হলান্ডের ‘শর্ট হেয়ার, ডোন্ট কেয়ার’
নতুন বছর, নতুন আমি। বছরের শুরুতে এমন পোস্ট দেন অনেকেই। নতুন শুরুর সঙ্গে সঙ্গে নিজেকে বদলে ফেলার গল্প লিখতে চান অনেকে। কিন্তু আর্লিং হলান্ড যদি এমন কথা বলেন, তাহলে কীভাবে হয়? সেটাও আবার তাঁর বিখ্যাত এক হাত লম্বা চুল কেটে? ম্যানচেস্টার সিটির নতুন মৌসুম শুরুর দিনে হলান্ড হইচই ফেলে দিয়েছেন এক পোস্টেই।
সময়ের আলোচিত ফুটবলার আর্লিং হলান্ডকে কে না চেনে। গোলমুখে তাঁর চেয়ে ভয়ানক স্ট্রাইকার এখন কমই আছে। বিশ্বকাপে নরওয়েকে টেনে নিয়ে গিয়েছিলেন কোয়ার্টার ফাইনালে। হলান্ড যতটা গোল করে যেমন বিখ্যাত হয়েছেন, তেমনি আলোচিত হয়েছে তাঁর লম্বা চুল। কয়েক বছর ধরে মাঠে হলান্ডের গোল আর চুল দোলানো উদ্যাপন ছিল প্রিমিয়ার লিগের প্রতি সপ্তাহের ঘটনা।
সেই উদ্যাপন থমকে গেল হলান্ডের এক পোস্টে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুট করে একটি ভিডিও পোস্ট করলেন হলান্ড। যেখানে লম্বা চুলের এই তারকা পরিণত হলেন একেবারের ছোট ছোট আর্মি ছাঁট দেওয়া লুকে। এক মুহূর্তে যেন বয়সটা কমে গেল পাঁচ থেকে সাত বছর।
ঘণ্টাখানেক পর ছোট চুলের ছবি দিয়ে পোস্ট করেছেন নিজেই। লিখেছেন, শর্ট হেয়ার, ডোন্ট কেয়ার। নিজ বাসায় চুল কেটেই ক্ষান্ত হননি, সঙ্গে সঙ্গে ফোন করেছেন সাবেক কোচ পেপ গার্দিওলাকে। ছুটি কাটানো গার্দিওলা হতবাক হয়েছেন হলান্ডকে দেখে। ম্যানচেস্টার সিটির নতুন মৌসুমের প্রাক্কালে হলান্ড যেন হাজির হলেন সবচেয়ে বড় চমকটা নিয়ে। ২০০২ বিশ্বকাপে এমন চমক দেখিয়েছেন রোনালদো নাজারিও। অদ্ভুত এক চুলের ছাঁটে চমকে দিয়েছিলেন পুরো বিশ্বকে। হলান্ডও বোধহয় তেমনটাই করতে চাচ্ছেন।
হলান্ডের ছোট চুল অবশ্য নতুন কিছু নয়। বুরুশিয়া ডর্টমুন্ডে থাকাকালেও তাঁর চুল এমন ছোটই ছিল। সেই সময় থেকে লম্বা চুল রাখা শুরু করেছিলেন তিনি। প্রায় ছয় বছর পর ছোট চুলের হলান্ডকে আবারও দেখা যাবে মাঠে।
আজ সন্ধ্যা সাতটায় বোর্নমাউথের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। পেপ গার্দিওলা–পরবর্তী যুগে পা দিচ্ছে সিটি। এক দশক কোচিং করানোর পর সিটির দায়িত্ব ছেড়েছেন গার্দিওলা। তার জায়গায় দায়িত্ব নিয়েছেন চেলসির সাবেক কোচ এনজো মারেসকা। নতুন যুগে, নতুন শুরুর আভাসটা হলান্ড দিলেন নতুন চুলের ছাঁট দিয়েই।