পিপাসা পেলে গাছেরাও কাঁদে
বাসার বারান্দায় বা ছাদে শখ করে লাগানো গাছগুলোতে কখনো পানি দিতে ভুলে গেছ? পানি না পেলে গাছেরা নিশ্চয়ই খুব কষ্ট পায়। কিন্তু জানলে অবাক হবে, প্রচণ্ড তেষ্টায় গাছেরা শুধু কষ্টই পায় না, রীতিমতো চিৎকার করে কাঁদে!
তেল আবিব ইউনিভার্সিটির একদল গবেষক এই যুগান্তকারী বিষয়টি আবিষ্কার করেছেন। তাঁরা টমেটো ও তামাকগাছের ওপর একটি গবেষণা চালান। তাঁরা দেখেন, যখন গাছগুলোকে বেশ কয়েক দিন পানি দেওয়া হয় না, অথবা তাদের ডালপালা কেটে ফেলা হয়, তখন এরা একধরনের শব্দ করে। এই শব্দ অনেকটা পপকর্ন ভাজার সময় যেমন পপ-পপ আওয়াজ হয় বা বাবল র্যাপ ফাটানোর সময় যেমন শব্দ হয়, অনেকটা সে রকম।
এখন প্রশ্ন হলো, গাছেরা যদি শব্দ করেই থাকে, তবে আমরা সেটা শুনতে পাই না কেন? কারণ, গাছেরা যে শব্দ করে, তা আলট্রাসনিক বা উচ্চ কম্পাঙ্কের শব্দ। মানুষের কান এই শব্দ ধরতে পারে না। কিন্তু অনেক পোকামাকড়, ইঁদুর বা বাদুড় এই শব্দ ঠিকই শুনতে পায়!
বিজ্ঞানীরা অত্যাধুনিক মাইক্রোফোন দিয়ে রেকর্ড করে দেখেছেন, একটি সুস্থ গাছ যেখানে খুব শান্ত থাকে, সেখানে একটি তৃষ্ণার্ত গাছ ঘণ্টায় ৩০ থেকে ৫০ বার এমন শব্দ করে চারপাশকে নিজের কষ্টের কথা জানিয়ে দেয়! তার মানে, তোমার বাগানের চুপচাপ দাঁড়িয়ে থাকা গাছগুলো আসলে নিজেদের মধ্যে দারুণ এক অদৃশ্য ভাষায় কথা বলে চলেছে!
সূত্র: সেল জার্নাল