মেক্সিকোর নীল সমুদ্র হয়ে উঠেছে চকলেটরঙা, সমুদ্র রক্ষায় নৌবাহিনীর অভিযান

মেক্সিকো লড়াই করছে সমুদ্রের শৈবালের বিরুদ্ধে। অতিরিক্ত শৈবালের কারণে ধুঁকছে মেক্সিকোর পর্যটন অর্থনীতি। হোটেল ও স্নরকেলিং ব্যবসায় ধস নেমেছে। হঠাৎ এই শৈবাল বেড়ে যাওয়ার কারণ কী?

মেক্সিকোর ক্যারিবিয়ান উপকূল নীল জলরাশি আর সাদা বালুর সৈকত। কিন্তু সেই নীল সমুদ্রই হঠাৎ রূপ নিল গাঢ় চকলেট রঙে। সমুদ্রের এই রূপ বদলের পেছনে রয়েছে ‘সারগাসাম’ নামের একধরনের সামুদ্রিক শৈবাল। প্রাকৃতিকভাবে সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য শৈবাল উপকারী। কিন্তু অতিরিক্ত শৈবাল মেক্সিকোর পর্যটন অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিপুল পরিমাণ শৈবাল সরাতে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে মেক্সিকোর নৌবাহিনী।

সমুদ্রে শৈবাল সরানোর মহাযজ্ঞ

গত অক্টোবরে মেক্সিকোর উপকূল থেকে আধা মাইল দূরে কমান্ডার আলভারো ভিলানুয়েভা ও তাঁর দল এক বিশাল শৈবালপুঞ্জের দেখা পায়। স্যাটেলাইট ও ড্রোনের সাহায্যে এর গতিবিধি নজরদারি করছিল নৌবাহিনী।

এরপর ‘নাটানস’ নামের বিশেষ একটি জাহাজ থেকে পানিতে কনভেয়ার বেল্ট নামিয়ে শৈবালগুলো টেনে তোলা শুরু হয়। জাহাজের ডেকে বুলডোজার দিয়ে সেগুলো স্তূপ করা হয়। মাত্র কয়েক ঘণ্টার অভিযানে সেদিন ৪০০ টনের বেশি শৈবাল অপসারণ করা সম্ভব হয়েছিল।

কমান্ডার ভিলানুয়েভা জানান, এই শৈবালগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বিশাল আকার ধারণ করে। কখনো কখনো একটি শৈবালপুঞ্জ একটি ফুটবল মাঠের সমান বড় হয়ে যায়।

আরও পড়ুন

হঠাৎ শৈবাল বাড়ছে কেন

সারগাসাম মূলত উত্তর আটলান্টিক মহাসাগরের একটি প্রাকৃতিক ম্যাক্রোশৈবাল। ১৪৯২ সালে ক্রিস্টোফার কলম্বাস তাঁর সমুদ্রযাত্রায় প্রথম এর কথা লিখেছিলেন। সাধারণত এটি সামুদ্রিক প্রাণীদের আবাসস্থল হিসেবে কাজ করে। কিন্তু ২০১১ সাল থেকে সমুদ্রের স্রোত ও বাতাসের কারণে এটি উন্মুক্ত মহাসাগরে ছড়িয়ে পড়তে শুরু করে।

বিজ্ঞানীদের মতে, এর দ্রুত বংশবিস্তারের পেছনে তিনটি প্রধান কারণ রয়েছে। সমুদ্রের তাপমাত্রা বৃদ্ধি সরাসরি সূর্যালোক এবং কৃষি খাত থেকে ভেসে আসা রাসায়নিক সার ও পুষ্টি উপাদান। সব মিলিয়ে এই শৈবালের জন্য আদর্শ পরিবেশ তৈরি হয়েছে। ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার গবেষক চুয়ানমিন হু জানান, প্রতি পাঁচ বছরে এর পরিমাণ দ্বিগুণ হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত প্রায় ২ কোটি ৩০ লাখ টন সারগাসাম পশ্চিম ক্যারিবীয় সাগরে ভেসে এসেছে, যা এযাবৎকালের সর্বোচ্চ রেকর্ড।

আরও পড়ুন

পর্যটনশিল্প ও জনজীবনে বিপর্যয়

প্রতিদিন হাজার হাজার টন শৈবাল উপকূলে এসে জমা হওয়ায় মেক্সিকোর সবচেয়ে জনপ্রিয় সৈকত মায়ান রিভিয়েরা মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। সমুদ্রের নীল পানি চকলেট রং ধারণ করায় পর্যটকেরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। সরকারি তথ্যমতে, কুইন্টানা রু অঙ্গরাজ্যে বিমানযাত্রী প্রায় ৬ শতাংশ এবং হোটেলের ভাড়া ৪ শতাংশ কমে গেছে।

পুয়ের্তো মোরেলোস শহরের এক দোকানি মিরতা মিরান্ডা জানান, বিক্রি কমে যাওয়ায় পুরোনো রেস্তোরাঁগুলো বন্ধ হয়ে যাচ্ছে। অনেকেই কাজ হারিয়ে বা বেতন ছাড়া ছুটি কাটাচ্ছেন। সংসার চালাতে তাঁকে খাবারের খরচ কমাতে হচ্ছে। এমনকি সমুদ্রের তলদেশে ঘুরে দেখার জনপ্রিয় অ্যাডভেঞ্চার ‘স্নরকেলিং’ ব্যবসায় ধস নেমেছে। যেখানে আগে প্রতিদিন চারটি নৌকা চলত, এখন তা কমে একটিতে নেমে এসেছে।

আরও পড়ুন

দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি

বিলাসবহুল রিসোর্টগুলোর সামনে এখন মেশিন দিয়ে শৈবাল সরিয়ে ১০ ফুট উঁচু স্তূপ তৈরি করা হচ্ছে। রোদে শুকাতে শুরু করলে এই শৈবাল পচে যায় এবং পচা ডিমের মতো তীব্র দুর্গন্ধ ছড়ায়। দীর্ঘক্ষণ ধরে পচতে থাকা এই শৈবাল থেকে হাইড্রোজেন সালফাইড ও অ্যামোনিয়ার মতো গ্যাস নির্গত হয়, যা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

কানাডা থেকে মধুচন্দ্রিমায় আসা পর্যটক নাদিয়া রোক হতাশা প্রকাশ করে নিউইয়র্ক টাইমসকে জানান, সমুদ্র উপভোগ করতে এসে এমন দুর্গন্ধময় পরিবেশের মুখোমুখি হওয়াটা সত্যিই অস্বস্তিকর। জলবায়ু পরিবর্তনের প্রভাবে কেবল মেক্সিকো নয়, বার্বাডোস থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের উপকূল পর্যন্ত এই সমস্যা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে মেক্সিকো নৌবাহিনীর এই অভিযানকে ভবিষ্যতের টেকসই সমাধানের একটি মডেল হিসেবে দেখা হচ্ছে।

গত জুলাইয়ে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাম সমুদ্রে সারগাসাম শৈবাল সংগ্রহের কাজ আরও বাড়ানোর ঘোষণা দেন। এ জন্য নৌবাহিনীকে ১১৫ মিলিয়ন ডলার দেওয়ার কথা জানানো হয়েছে। এই অভিযানের দায়িত্বে থাকা রিয়ার অ্যাডমিরাল টপিলটজিন ফ্লোরেস জারামিলো জানান, চলতি বছরের শেষ নাগাদ ‘নাতানস’ জাহাজের চেয়ে বড় একটি নতুন জাহাজ কাজ শুরু করবে। এ ছাড়া ২০২৭ সালের মধ্যে আরও দুটি জাহাজ কেনার পরিকল্পনা রয়েছে। উপকূলের কাছাকাছি থেকে শৈবাল সরাতে ছোট ও দ্রুতগতির নৌকার বহরও বাড়ানো হচ্ছে।

আরও পড়ুন

আবর্জনা থেকে নতুন সম্ভাবনা

সংগৃহীত বিশাল পরিমাণ শৈবাল কীভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে সম্প্রতি মেক্সিকোর কানকুনে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ও বিশ্বব্যাংকের অর্থায়নে মেক্সিকো সরকার এমন একটি কেন্দ্র গড়ে তুলেছে, যা প্রতিদিন চার হাজার টন শৈবাল প্রক্রিয়াজাত করতে পারে। এর মূল উদ্দেশ্য হলো একটি বৃত্তাকার অর্থনীতি তৈরি করা, যেখানে শৈবাল আর বোঝা নয়; বরং আয়ের উৎস হয়ে উঠবে।

কানাডার একটি কোম্পানির উদ্যোক্তা স্টিভেন কিস এই শৈবাল থেকে প্রসাধনী তৈরির উপাদান নিষ্কাশন করছেন। তাঁর কোম্পানি এই সমস্যা সৃষ্টিকারী শৈবালটিকে নতুন নাম দিয়েছে, ‘ব্লু গোল্ড’ বা ‘নীল স্বর্ণ’। শৈবাল থেকে তৈরি কংক্রিটের টাইলস, তরল সার ও প্রসাধনী লোশন এখন বিশ্ববাজারে নতুন ব্যবসার দিগন্ত উন্মোচন করছে।

সূত্র: নিউইয়র্ক টাইমস
আরও পড়ুন