মানুষের রাগ, ভয় আর কষ্ট বুঝতে পারে কুকুর, নতুন গবেষণা

অপরাহ উইনফ্রের কুকুর পাঁচটি—স্যাডি, সানি, লায়লা, লুক ও লরেনছবি: অপরাহ ডটকম

কুকুরের সঙ্গে কিছুদিন কাটালেই বোঝা যায়, মানুষের মন বোঝার একটা দারুণ ক্ষমতা ওদের আছে। কষ্টে থাকলে ওরা পাশে এসে সান্ত্বনা দিতে চায়। আবার মন ভালো থাকলে ওরাও আনন্দে লেজ নেড়ে খেলা করতে চায়। এমন অনেক ঘটনা জানা থাকলেও, কুকুর মানুষের আবেগ কতটা বোঝে, তার বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু এত দিন খুব একটা ছিল না। কারণ, কুকুরের মনের ভেতরে আসলে কী চলছে, তা তো আর ওদের ডেকে জিজ্ঞাসা করা যায় না।

তবে বিজ্ঞানীরা এখন কুকুর ও মানুষের এই সম্পর্ক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছেন। বেশ কিছু গবেষণায় দেখা গেছে, কুকুররা মানুষের মুখের অনুভূতি বুঝতে পারে এবং আমাদের মেজাজ দেখে প্রতিক্রিয়া দেখায়। সম্প্রতি ‘আইসায়েন্স’ নামের একটি বিজ্ঞান সাময়িকীতে প্রকাশিত গবেষণায় জানানো হয়েছে, কুকুররা শুধু ভালো বা খারাপ মেজাজই বোঝে না, মানুষের বিভিন্ন অনুভূতির সূক্ষ্ম পার্থক্যও আলাদা করতে পারে।

মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটির বিজ্ঞানী লরা ভেরোনিকা। তিনি জানান, আগের গবেষণাগুলোয় মূলত মানুষের হাসিমুখ আর রাগী মুখের ছবির সামনে কুকুর কীভাবে সাড়া দেয়, কেবল সেটাই দেখা হয়েছিল।

আরও পড়ুন

এই নতুন গবেষণার কারণে কুকুর মানুষের মনের ভাব কতটা গভীর থেকে বুঝতে পারে, তা জানার সুযোগ তৈরি হয়েছে। আগে শুধু হাসিমুখ আর রাগী মুখ দেখে কুকুরের মস্তিষ্কে কী প্রভাব পড়ে, বিজ্ঞানীরা তা দেখতেন। তবে এবার গবেষকেরা জানার চেষ্টা করেছেন, বিভিন্ন খারাপ মেজাজ বা কষ্টের সূক্ষ্ম তফাতগুলোও কুকুরের মস্তিষ্ক আলাদাভাবে ধরতে পারে কি না।

পরীক্ষাটি করার জন্য বিজ্ঞানীরা আটটি পোষা কুকুরকে এফএমআরআই (fMRI) মেশিনে রেখে পর্যবেক্ষণ করেন। এফএমআরআই হলো এমন একটি আধুনিক প্রযুক্তি, যার মাধ্যমে মস্তিষ্কের ভেতরের বিভিন্ন অংশের রক্তপ্রবাহ ও কার্যকারিতা পর্যবেক্ষণ করা যায়। অবাক করার বিষয় হলো, পরীক্ষা চলাকালে কুকুরগুলো খুব শান্ত আর বাধ্য ছিল।

বিজ্ঞানী কুয়ায়া-রেতানা জানান, অনেক দিনের বিশেষ অনুশীলনের ফলেই কুকুরগুলো কোনো বাঁধন ছাড়াই স্ক্যানারের ভেতরে চুপচাপ শুয়ে থাকতে পেরেছিল। কুকুর আর তাদের মালিকদের পূর্ণ সহায়তার কারণেই এই কঠিন কাজটি সফল হয়েছে।

মেশিনের ভেতরে থাকার সময় কুকুরগুলোকে একই মানুষের চার ধরনের অনুভূতির ছবি দেখানো হয়। তিনটি খারাপ অনুভূতি ভয়, রাগ ও দুঃখ এবং একটি ভালো অনুভূতি আনন্দ। এরপর প্রতিটি ছবি দেখার সময় কুকুরের মস্তিষ্কে কী ধরনের পরিবর্তন হচ্ছে, তা বিজ্ঞানীরা সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখেন।

আরও পড়ুন

গবেষকেরা দেখেছেন, রাগ, ভয় ও দুঃখের মতো অনুভূতিগুলো কুকুরের মস্তিষ্কের ভিন্ন ভিন্ন অংশকে জাগিয়ে তোলে। মজার ব্যাপার হলো, কুকুরেরা ভয়ের সঙ্গে রাগ কিংবা ভয়ের সঙ্গে দুঃখের তফাত বুঝতে পারলেও, রাগ আর দুঃখের ভেতরের সূক্ষ্ম পার্থক্য ধরতে পারে না।

বিজ্ঞানী কুয়ায়া-রেতানা জানান, এটিই প্রথম প্রমাণ, যা থেকে বোঝা যায় কুকুর শুধু সাধারণ ভালো বা খারাপ মেজাজই বোঝে না, মানুষের মুখের নানা ধরনের অনুভূতির তফাতও আলাদা করতে পারে।

বর্তমানে অনেক জাতের কুকুর মানুষের সঙ্গে বাস করে
ছবি: ড্যান পেট কেয়ার

পরিচিত মানুষের মুখ হলে আবেগ বোঝা সহজ হয়, তাই এই পরীক্ষায় কুকুরদের সম্পূর্ণ অপরিচিত মানুষের ছবি দেখানো হয়েছিল। বিজ্ঞানীরা দেখতে চেয়েছিলেন, অচেনা মানুষের শুধু মুখের ভাব দেখেও ওরা আবেগ চিনতে পারে কি না।

সাধারণত কুকুর শুধু মুখ দেখে নয়। কথা বলার সুর, শরীরের নড়াচড়া আর গায়ের গন্ধ থেকেও মানুষের মেজাজ বোঝে। কিন্তু ছবিতে কোনো আওয়াজ বা গন্ধ না থাকা সত্ত্বেও, অচেনা মানুষের কেবল একটি স্থির ছবি দেখে কুকুরেরা হাসিমুখ চিনেছে এবং খারাপ মেজাজগুলোর আলাদা প্রতিক্রিয়া দেখিয়েছে। গবেষকেরা জানিয়েছেন, এটি সত্যিই চমৎকার একটি আবিষ্কার।

এ থেকে বোঝা যায়, পোষা কুকুরটি মুখ দেখে সত্যি সত্যিই ধরতে পারে, মানুষটি হাসছে, তার মানে সে আনন্দে আছে। তবে গবেষকেরা বলেছেন, কুকুরের চিন্তা করা বা অনুভব করা ঠিক একইভাবে কাজ করে কি না, তা কিন্তু এই গবেষণা থেকে নিশ্চিত হওয়া যায়নি। তাই ভবিষ্যতে কেবল ছবির ওপর নির্ভর না করে, মানুষের গায়ের গন্ধ ও গলার আওয়াজ যুক্ত করে আরও নতুন গবেষণা করা হবে।

সূত্র: পপুলার সায়েন্স
আরও পড়ুন