনেক সময় শূন্যে ভেসে থাকতে পারে বলেই এমন নাম।

বিজ্ঞানীরা সম্প্রতি দেখেছেন, এই ছোট্ট পোকাটাই হতে পারে আমাদের উপকারী বন্ধু। কীভাবে? গাছপালা বেঁচে থাকতে হলে পরাগায়ন দরকার। এক গাছ থেকে আরেক গাছে পরাগ না হলে ফল হয় না। হোভারফ্লাই কাজটা দারুণভাবে করে। হিসাব করে দেখা গেছে, পৃথিবীর প্রায় চার ভাগের তিন ভাগ খাদ্যগাছের পরাগায়নে এই পোকা সাহায্য করে। খাদ্যগাছ মানে যে গাছ থেকে আমরা ফল বা খাবার পাই। মজার বিষয় হলো, মৌমাছির মতো বৃষ্টি দেখে এরা ভয় পায় না। এমনকি হাজার হাজার মাইল উড়েও যেতে পারে।

আরও পড়ুন

হোভারফ্লাইয়ের আরেকটা গোপন প্রতিভা আছে। বাচ্চা অবস্থায় এরা এফিড নামে ক্ষতিকর পোকা খায়। এই পোকা ফসল নষ্ট করে। অর্থাৎ ছোটবেলায় ফসলের উপকার করে, আবার বড় হয়ে সাহায্য করে ফল ফলাতে।

ইংল্যান্ডের ম্যান্ডেলা ফার্নান্দেজ-গ্র্যান্ডন নামের এক গবেষক এই হোভারফ্লাইকে ট্রেনিং দিচ্ছেন। ফুলের গন্ধ শুঁকিয়ে তিনি মিষ্টি খাবার দেন। কিছুক্ষণ পর গন্ধ পেলেই হোভারফ্লাই বুঝে যায়, এখন কাজের সময় হয়েছে! একটি পোকাকে প্রশিক্ষণ দিতে লাগে মাত্র ১৫ মিনিট।

ব্যবসায়ীরাও আগ্রহী। স্পেনের এক কোম্পানি বছরে কোটি কোটি হোভারফ্লাই চাষ করে খামারে পাঠাচ্ছে।

আরও পড়ুন