মাত্র ১৫০ ফুট জায়গা পেলেই উড়বে এই বিমান
ধরা যাক, ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে। সড়কপথে গেলে গাড়িতে দীর্ঘ সময় বসে থাকতে হয়। আবার বিমানে চেপে যেতে চাইলে বিমানবন্দরে গিয়ে বিমানে ওঠার প্রস্তুতি নিতেও সময় লাগে। ঢাকা থেকে চট্টগ্রামের মতো দূরত্বের ক্ষেত্রে বিষয়টি একটু জটিল। গাড়িতে গেলে অনেক সময় লাগে, আবার বিমানে যাওয়ার মতো দূরত্বও এটি নয়। এমন পরিস্থিতিতে কী করার আছে? এমন ছোট ও মাঝারি দূরত্বের যাতায়াত সহজ করতে নতুন একধরনের বিমান তৈরি করছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ইলেকট্রা। মজার ব্যাপার হলো এই বিমান উড্ডয়ন ও অবতরণের জন্য মাত্র ১৫০ ফুট জায়গার দরকার হবে। মানে একটি ছোট মাঠ বা সমতল জায়গা হলেই চলবে!
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াভিত্তিক প্রতিষ্ঠান ইলেকট্রা তৈরি করছে হাইব্রিড-ইলেকট্রিক প্রযুক্তির এই বিমান। এর নাম দেওয়া হয়েছে ‘আলট্রা শর্ট’। প্রতিষ্ঠানটির লক্ষ্য আঞ্চলিক যাতায়াতের অবস্থা বদলে দেওয়া। বিমানবন্দর কিংবা দীর্ঘ রানওয়ের ওপর নির্ভর না করে মানুষ যেন এক জায়গা থেকে সরাসরি অন্য জায়গায় উড়ে যেতে পারে, সেই ব্যবস্থাই গড়ে তুলতে চায় তারা।
ইলেকট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক অ্যালেনের মতে, বর্তমান বিমান পরিবহনব্যবস্থা অনেক বড় দূরত্ব পাড়ি দিতে দারুণ কার্যকর। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে যাওয়া কিংবা বিপুল পরিমাণ পণ্য পরিবহনে বিমানের বিকল্প নেই। কিন্তু কাছাকাছি শহরের মধ্যে যাতায়াতের ক্ষেত্রে এই ব্যবস্থা ততটা সুবিধাজনক নয়। গাড়িতে যেতে অনেক সময় লাগে, আবার বিমানে যাওয়ার জন্য দূরত্বটাও কম। ফলে যাত্রীদের মাঝামাঝি এক সমস্যায় পড়তে হয়।
এই সমস্যার সমাধান হতে পারে আলট্রা শর্ট।
বিমানের ছয়টি শর্ত
ইলেকট্রা মনে করে, ভবিষ্যতের উন্নত বিমান তৈরি করতে ছয়টি বিষয় নিশ্চিত করা জরুরি। প্রতিষ্ঠানটি এর নাম দিয়েছে ‘রুল অব সিক্স’। শর্তগুলো হলো বিমানটি শব্দ করবে কম, সহজে বিভিন্ন জায়গায় ওঠানামা করতে পারবে, বেশি যাত্রী বা মালামাল বহন করতে পারবে, বেশি দূরত্বও পাড়ি দিতে পারবে, নিরাপদ হবে এবং খরচও থাকবে নাগালের মধ্যে।
মার্ক অ্যালেনের মতে, বিমান চলাচলের ইতিহাসে এখন পর্যন্ত কোনো বিমান এই ছয়টি শর্ত একসঙ্গে পূরণ করতে পারেনি।
যেমন বড় যাত্রীবাহী বিমান একসঙ্গে অনেক মানুষ ও মালামাল নিয়ে হাজার হাজার মাইল পাড়ি দিতে পারে। কিন্তু এগুলোর জন্য দীর্ঘ রানওয়েসহ বড় বিমানবন্দর প্রয়োজন। অন্যদিকে হেলিকপ্টার ছোট জায়গায় ওঠানামা করতে পারলেও এর যাত্রী ও মালামাল বহনের ক্ষমতা তুলনামূলক কম। শব্দও বেশি করে।
এই সীমাবদ্ধতাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করছে নতুন এক প্রযুক্তি। নাম ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক প্রপালশন। সহজ করে বললে, বিমানের ডানা ও শরীরের বিভিন্ন জায়গায় ছোট ছোট বৈদ্যুতিক মোটর বসানো হয়। প্রচলিত ইঞ্জিনের পাশাপাশি বা তার পরিবর্তে এসব মোটর বিমানকে এগিয়ে যেতে সাহায্য করে। আলট্রা শর্ট তৈরিতে এই প্রযুক্তিই ব্যবহার করছে ইলেকট্রা।
আটটি প্রপেলার, উড়বে বিদ্যুতে
আলট্রা শর্টের পূর্ণাঙ্গ সংস্করণটির নাম ইএল৯। এতে রয়েছে একটি টারবো জেনারেটর ও আটটি বৈদ্যুতিক মোটর। মোটরগুলোর সঙ্গে যুক্ত আছে আটটি প্রপেলার। বিমানটি একবারে ৯ জন যাত্রী অথবা ৩ হাজার পাউন্ড (প্রায় ১ হাজার ৩৬১ কেজি) মালামাল নিয়ে ৩৮০ মাইল বা প্রায় ৬১২ কিলোমিটার পর্যন্ত যেতে পারবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান।
এখানে একটি বিষয় মনে রাখা দরকার। আলট্রা শর্ট পুরোপুরি ব্যাটারিচালিত বিমান নয়। এটি হাইব্রিড-ইলেকট্রিক প্রযুক্তিতে তৈরি। অর্থাৎ এতে জ্বালানি ও বিদ্যুৎ, দুই ধরনের ব্যবস্থাই রয়েছে।
বিমানটি উড্ডয়ন ও অবতরণের সময় বৈদ্যুতিক মোটরগুলো ব্যাটারির শক্তিতে চলে। আকাশে ওড়ার পর টারবাইন ইঞ্জিন থেকে তৈরি বিদ্যুৎ দিয়ে ব্যাটারিগুলো আবার চার্জ হয়। ইঞ্জিনটি সাধারণ জেট জ্বালানি ব্যবহার করে। তবে একই ধরনের অন্য বিমানের তুলনায় এতে ৪০ শতাংশ কম জ্বালানি খরচ হবে বলে দাবি ইলেকট্রার। তাদের হিসাব অনুযায়ী, হেলিকপ্টারের তুলনায় এর পরিচালন ব্যয়ও ৭০ শতাংশ কম হতে পারে।
ভবিষ্যতে হাইড্রোজেনের মতো বিকল্প জ্বালানিও এই বিমানে ব্যবহারের সুযোগ রাখছে নির্মাতারা। প্রযুক্তি আরও উন্নত হলে একসময় শূন্য কার্বন নিঃসরণে বিমানটি চালানো সম্ভব হতে পারে।
শব্দের দিক থেকেও বিমানটি বেশ শান্ত। উড্ডয়নের সময় এর শব্দের মাত্রা প্রায় ৭৫ ডেসিবেল। একটি ভ্যাকুয়াম ক্লিনার চালালে যেমন শব্দ হয়, অনেকটা তেমন।
মাত্র তিন-চার সেকেন্ডেই আকাশে!
আলট্রা শর্টের সবচেয়ে চমকপ্রদ বৈশিষ্ট্য এর উড্ডয়ন ও অবতরণের জন্য প্রয়োজনীয় জায়গা। মাত্র ১৫০ ফুট বা প্রায় ৪৬ মিটার সমতল জায়গা পেলেই বিমানটি উড়তে ও নামতে পারবে। নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের সবচেয়ে ছোট রানওয়ের দৈর্ঘ্যের ২ শতাংশের কম এই জায়গা।
এত অল্প জায়গায় কীভাবে উড়বে বিমানটি?
এর উত্তর লুকিয়ে আছে আটটি প্রপেলারের মধ্যে। প্রপেলারগুলো ঘুরে বিমানের ডানার ওপর দিয়ে দ্রুত বাতাস প্রবাহিত করে। এতে ডানা বেশি উত্তোলন বল বা লিফট তৈরি করতে পারে। এই বলই বিমানকে মাটি থেকে ওপরে তুলে আনে। ডানায় থাকা বিশেষ ফ্ল্যাপ ও ড্রুপ নামের নিয়ন্ত্রণব্যবস্থাও এ কাজে সাহায্য করে।
বাতাসের মধ্যে ডানার কার্যক্ষমতা যাচাই করতে উইন্ড টানেলে পরীক্ষা চালিয়েছে ইলেকট্রা। পরীক্ষায় ইএল৯-এর লিফট কোইফিশিয়েন্ট বা উত্তোলন সহগ ২০-এর বেশি পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। মার্ক অ্যালেনের ভাষায়, আধুনিক বড় যাত্রীবাহী বিমানের ডানার তুলনায় এই মান আট গুণ পর্যন্ত বেশি হতে পারে।
আলট্রা শর্টকে অবশ্য ইভিটিওএল বলা যায় না। ইভিটিওএল বিমান হেলিকপ্টারের মতো খাড়াভাবে উড্ডয়ন ও অবতরণ করতে পারে। আলট্রা শর্টের ক্ষেত্রে সেটি ঘটে না। তবে এর উড্ডয়নের অভিজ্ঞতা বেশ মজার বলে জানিয়েছেন অ্যালেন।
তাঁর বর্ণনা অনুযায়ী, বিমানটি ঘণ্টায় মাত্র ৩০ মাইল বা প্রায় ৪৮ কিলোমিটার গতিতে পৌঁছালেই উড়তে শুরু করতে পারে। এরপর তিন থেকে চার সেকেন্ডের মধ্যে এটি মাটি ছেড়ে আকাশে উঠে যায়। যাত্রীর মনে হতে পারে, যেন কোনো লিফটে চড়ে একেবারে কয়েক তলা ওপরে উঠে গেছেন!
বিমানবন্দর ছাড়াই যাতায়াত
ইলেকট্রা এই নতুন ব্যবস্থার নাম দিয়েছে ‘ডাইরেক্ট এভিয়েশন’। অর্থাৎ যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে মাঝখানে বড় বিমানবন্দর কিংবা দীর্ঘ রানওয়ের ওপর নির্ভর করতে হবে না।
এ জন্য তৈরি করা হবে ছোট ছোট উড্ডয়ন ও অবতরণকেন্দ্রের একটি নেটওয়ার্ক। এগুলোকে বলা হচ্ছে ‘মেশ নেটওয়ার্ক’। হেলিকপ্টার ওঠানামার জায়গা, খোলা মাঠ, পার্কিং লট কিংবা সমতল কোনো জায়গা—যেখানে ১৫০ ফুট জায়গা পাওয়া যাবে, সেখানেই তৈরি হতে পারে এমন কেন্দ্র।
এরই মধ্যে এর একটি নমুনা পরীক্ষা করেছে ইলেকট্রা। গত মাসে দুই আসনের একটি পরীক্ষামূলক বিমান ইএল২ নিউইয়র্কের লোয়ার ম্যানহাটানে হেলিকপ্টার রাখার জন্য ব্যবহৃত ৩০০ ফুট দীর্ঘ একটি ভাসমান প্ল্যাটফর্মে অবতরণ করে। পরে সেখান থেকেই আবার উড্ডয়ন করে। ২৬ অক্টোবর ডাউনটাউন স্কাইপোর্টেও বিমানটির উড্ডয়ন ও অবতরণের প্রদর্শনী হয়।
ইলেকট্রার গবেষণা অনুযায়ী, ওয়াশিংটন ডিসির একটি শপিং মলের পার্কিং লট থেকে নিউইয়র্ক শহরের একটি হেলিপোর্টে যেতে আলট্রা শর্টের সময় লাগবে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট। গাড়ি কিংবা প্রচলিত যাত্রীবাহী বিমানে একই পথ পাড়ি দিতে এর দ্বিগুণের বেশি সময় লাগতে পারে।
এমন ব্যবস্থা চালু হলে শহরের আশপাশের ছোট ছোট যাতায়াত অনেক সহজ হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি বড় বিমানবন্দরের সঙ্গে এসব ছোট উড্ডয়নকেন্দ্র যুক্ত করা যাবে। কেউ চাইলে নিজের কাছের কোনো কেন্দ্র থেকে আলট্রা শর্টে চড়ে বড় বিমানবন্দরে পৌঁছে যেতে পারবেন। সেখান থেকে উঠতে পারবেন দূরপাল্লার বিমানে।
চ্যালেঞ্জও আছে
আলট্রা শর্টের সম্ভাবনা বেশ বড়। তবে বাণিজ্যিকভাবে চালু করতে এখনো বেশ কিছু বাধা পেরোতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সরকারি অনুমোদন ও নিরাপত্তা পরীক্ষা।
নতুন ধরনের বিমান তৈরি করলেই সেটি যাত্রী পরিবহনের অনুমতি পায় না। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) কাছ থেকে প্রয়োজনীয় সনদ নিতে হবে। বিমানটির নকশা, নিরাপত্তা ও উড্ডয়নক্ষমতা পরীক্ষা করে দেখতে হবে।
বিমান পরিবহন খাতের অর্থনৈতিক দিক নিয়েও প্রশ্ন আছে। প্রাইসওয়াটারহাউসকুপার্সের পরিচালক আলেক্সান্ডার বুচকোভস্কির মতে, যেসব পথে সড়ক যোগাযোগ দুর্বল এবং যাতায়াতে অনেক সময় লাগে, সেখানে এমন বিমানের চাহিদা তৈরি হতে পারে। তবে বিমানটির নির্মাণ ও পরিচালনার খরচ এমন পর্যায়ে রাখতে হবে, যেন যাত্রীরা ভাড়া বহন করতে পারেন এবং পরিচালনাকারী প্রতিষ্ঠানও লাভ করতে পারে।
কবে দেখা যাবে আকাশে?
আলট্রা শর্টের জন্য ইতিমধ্যে ৬০টির বেশি বিমান পরিবহন প্রতিষ্ঠানের কাছ থেকে ২ হাজার ২০০টির বেশি আগাম ক্রয়াদেশ পেয়েছে ইলেকট্রা। এসব ক্রয়াদেশের মোট মূল্য প্রায় ১৫ বিলিয়ন ডলার বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২৭ সালের শেষ দিকে নরওয়ের পাঁচটি জায়গায় ইএল২-এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হওয়ার কথা। এরপর প্রয়োজনীয় পরীক্ষা ও অনুমোদনের ধাপ পেরোতে আরও সময় লাগবে। সবকিছু পরিকল্পনামতো এগোলে ২০৩০ সালে বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করতে চায় ইলেকট্রা।
এদিকে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের স্প্রিংফিল্ডে ৮৮ দশমিক ৫ একর জায়গাজুড়ে একটি কারখানা তৈরির পরিকল্পনা রয়েছে। এতে ব্যয় হবে প্রায় ৮৫০ মিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনী, সেনাবাহিনী ও নৌবাহিনীর সঙ্গেও চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। ভবিষ্যতে সামরিক কাজে ব্যবহৃত ব্ল্যাক হক হেলিকপ্টারের বিকল্প হিসেবেও আলট্রা শর্টকে বিবেচনা করা হচ্ছে।
বিমানটির আরেকটি সম্ভাবনাময় ব্যবহার হতে পারে বিদ্যুৎ সরবরাহ। এর টারবাইন থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে মাটিতে থাকা বিভিন্ন যন্ত্রপাতি চালানো যাবে। এমনকি ১৫টি বাড়ির বিদ্যুতের চাহিদাও মেটানো সম্ভব বলে দাবি করেছেন মার্ক অ্যালেন। ড্রোন ও যোগাযোগের যন্ত্রপাতি চালাতেও এই বিদ্যুৎ কাজে লাগতে পারে।
তবে নিজের বাড়ির সামনে থেকে ব্যক্তিগত আলট্রা শর্টে চড়ে ঘুরতে বের হওয়ার স্বপ্ন এখনই দেখা যাচ্ছে না। বাণিজ্যিকভাবে প্রতিটি বিমানের দাম হতে পারে প্রায় ১০ মিলিয়ন ডলার। তাই সাধারণ মানুষের নাগালে আসতে আরও কয়েক প্রজন্ম অপেক্ষা করতে হতে পারে। আপাতত অপেক্ষা করা যাক, ২০৩০ সালে আকাশে নতুন এই যাত্রার শুরু হয় কি না!