অ্যাপলের নতুন হোম গ্যাজেট আসছে, কী সুবিধা আছে এতে
প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপলের তৈরি এই নতুন যন্ত্রের নাম হোমভিউ। এতে আছে ছোট একটি পর্দা বা মনিটর। ঘরে ঢুকে এই পর্দার সামনে দাঁড়ালে দেখা যাবে ক্যালেন্ডার, ছবি ও আবহাওয়ার খবর। চাইলে কথা বলেই গান চালানো যাবে, ভিডিও কলে কথা বলা, এমনকি ঘরের স্মার্ট যন্ত্রপাতিও এটি দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে। নির্দেশনা শুনে এসব কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই।
১৩ অক্টোবর হোমভিউ নামের এই স্মার্ট হোম ডিভাইসের ঘোষণা দিয়েছে অ্যাপল। প্রায় এক দশকের মধ্যে স্মার্ট হোম প্রযুক্তির বাজারে এটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় উদ্যোগ। নতুন এই যন্ত্রের মাধ্যমে অ্যাপল চাইছে, মানুষের দৈনন্দিন জীবনে তাদের নতুন এআই–সুবিধাসম্পন্ন সিরি সহকারীকে আরও বেশি ব্যবহারযোগ্য করে তুলতে।
কী আছে এই হোমভিউয়ে
হোমভিউ দেখতে অনেকটা ছোট পর্দাযুক্ত স্পিকারের মতো। এতে আছে ৭ ইঞ্চির একটি পর্দা, যার নিচে রয়েছে স্পিকার। চাইলে দেয়ালে লাগানোর উপযোগী সংস্করণও কিনতে পারবেন ব্যবহারকারীরা। যন্ত্রটির দাম ২৯৯ ডলার। ১৪ অক্টোবর থেকে এর প্রি–অর্ডার দেওয়া যাবে। বাজারে আসবে আগামী ১৩ নভেম্বর।
এতে থাকবে অ্যাপলের উন্নত সংস্করণের কণ্ঠস্বরনির্ভর সহকারী সিরি। এর সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য জানা যাবে এবং প্রয়োজনীয় কাজ করা যাবে। ব্যবহারকারীর বার্তা ও ক্যালেন্ডারের তথ্য বুঝে সিরি প্রয়োজনীয় তথ্যও দেখাতে পারবে। যেমন: তোমার ক্যালেন্ডারে কোনো অনুষ্ঠানের কথা লেখা থাকলে, সেটি সম্পর্কে জানতে চাইলে সিরি সাহায্য করতে পারবে।
হোমভিউয়ের আরেকটি মজার দিক হলো, এটি পরিবারের সদস্যদের আলাদা করে চিনতে পারবে। অ্যাপলের দাবি, যন্ত্রটি মুখ দেখে পরিবারের সর্বোচ্চ ছয় সদস্যকে শনাক্ত করতে পারবে। ফলে কে যন্ত্রটি ব্যবহার করছে, তার ওপর নির্ভর করে পর্দায় থাকা অ্যাপ, ছবি ও অন্যান্য তথ্য বদলে যাবে। কারও পছন্দের ক্যালেন্ডার, কারও পছন্দের ছবি—সবই দেখা যাবে নিজের মতো করে।
শুধু তা–ই নয়, হোমভিউ দিয়ে ফেসটাইমে ভিডিও কল করা, গান শোনা, ডিজিটাল ছবির ফ্রেম হিসেবে ব্যবহার করা এবং ঘরের স্মার্ট যন্ত্রপাতি নিয়ন্ত্রণ করা যাবে। আবহাওয়ার খবর থেকে শুরু করে দৈনন্দিন কাজের তথ্যও দেখা যাবে এর পর্দায়।
এআই ব্যবহারে নতুন পথ
এত দিন সিরি ব্যবহার করতে হলে সাধারণত আইফোন, আইপ্যাড বা অ্যাপলের অন্য কোনো যন্ত্রের সাহায্য নিতে হতো। নতুন এআই–সুবিধাসম্পন্ন সিরি ব্যবহার করা যায় আইফোন ১৫ প্রো এবং এর পরের মডেলগুলোয়। ফলে যাঁদের পুরোনো আইফোন রয়েছে, তাঁরা সেই ফোনে এই সুবিধা পাবেন না। তবে হোমভিউয়ের মাধ্যমে পরিবারের সদস্যরা নতুন এআই সিরি ব্যবহার করতে পারবেন, তাঁদের আইফোন পুরোনো মডেলের হলেও।
অ্যাপল ২০১৭ সাল থেকে হোমপড নামের স্মার্ট স্পিকার বিক্রি করছে। কিন্তু এই পণ্য বাজারে অ্যামাজন ও গুগলের মতো প্রতিষ্ঠানকে টেক্কা দিতে পারেনি। বাজার গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে স্মার্ট স্পিকারের বাজারে অ্যাপলের অংশ ছিল মাত্র ৫ দশমিক ২ শতাংশ। অন্যদিকে অ্যামাজনের অংশ ছিল ৪০ দশমিক ৯ শতাংশ এবং গুগলের ২৯ শতাংশ।
তবে এআইয়ের জনপ্রিয়তা প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে নতুন করে ভাবতে বাধ্য করছে। এখন শুধু ফোনের পর্দায় আঙুল ছুঁইয়ে বা লিখে নির্দেশ দেওয়ার বদলে কথা বলেই নানা কাজ করার সুযোগ তৈরি হচ্ছে। অ্যাপলও চায়, মানুষ ঘরে বসেই সহজে সিরির সঙ্গে কথা বলুক। এ জন্য প্রতিবার ফোন হাতে নেওয়ার প্রয়োজন হবে না।
গোপনীয়তা নিয়ে কী বলছে অ্যাপল
ঘরে ক্যামেরা ও মাইক্রোফোনযুক্ত একটি যন্ত্র থাকলে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন আসতেই পারে। বিশেষ করে পরিবারের কথাবার্তা, ছবি, বার্তা ও ক্যালেন্ডারের তথ্য যদি এর সঙ্গে যুক্ত থাকে, তাহলে সেগুলো কে দেখতে পারবে, তা জানা জরুরি।
অ্যাপলের দাবি, হোমভিউয়ের ক্যামেরা ও মাইক্রোফোন থেকে পাওয়া তথ্য মূল ব্যবস্থার অন্য অংশ থেকে আলাদাভাবে প্রক্রিয়াকরণ করা হবে। ফলে যন্ত্রটির সফটওয়্যার, অ্যাপ, এমনকি অ্যাপলও এসব তথ্য দেখতে পারবে না। ব্যবহারকারীর বার্তা ও ক্যালেন্ডারের তথ্যও কেবল তাঁকে শনাক্ত করার পরই পর্দায় দেখানো হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।