ঢাকায় বড়শিতে মাছ ধরা যাবে কোথায়? খরচ কেমন?
‘ধরি মাছ না ছুঁই পানি’ প্রবাদটির আক্ষরিক রূপ যেন বড়শিতে মাছ ধরা। রাজধানী ঢাকার বুকেই এমন কিছু জায়গা আছে, যেখানে ছুটির দিনে ছিপ-বড়শি হাতে পানির দিকে চেয়ে কাটিয়ে দেওয়া যায় পুরো একটি দিন। পানির নিচের মাছের হালকা টান, আর ছিপের সুতায় উঠে আসা বড় কোনো রুই বা কাতলা মাছ—শৌখিন মৎস্যশিকারিদের কাছে এর চেয়ে আনন্দের মুহূর্ত আর কী হতে পারে!
গ্রামবাংলার চিরচেনা এই শখ এখন রাজধানীতেও বেশ জনপ্রিয়। ঢাকা ও এর আশপাশের বেশ কিছু লেক ও বাণিজ্যিক পুকুরে নির্ধারিত মূল্যের টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরার সুযোগ রয়েছে। তবে জেনে রাখা জরুরি, ঢাকার লেকগুলোয় সাধারণত সারা বছর টিকিটের ব্যবস্থা খোলা থাকে না। ইজারাদার বা কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী নির্দিষ্ট দিনে বা সাপ্তাহিক ছুটির দিনে (বিশেষ করে শুক্রবার ও শনিবার) এই মাছ ধরার আসর বসে।
চলো জেনে নিই ঢাকা ও ঢাকার আশপাশে কোথায় টিকিট কেটে বড়শি দিয়ে মাছ ধরা যায়। জানাব টিকিটের দাম, সময়সীমা ও নিয়মকানুন সম্পর্কেও।
ধানমন্ডি লেক: মৎস্যশিকারিদের প্রথম পছন্দ
ঢাকায় শৌখিন মৎস্যশিকারিদের সবচেয়ে প্রিয় ও পরিচিত গন্তব্য ধানমন্ডি লেক। ধানমন্ডি আবাসিক এলাকার ২ নম্বর থেকে ২৭ নম্বর সড়ক পর্যন্ত বিস্তৃত এই লেকের রবীন্দ্রসরোবর, ডিঙি এবং বিভিন্ন ব্রিজের নিকটবর্তী নির্ধারিত ঘাটগুলোতে মাচা বা সিট বুকিং দিয়ে মাছ ধরার ব্যবস্থা থাকে।
টিকেটের দাম: আসন, মাছের ওজন ও আয়োজনভেদে প্রতি সিটের টিকিট সাধারণত ৩ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে।
সময়সীমা ও ছিপের সংখ্যা: সাধারণত প্রতি শুক্রবার ও শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রায় ১২ ঘণ্টা মাছ ধরার সুযোগ থাকে। একটি টিকিটের বিপরীতে একজন শিকারি সাধারণত তিন থেকে ছয়টি ছিপ বা বড়শি ফেলতে পারেন।
বুকিং ও যোগাযোগ: সিটসংখ্যা সীমিত হওয়ায় সরাসরি গিয়ে সব সময় টিকিট পাওয়া যায় না। লেকের ইজারাদার বা মৎস্যশিকারিদের ফেসবুক কমিউনিটির (যেমন: বাংলাদেশ অ্যাংলার্স মোমেন্ট) মাধ্যমে আগে থেকেই মাচা বা সিট বুকিং নিশ্চিত করতে হয়।
রমনা পার্ক লেক
শাহবাগ ও কাকরাইল–সংলগ্ন সবুজে ঘেরা রমনা পার্কের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে মাছ ধরার অভিজ্ঞতা সত্যিই অন্য রকম।
টিকিটের দাম: গণপূর্ত অধিদপ্তর বা লেক পরিচালনাকারী কমিটির পক্ষ থেকে বিশেষ দিনগুলোয় টিকিট ছাড়া হয়। টিকিটের দাম সাধারণত ৩ হাজার থেকে ৫ হাজার টাকার মধ্যে হয়ে থাকে।
সময়সীমা ও ছিপের সংখ্যা: সকাল থেকে বিকেল বা সন্ধ্যা পর্যন্ত নির্ধারিত সময়ে একজন শিকারি সর্বোচ্চ চারটি ছিপ ব্যবহার করতে পারেন।
বুকিং ও যোগাযোগ: টিকিটের খোঁজ পেতে সরাসরি রমনা পার্কের লেকপাড়ে ইজারাদারের কার্যালয়ে যোগাযোগ করতে হয়।
উত্তরা লেক
উত্তরাবাসীর জন্য হাতের কাছেই মাছ ধরার দারুণ ব্যবস্থা রয়েছে উত্তরা ৩, ৫, ৭ ও ৯ নম্বর সেক্টরের নিকটবর্তী লেকগুলোয়। এ ছাড়া যাঁরা বড় কোনো টুর্নামেন্ট বা দীর্ঘ সময় ধরে মাছ ধরতে ভালোবাসেন, তাঁদের জন্য উত্তরা ১৭-১৮ নম্বর সেক্টর–সংলগ্ন লেকও বেশ আকর্ষণীয়।
টিকিটের দাম: ৩, ৫, ৭ ও ৯ নম্বর সেক্টরের লেকে তুলনামূলক কম খরচে অর্থাৎ ১ হাজার থেকে ৩ হাজার টাকার টিকিটে মাছ ধরা যায়। তবে ১৭-১৮ নম্বর সেক্টরে বিশেষ টুর্নামেন্ট বা বড় সেশনে টিকিটের মূল্য ৮ হাজার থেকে ১০ হাজার টাকার বেশি হতে পারে।
সময়সীমা ও ছিপের সংখ্যা: সাধারণ সেশনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিন থেকে চারটি ছিপ ফেলা যায়। আর বড় ইভেন্টের ক্ষেত্রে তিন থেকে চারটি ছিপ নিয়ে ২৪ থেকে ৩৬ ঘণ্টা পর্যন্ত মাছ ধরার সুযোগ থাকে।
বুকিং ও যোগাযোগ: উত্তরা কল্যাণ সমিতি বা লেকের নির্ধারিত ঘাটের তত্ত্বাবধায়কদের সঙ্গে কথা বলে মাছ ধরার সময় টিকিট সংগ্রহের সুযোগ মিলবে।
জলপরী ফিশিং জোন ২
ঢাকা বিশ্ববিদ্যালয়–সংলগ্ন সচিবালয় রোডের শিববাড়ি পুকুরে রয়েছে ‘জলপরী ফিশিং জোন ২’। ইভেন্ট ও পুকুরে থাকা মাছের আকারভেদে এর টিকিটের দাম ভিন্ন হয়ে থাকে। প্যাকেজ অনুযায়ী ২ থেকে ৪টি ছিপ নিয়ে দিনব্যাপী বা নির্ধারিত সেশনে এখানে মাছ ধরার সুযোগ মেলে।
কম বাজেটে ঢাকার কাছাকাছি কিছু স্পট (মাতুয়াইল, ডেমরা ও গাজীপুর)
মাতুয়াইল ও ডেমরা: যাত্রাবাড়ী-ডেমরা সড়কের মাতুয়াইল মেডিকেল বা আদর্শ নগর সংলগ্ন পুকুর এবং ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকার পুকুরগুলোয় মাত্র ৫০০ থেকে ১ হাজার টাকার মধ্যেই টিকিট মেলে। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ৫০০ টাকার টিকিটে ১ থেকে ২টি এবং ১ হাজার টাকার টিকিটে ২ থেকে ৩টি ছিপ ফেলা যায়। সরাসরি পুকুরপাড়ে গিয়ে তাৎক্ষণিক টিকিট কেটে বসার সুযোগ থাকলেও ছুটির দিনে একটু আগেভাগে যাওয়াই ভালো।
মেঘডুবি জোড়পুকুর, গাজীপুর: এখানে ১ হাজার থেকে ৬ হাজার ৫০০ টাকার টিকিটে দুটি ছিপ নিয়ে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাছ ধরার ব্যবস্থা রয়েছে।
একনজরে ঢাকার জনপ্রিয় ফিশিং স্পটগুলোর তুলনামূলক চিত্র:
ধানমন্ডি লেক: ৩ হাজার থেকে ৬ হাজার টাকা; ৩-৬টি ছিপ; সকাল ৬টা-সন্ধ্যা ৬টা।
রমনা পার্ক লেক: ৩ হাজার থেকে ৫ হাজার টাকা; সর্বোচ্চ ৪টি ছিপ; সকাল-সন্ধ্যা।
উত্তরা লেক (সেক্টর ৩, ৫, ৭ ও ৯): ১ হাজার থেকে ৩ হাজার টাকা; ৩-৪টি ছিপ; সকাল-সন্ধ্যা।
উত্তরা লেক (বড় ইভেন্ট/সেক্টর ১৭-১৮): ৮ হাজার থেকে ১০ হাজার বা তার বেশি টাকা; ৩-৪টি ছিপ; ২৪-৩৬ ঘণ্টা।
মাতুয়াইল ও ডেমরা এলাকার পুকুর: ৫০০ থেকে ১ হাজার টাকা; ১-৩টি ছিপ; সকাল ৭টা-বিকেল ৫টা।
মাছ ধরতে যাওয়ার আগে জরুরি কিছু পরামর্শ
সর্বশেষ তথ্য যাচাই: সরকারি ও পাবলিক লেকগুলোতে পোনা ছাড়া, লেক সংস্কার, পানিদূষণ বা বৃষ্টির মৌসুমের কারণে বছরের সব সময় মাছ ধরার সুযোগ থাকে না। তাই মাছ ধরতে যাওয়ার আগে সংশ্লিষ্ট লেকে ওই সপ্তাহে টিকিট ছাড়া হয়েছে কি না, তা নিশ্চিত হয়ে নেওয়া জরুরি।
ফেসবুক গ্রুপে নজর রাখা: ঢাকার কোথায় কবে টিকিট ছাড়া হচ্ছে, তার নিয়মিত ও হালনাগাদ তথ্য পেতে ফেসবুকে ‘বাংলাদেশ অ্যাংলার্স মোমেন্ট’, ‘বাংলাদেশ শৌখিন মৎস্যশিকারি’ বা ‘বাংলাদেশ ফিশিং ফোরাম’-এর মতো ফেসবুক গ্রুপ ও পেজগুলোয় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
সরঞ্জাম ও ছিপের সংখ্যা: নির্ধারিত সংখ্যার বেশি বড়শি ফেললে জরিমানা বা টিকিট বাতিল হতে পারে। ছিপ ও টোপ শিকারিকেই সঙ্গে করে নিয়ে যেতে হয়।
মাছের ধরন ও ওজনের শর্ত: লেকে সাধারণত রুই, কাতলা, মৃগেল, কার্প, তেলাপিয়া ও পাঙাশজাতীয় মাছ পাওয়া যায়। তবে প্রতিটি লেকেরই নিজস্ব কিছু নিয়ম থাকে। যেমন, নির্দিষ্ট ওজনের (৫০০ গ্রাম বা ১ কেজির কম) ছোট মাছ ধরা পড়লে তা আবার পানিতে ছেড়ে দেওয়ার শর্ত থাকে। টিকিট কাটার সময় নিয়মগুলো ভালোভাবে জেনে নিলে কোনো ঝামেলা ছাড়াই উপভোগ করা যাবে ছুটির দিনের মাছ ধরার এই নির্মল আনন্দ।