স্কচটেপ খোলার সময় এত অদ্ভুত শব্দ হয় কেন

শব্দটা শুনলে মাঝেমধ্যে মনে হয়, টেপটা বুঝি চিৎকার করছে!

আমাদের জীবনে এমন অনেক জিনিস আছে, যা নিয়ে আমরা কখনো মাথা ঘামাই না। যেমন ধরো, পানি কেন জিনিসপত্র ভিজিয়ে দেয়? কিংবা স্কচটেপ বা কসটেপ খোলার সময় ও রকম অদ্ভুত ঘ্যাঁচ করে তীক্ষ্ণ একটা শব্দ হয় কেন? শব্দটা শুনলে মাঝেমধ্যে মনে হয়, টেপটা বুঝি চিৎকার করছে!

তুমি হয়তো ভাবছ, টেপ খুললে শব্দ হবে, এটা নিয়ে আবার ভাবার কী আছে? কিন্তু পদার্থবিজ্ঞানীরা না ভেবে পারেননি। চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিজ্ঞানী এর চিয়াং লি ও তাঁর দল ঠিক করলেন, টেপের এই শব্দের আসল রহস্য তাঁরা বের করবেন। তাঁরা সাধারণ একটি স্কচটেপ কাচের ওপর থেকে খোলার সময় কী ঘটে, তা দেখার জন্য আল্ট্রা-হাই-স্পিড ক্যামেরা ও খুব সূক্ষ্ম মাইক্রোফোন ব্যবহার করলেন। ফলাফল যা বের হলো, তা শুনলে তোমার চোখ কপালে উঠবে!

বিজ্ঞানীরা দেখলেন, টেপ খোলার সময় তা মসৃণভাবে খোলে না। আমরা হয়তো তা খেয়াল করি না, কিন্তু টেপটা খুব দ্রুত আটকে যাওয়া ও খুলে যাওয়ার একটা চক্রের মধ্য দিয়ে যায়। পদার্থবিজ্ঞানের ভাষায় একে বলে স্টিক-স্লিপ। এর মানে, আঠার কারণে টেপটা একমুহূর্তের জন্য কাচ বা কাগজের সঙ্গে লেগে থাকে। তারপর যখন আমরা টেপ খোলার জন্য টান দিই, তখন সেটা হুট করে ছুটে আসে। টেপ খোলার সময় এই ঘটনা বারবার ঘটতে থাকে।

আরও পড়ুন

তবে আসল জাদুকরি ঘটনাটা ঘটে টেপ যখন হুট করে ছুটে আসে ঠিক সেই মুহূর্তে। এই সময় আঠাগুলো টেপের নিচ থেকে এক পাশ থেকে অন্য পাশে ছিঁড়ে যায়। এই ছিঁড়ে যাওয়ার গতি এতই বেশি যে তা শব্দের গতির চেয়েও দ্রুত!

বাতাসে শব্দের গতি সেকেন্ডে প্রায় ৩৪২ মিটার। কিন্তু টেপের ভেতরের এই ফাটল বা ছিঁড়ে যাওয়ার গতি সেকেন্ডে ২৫০ থেকে ৬০০ মিটার পর্যন্ত হতে পারে! শব্দের চেয়ে দ্রুত এই গতির একটা দারুণ নাম আছে। একে বলা হয় সুপারসনিক গতি।

এত প্রচণ্ড বেগে আঠা ছিঁড়ে যাওয়ার কারণে টেপ ও কাচের মাঝখানে খুব ছোট্ট একটা শূন্যস্থান সৃষ্টি হয়। ফাটলটা এত দ্রুত এগোয় যে বাতাস সেই শূন্যস্থানে ঢোকার সময় পায় না। কিন্তু এই শূন্যস্থানটা যখন টেপের একদম কিনারায় পৌঁছায়, তখন চারপাশের বাতাস প্রচণ্ড বেগে সেই ফাঁকা জায়গা পূরণ করতে হুড়মুড় করে ছুটে আসে।

আরও পড়ুন

বাতাস যখন এভাবে হঠাৎ করে ধাক্কা খায়, তখন সেখানে একটা ছোট্ট বিস্ফোরণের মতো তরঙ্গ তৈরি হয়। একে বলে শকওয়েভ। ফাইটার জেট বিমান যখন শব্দের চেয়ে দ্রুতগতিতে ওড়ে, তখন আকাশে এমন বিকট শব্দের ধাক্কা তৈরি হয়, যাকে বলে সনিক বুম। অর্থাৎ স্কচটেপ খোলার সময় তুমি যে ঘ্যাঁচ-ঘ্যাঁচ শব্দ শোনো, সেটা আসলে লাখ লাখ ছোট্ট সনিক বুমের শব্দ!

সূত্র: সায়েন্স অ্যালার্ট

আরও পড়ুন