১০০ মিটার দৌড়ে উসাইন বোল্টের রেকর্ড ভাঙল চীনা রোবট

এটি তৈরি করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অনার’দ্য গার্ডিয়ান

দ্রুততম দৌড়ে মানুষের সব রেকর্ড ভেঙে দিল চীনের এক রোবট। ১০০ মিটার দৌড়ে এটি নতুন ইতিহাস গড়েছে। ‘লাইটনিং’ নামের রোবটটি ১০০ মিটার দৌড়েছে মাত্র ৯.৩২ সেকেন্ডে। এটি তৈরি করেছে চীনা স্মার্টফোন নির্মাতা প্রযুক্তিপ্রতিষ্ঠান ‘অনার’। বেইজিংয়ের ন্যাশনাল স্পিড স্কেটিং ওভালে আয়োজিত দ্বিতীয় ‘ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসে’ গত ২২ আগস্ট, শনিবার এই রেকর্ড হয়।

২০০৯ সালে একটি বিশ্ব রেকর্ড গড়েছিলেন জ্যামাইকার জনপ্রিয় দৌড়বিদ ও আটবারের অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী উসাইন বোল্ট। বার্লিন বিশ্ব অ্যাথলেটিকসে তিনি ৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার পথ দৌড়েছিলেন। অর্থাৎ বোল্ট থেকে রোবটটি ০.২৬ সেকেন্ড দ্রুত ফিনিশ লাইনে পৌঁছায়। ১৭ বছর ধরে এই রেকর্ড কেউ ভাঙতে পারেনি। অবশেষে চীনের এই রোবট উসাইন বোল্টের সেই ঐতিহাসিক রেকর্ডটি ভাঙল।

এর আগে ওয়ার্ল্ড হিউম্যানয়েড রোবট গেমসের একটি পরীক্ষামূলক দৌড়ে এটি অংশ নেয়। সেখানে দৌড়ানোর সময় রোবটটির গতি প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১৪.৫ মিটারে পৌঁছেছিল।

চীন বেশ কিছুদিন ধরেই মানুষের মতো দেখতে এই ‘হিউম্যানয়েড’ রোবটশিল্পকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। চীনের গবেষক ও নীতিনির্ধারকদের আশা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও মেকানিক্যাল যন্ত্রাংশের এই অগ্রগতি ভবিষ্যতে কারখানা, পণ্য পরিবহন এবং সাধারণ মানুষের দৈনন্দিন কাজে বড় পরিবর্তন আনবে।

আরও পড়ুন

এই ‘লাইটনিং’ রোবটটি গত এপ্রিলে ২১ কিলোমিটারের বেইজিং হাফ ম্যারাথন মাত্র ৫০ মিনিট ২৬ সেকেন্ডে শেষ করে বিজয়ী হয়েছিল। ওই দৌড়ে রোবটটির গতি মানুষের তৈরি ম্যারাথন রেকর্ডের চেয়েও দ্রুত ছিল।

হাফ ম্যারাথনের সময় রোবটটির উচ্চতা ছিল ১৬৯ সেন্টিমিটার। আর পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। তবে চীনা টিভি চ্যানেল সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, এই রোবট গেমসের আগে গবেষকেরা এর পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১ দশমিক ৫ মিটার করেছেন।

২২ আগস্ট থেকে বেইজিংয়ে শুরু হয়েছে বিশেষ এই রোবট গেমস। এই প্রতিযোগিতায় বেশ কিছু খেলা রাখা হয়েছে। দৌড়ের পাশাপাশি ছিল বক্সিং ও ফুটবলের মতো খেলা। এমনকি কাপড় ভাঁজ করার মতো ঘরের দৈনন্দিন কাজও দেখানো হয় এই আসরে।

রোবট প্রযুক্তিতে চীন যে কত দ্রুত এগিয়ে যাচ্ছে, পুরো বিশ্বের সামনে সেটিই যেন তুলে ধরা হলো এই আয়োজনের মাধ্যমে। পাঁচ দিনব্যাপী এই রোবট অলিম্পিকে বিশ্বজুড়ে ১৬টি দেশের ৬৬৬টি দল অংশ নিয়েছে। ৫১টি আলাদা খেলায় লড়ছে ২ হাজার ৫৬টি রোবট। ১ হাজারের বেশি মানুষের মতো দেখতে রোবট একসঙ্গে মঞ্চে নেমে দেখাল আধুনিক প্রযুক্তি কতটা এগিয়েছে।

আরও পড়ুন

উদ্বোধনী অনুষ্ঠানে রোবটগুলোর প্যারেড করে দেখায়। অনেকগুলো রোবট একসঙ্গে মিলে নানা রকম কসরত ও স্টান্ট দেখায়। গেমসের আগে একটি প্রদর্শনীতে চীনা এক রোবট ‘স্ট্যান্ডিং হাই জাম্প’ বা এক জায়গায় দাঁড়িয়ে উঁচুতে লাফানোর ইভেন্টে ২.৮৮ মিটার লাফিয়ে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। মানুষের মধ্যে এই লাফানোর সর্বোচ্চ রেকর্ড হলো ২.৪৫ মিটার, যাকে এই রোবট সহজেই ছাড়িয়ে যায়।

অনুষ্ঠানে গানবাজনাও ছিল। ৩৬টি রোবট মানুষের মতো পাঁচ আঙুলের হাত দিয়ে পিয়ানো, মারিম্বা ও আরও নানা বাদ্যযন্ত্র বাজিয়ে মানুষ শিল্পীদের সঙ্গে কনসার্ট মাতায়।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

আরও পড়ুন