বাড়ি ছেড়ে কেন ১৫ বছর প্রমোদতরিতে থাকবেন ৭৭ বছর বয়সী এই নারী

শ্যারন লেনে তাঁর এই পরিকল্পনা নিয়ে খুবই আত্মবিশ্বাসীছবি: সিএনএন

ক্যালিফোর্নিয়ার ৭৭ বছর বয়সী শ্যারন লেনের জন্য বয়সটা কেবলই একটি সংখ্যা। গত বছর জুনের মাঝামাঝি তাঁর একটি বড় স্বপ্ন পূরণ হয়। সেদিন তিনি ‘ভিলা ভি ওডিসি’ নামের এক প্রমোদতরিতে চড়েন। শ্যারন লেনে ঠিক করেছেন তিনি আগামী ১৫ বছর এই জাহাজেই থাকবেন। সমুদ্রই হবে এখন তাঁর স্থায়ী ঠিকানা।

শ্যারন উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘যা আমি বছরের পর বছর ধরে করতে চেয়েছি, অবশেষে তা করার সুযোগ পেয়েছি।’ এই দীর্ঘ সময়ে জাহাজটি বিশ্বের এক মহাসাগর থেকে অন্য মহাসাগরে ঘুরে বেড়াবে। শ্যারন লেনের এই যাত্রায় জাপান থেকে নিউজিল্যান্ডের মতো বিশ্বের অসংখ্য চমৎকার দেশ দেখার সুযোগ মিলবে। যাযাবর জীবনই এখন তাঁর কাছে সবচেয়ে বেশি আনন্দ ও শান্তির।

‘ভিলা ভি ওডিসি’ কোনো সাধারণ পর্যটকবাহী জাহাজ না। এটি মূলত একটি আবাসিক জাহাজ। অর্থাৎ এখানে মানুষ শুধু কয়েক দিনের জন্য ঘুরতে আসে না। বরং স্থায়ীভাবে থাকার জন্য ঘর বা কেবিন কিনে নেয়। শ্যারন লেনে আগামী ১৫ বছরের জন্য এই জাহাজের একটি কেবিন কিনেছেন। জাহাজটি প্রায় ৩০ বছরের পুরোনো হলেও সম্প্রতি একে নতুন করে সাজানো হয়েছে।

আরও পড়ুন

শ্যারন লেনে তাঁর এই পরিকল্পনা নিয়ে খুবই আত্মবিশ্বাসী। তিনি বলেন, ‘আমি কেবিনটি কিনে নিয়েছি ও এখন এখানেই থাকব, এই যাত্রার আর কোনো শেষ নেই।’ তবে আবাসিক ক্রুজ জাহাজের এই ধারণাটি পর্যটনশিল্পে এখনো বেশ নতুন ও আধুনিক একটি বিষয়।

ভিলা ভি ওডিসি
ছবি: সিএনএন

‘ভিলা ভি ওডিসি’ জাহাজটি এখন আমেরিকার পশ্চিম উপকূল দিয়ে এগিয়ে চললেও, এর শুরুটা খুব একটা সহজ ছিল না। কয়েক মাস দেরি হওয়ার পর গত বছরের সেপ্টেম্বরের শেষে এটি অবশেষে যাত্রা শুরু করে। শ্যারন লেনের মতো অনেক যাত্রীই আগে অন্য একটি আবাসিক জাহাজে থাকার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেটি বাতিল হয়ে যাওয়ায় তাঁদের বেশ হতাশ হতে হয়েছিল। অবশেষে গত বছরের শেষের দিকে লেন এই জাহাজে নিজের কেবিনটি কিনে নেন।

এই জাহাজে থাকার খরচটি অনেকটা ফ্ল্যাট কেনার মতোই। ভিলা ভি রেসিডেন্সেসের প্রধান মিকায়েল পেটারসন জানান, জাহাজের ভেতরের দিকের একটি কেবিন ১৫ বছরের জন্য কিনতে খরচ পড়ে প্রায় ১ লাখ ২৯ হাজার ডলার। এ ছাড়া প্রতি মাসে একজনের জন্য ৩ হাজার ডলার ফি দিতে হয়। আর যদি বাইরের দিকের বা জানালাওয়ালা কেবিন নিতে চান, তবে দাম শুরু হয় ১ লাখ ৬৯ হাজার ডলার থেকে এবং মাসিক ফি কিছুটা বেড়ে যায়।

আরও পড়ুন

মজার ব্যাপার হলো, এই জাহাজে এখনো কিছু কেবিন খালি আছে, যা কেনা সম্ভব। শ্যারন লেনের মতো যাঁরা বিশ্বভ্রমণ করতে ভালোবাসেন, তাঁদের কাছে বাড়ির রক্ষণাবেক্ষণের চেয়ে জাহাজের জীবনের খরচ ও রোমাঞ্চ অনেক বেশি সাশ্রয়ী ও আরামদায়ক মনে হয়।

বর্তমানে সমুদ্রে বসবাস করার মতো একমাত্র আবাসিক জাহাজ হলো ‘দ্য ওয়ার্ল্ড’। তবে সেখানে একটি কেবিন কিনতে অন্তত ২৫ লাখ ডলার খরচ করতে হয়, যা সাধারণের নাগালের বাইরে। সেই তুলনায় ‘ভিলা ভি ওডিসি’ অনেক বেশি সাশ্রয়ী। যদিও ‘এনজর্ড’ এর মতো আরও কিছু আধুনিক আবাসিক জাহাজ তৈরির পরিকল্পনা চলছে, তবে সেগুলো এখনো সাগরে নামেনি। তাই বারবার আলাদা ছোট ছোট ক্রুজ ট্রিপে যাওয়ার চেয়ে ওডিসিতে স্থায়ীভাবে থাকা অনেকের কাছেই লাভজনক মনে হয়।

ওডিসির মালিকেরা চাইলে তাঁদের কেনা কেবিন অন্যদের কাছে ভাড়াও দিতে পারেন। তবে কোম্পানির প্রধান মিকায়েল পেটারসন জানান, খুব কম মানুষই বিনিয়োগের জন্য এখানে ঘর কিনেছেন। বেশির ভাগ মানুষই নিজেরা স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যেই কেবিনগুলো কিনেছেন। তবে কেউ যদি কোনো কারণে কিছুদিন জাহাজের বাইরে কাটাতে চান, কেবল তখনই তিনি তাঁর কেবিনটি কোনো স্বল্পমেয়াদি পর্যটকের কাছে ভাড়া দেন। মূলত একটি বড় পরিবারের মতো মানুষ এখানে বছরের পর বছর বসবাস করছেন।

আরও পড়ুন

শ্যারন লেনে তাঁর সারা জীবনের জমানো টাকা দিয়ে জাহাজের ভেতরে একটি কেবিন কিনেছেন। আপাতদৃষ্টিতে এটি ব্যয়বহুল মনে হলেও লেনের কাছে এটি বেশ লাভজনক। কারণ, মাসে যে নির্দিষ্ট ফি তিনি দেন, তার মধ্যেই প্রতিদিনের খাবার, পানীয়, এমনকি রাতের খাবার অন্তর্ভুক্ত থাকে। এ ছাড়া ২৪ ঘণ্টা রুম সার্ভিস, ঘর পরিষ্কার ও কাপড় ধোয়ার জন্য কোনো আলাদা টাকা দিতে হয় না।

বর্তমানে সমুদ্রে বসবাস করার মতো একমাত্র আবাসিক জাহাজ হলো ‘দ্য ওয়ার্ল্ড’
ছবি: সিএনএন

লেনের মতে, দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ির খরচ সামলানোর চেয়ে জাহাজে থাকা অনেক বেশি সাশ্রয়ী। কারণ, এখানে তাঁকে বাজার করা বা কাপড় কাচার মতো কষ্টকর কাজগুলো আর নিজেকে করতে হয় না। এ ছাড়া জাহাজে সার্বক্ষণিক একজন চিকিৎসক থাকেন, যাঁর পরামর্শ ফি এর মধ্যেই অন্তর্ভুক্ত।

বিনোদন ও জ্ঞানচর্চার জন্যও এই জাহাজটি এক অনন্য জায়গা। এখানে পেশাদার নৃত্যশিল্পী, পিয়ানোবাদক এবং সংগীত দল রয়েছে। জাহাজের বাসিন্দারা নিজেরাই নিজেদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য নিয়মিত অনুষ্ঠানের আয়োজন করেন। এই বাসিন্দাদের মধ্যে নোবেলজয়ী ব্যক্তিত্ব থেকে শুরু করে মহাকাশচারী এবং বিজ্ঞানীরাও রয়েছেন। ওডিসি জাহাজটি টানা ১৫ বছর বিশ্বজুড়ে ঘুরে বেড়াবে ও প্রতিটি বন্দরে কয়েক দিনের জন্য থামবে।

সূত্র: সিএনএন

আরও পড়ুন