১ মিনিটে ১৫টি ফিশ ফিঙ্গার খাওয়ার রেকর্ড
গিনেস ওয়ার্ল্ড রেকর্ড মানেই শুধু দ্রুত দৌড়, অনেক উঁচু থেকে লাফ বা সবচেয়ে বড় ভবন নয়। পৃথিবীতে এমন সব কাণ্ডও আছে, যেগুলো শুনে তোমার মনে হতে পারে, ‘এটা আবার কেউ রেকর্ড করার চেষ্টা করে?’ উত্তর হলো, হ্যাঁ, করে। তা–ও বেশ সিরিয়াস হয়েই করে!
প্লাঞ্জার দিয়ে বেলুন ফাটানো
জার্মানির আন্দ্রে অর্টলফ ৩০ সেকেন্ডে প্লাঞ্জার দিয়ে ৬০টি বেলুন ফাটিয়ে রেকর্ড করেছেন। প্লাঞ্জার কী জিনিস, জানো তো? টয়লেট পরিষ্কার করার সেই রাবারের হাতলওয়ালা জিনিস। আগের রেকর্ড ছিল ২৩টি। অর্টলফের নিজের ভাষায়, কাজটি ছিল ‘অদ্ভুত এবং মজার’। মানে, কেউ যদি জিজ্ঞাসা করে, ‘আজ কী করেছ?’ উত্তর হবে, ‘৬০টা বেলুন ফাটিয়েছি!’
১ মিনিটে ১৫টি ফিশ ফিঙ্গার খাওয়া
ব্রিটেনের নাথান ডেভিস ১ মিনিটে ১৫টি ফিশ ফিঙ্গার খেয়ে বিশ্ব রেকর্ড করেছেন। রেকর্ড করার পর তাঁর নিজেরই একটু লজ্জা লেগেছে। তিনি বলেছেন, বিশ্ব রেকর্ড হওয়ায় তিনি গর্বিত, তবে ফিশ ফিঙ্গার-সংক্রান্ত রেকর্ড হওয়ায় একটু কম গর্বিত! অবশ্য এখানে একটা প্রশ্ন থেকেই যায়, ১৬ নম্বরটা খেলেন না কেন?
চোখে না দেখে রুবিকস কিউব মেলানো!
রুবিকস কিউব মেলাতে গিয়ে অনেকেরই চোখ কপালে ওঠে। আর টমি চেরি চোখ বন্ধ করেই সেটি মেলান। ২১ বছর বয়সী এই স্পিডকিউবারের চোখে বাঁধা ছিল কাপড়। তারপরও ৩×৩ রুবিকস কিউব মেলাতে তাঁর সময় লেগেছে মাত্র ১১.৫৬ সেকেন্ড। আমরা চোখ খোলা রেখেও ১১ মিনিটে না পারলে তাঁকে দোষ দেওয়া যাবে না।
হাঁটুর মধ্যে বেলুন নিয়ে দৌড়
শিকাগোর স্যাম ফারবার দুই হাঁটুর মধ্যে একটি বেলুন চেপে ধরে প্রায় ১০ মিটার পথ পাড়ি দিয়েছেন মাত্র ৩.৫ সেকেন্ডে। বেলুনটি ফেলে দিলে কিন্তু রেকর্ড হবে না। তাই দৌড়ের সময় তাঁর আসল চিন্তা ছিল বেলুনটাকে নিরাপদে রাখা। দৌড়ের নতুন নিয়ম: পা দ্রুত চলবে, হাঁটু শক্ত করে নিরাপদে বেলুন আটকে রাখবে!
পাঁচটা বেলুন, একজন মানুষ
ডেভিড রাশ একসঙ্গে পাঁচটি বেলুন মাটিতে পড়তে না দিয়ে ১ মিনিট ১৪.৮৯ সেকেন্ড বাতাসে রেখেছেন। শুনতে সহজ মনে হলেও কাজটা মোটেও সহজ নয়। বেলুন তো আর ক্রিকেট বল না যে ইচ্ছেমতো এদিক-ওদিক চলে যাবে না। রাশকে রেকর্ড করতে ১৭ বার চেষ্টা করতে হয়েছে।
তুষারের নিচে মানুষ
পোল্যান্ডের দামিয়ান কাসপ্রজিক পুরো শরীর তুষারের সঙ্গে লাগিয়ে ২ ঘণ্টা ১২ মিনিট ১২ সেকেন্ড ছিলেন। তাতেই হয়েছে গিনেস রেকর্ড। আমরা শীতে কম্বলের নিচে পাঁচ মিনিট থাকতেই ভাবি, ‘জীবনটা খুব কঠিন!’ দামিয়ান সম্ভবত কম্বলের কথা শুনলে হাসবেন।
সবচেয়ে সরু গাড়ি
ইতালির আন্দ্রেয়া মারাজ্জি একটি ফিয়াট পান্ডা গাড়ি এমনভাবে মডিফাই করেছেন যে গাড়িটির প্রস্থ মাত্র ১৯.৭৬ ইঞ্চি হয়ে গেছে। গাড়িটি চালানো যায়। তবে রাস্তায় বের হওয়ার আগে একটা প্রশ্ন থেকেই যায়। পাশ দিয়ে রিকশা গেলে রিকশাচালক কি আগে গাড়িটা দেখতে পাবেন, না গাড়িটার আয়নাটা দেখবেন?
সবচেয়ে বড় হেয়ার ড্রায়ার
ব্রিটিশ প্রকৌশলী রুথ আমোস বানিয়েছেন বিশ্বের সবচেয়ে বড় হেয়ার ড্রায়ার। এর দৈর্ঘ্য ৫ ফুট ৯ ইঞ্চি, উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। চুল শুকাতে এটা ব্যবহার করলে চুল শুকাবে কি না, জানি না, তবে পাশের বাড়ির পর্দা উড়ে যাওয়ার সম্ভাবনা আছে!
সবচেয়ে বয়স্ক স্থলজ প্রাণী
গিনেস রেকর্ডের তারকা শুধু মানুষ নয়। জোনাথন নামের একটি কচ্ছপের বয়স এখন ১৯৪ বছর। তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত স্থলজ প্রাণী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। জোনাথন যখন জন্মেছিল, তখন পৃথিবীর অনেক কিছুই আজকের মতো ছিল না। এত বছর পরও সে খায়, রোদ পোহায়, ঘোরাফেরা করে। রেকর্ড করার জন্য অবশ্য তাকে প্লাঞ্জার দিয়ে বেলুন ফাটাতে হয়নি।