এআই–নির্ভর পৃথিবীতে শিশুদের কোন দক্ষতাগুলো শেখানো উচিত

ড্যানিয়েল সাসকিন্ড
ড্যানিয়েল সাসকিন্ড একজন ব্রিটিশ অর্থনীতিবিদ, লেখক ও শিক্ষাবিদ। তিনি লন্ডনের গ্রেশাম কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগের অধ্যাপক। এ ছাড়া অক্সফোর্ড ইউনিভার্সিটির ইনস্টিটিউট ফর এথিকস ইন এআইয়ের জ্যেষ্ঠ গবেষণা সহযোগী এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ডিজিটাল ইকোনমি ল্যাবের ডিজিটাল ফেলো। প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে মানুষের কাজ, কর্মসংস্থান ও সমাজকে বদলে দিচ্ছে, তা নিয়ে গবেষণা করেন তিনি। তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে এ ওয়ার্ল্ড উইদাউট ওয়ার্ক (২০২০), গ্রোথ: আ রেকনিং (২০২৪) এবং দ্য ফিউচার অব দ্য প্রফেশনস (সহলেখক, ২০১৫)। তিনি যুক্তরাজ্য সরকারের এআই ও ভবিষ্যৎ কর্মসংস্থানবিষয়ক বিশেষজ্ঞ প্যানেলেরও সদস্য।

আগামী দিনে অনেক চাকরিই হয়তো একদিন মানুষের হাতছাড়া হবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দাপটে বদলে যাবে কাজের জগৎ। তাহলে সন্তানদের ভবিষ্যতের জন্য এখন থেকেই কীভাবে প্রস্তুত করবেন অভিভাবকেরা? এআই যুগে কোন দক্ষতাগুলো সবচেয়ে কাজে আসবে?

প্রযুক্তি–দুনিয়ার অনেক শীর্ষস্থানীয় ব্যক্তির ধারণা, আগামী এক দশকের মধ্যে অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রায় সব কাজেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চেয়ে ভালো করতে পারবে। কথাটি শুনতে বেশ ভয়ংকর। বিশেষ করে যাঁদের ঘরে স্কুলপড়ুয়া সন্তান আছে, তাঁদের জন্য প্রশ্নটা আরও বড়। এমন ভবিষ্যতের জন্য সন্তানকে কীভাবে তৈরি করবেন?

লন্ডনের গ্রেশাম কলেজের অধ্যাপক ড্যানিয়েল সাসকিন্ড তাঁর নতুন বই ‘হোয়াট শুড মাই চিলড্রেন ডু? আ হিউম্যানস গাইড টু দ্য এজ অব এআই’–এ এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন। তাঁর মতে, ‘ভবিষ্যতে এআই আমাদের জীবন ও কাজের জগৎকে কতটা বদলে দেবে, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে একটি বিষয় পরিষ্কার, আমাদের সন্তানেরা বড় হবে এআই–নির্ভর পৃথিবীতে।’

তাহলে অভিভাবকেরা কী করতে পারেন? সন্তানদের কোন দক্ষতাগুলো শেখানো উচিত? এআইয়ের সঙ্গে কাজ করতে শেখানোর পাশাপাশি কি তাদের এআই ছাড়াও কাজ করার অভ্যাস গড়ে তুলতে হবে? এসব প্রশ্ন নিয়ে সাসকিন্ডের সঙ্গে কথা বলেছে সিএনএন। সাক্ষাৎকারটি সংক্ষেপে ও সম্পাদনা করে প্রকাশ করা হলো।

আরও পড়ুন
ড্যানিয়েল সাসকিন্ড

সিএনএন: অনেকেই সন্তানদের এমন কিছু দক্ষতা শেখানোর কথা বলেন, যেগুলো ভবিষ্যতেও কাজে লাগবে। অর্থাৎ এআই যতই উন্নত হোক, সেই দক্ষতাগুলোর চাহিদা থাকবে। কিন্তু আপনি বলছেন, এভাবে ভাবাটা ঠিক হবে না কেন?

ড্যানিয়েল সাসকিন্ড: কারণ, ভবিষ্যৎ সম্পর্কে আমাদের ধারণা খুবই অনিশ্চিত। এর ভালো একটি উদাহরণ আছে। ২০১৩ সালে ইংল্যান্ড সিদ্ধান্ত নিয়েছিল, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে কোডিং শেখানো হবে। তখন সিদ্ধান্তটিকে দারুণ বুদ্ধিদীপ্ত মনে করা হয়েছিল। অনেক দেশও একই পথে হাঁটল। ভাবা হয়েছিল, ভবিষ্যৎ প্রজন্মকে প্রযুক্তিগত দক্ষতায় এগিয়ে রাখার জন্য এটি খুব কার্যকর হবে।

কিন্তু পরের ঘটনা কী হলো, জানেন? ২০২৩ সালের জানুয়ারিতে চ্যাটজিপিটি সামনে এল। দেখা গেল, কোড লেখার কাজেও এটি দারুণ দক্ষ। অর্থাৎ যে দক্ষতাকে ভবিষ্যতের চাকরির নিশ্চয়তা হিসেবে ভাবা হয়েছিল, শিক্ষার্থীরা স্কুলের পড়াশোনা শেষ করার আগেই সেই দক্ষতার বড় অংশ এআই করতে শুরু করল।

আমার মনে হয় না, এটি নিছক দুর্ভাগ্যজনক ঘটনা। আসলে ভবিষ্যতের জন্য কোনো একটি দক্ষতাকে নিশ্চিত সমাধান ভেবে নেওয়ার মধ্যেই সমস্যা ছিল। আমরা এখন এআইয়ের যুগে বাস করছি। এই যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য অনিশ্চয়তা।

আমাদের কাজ ভবিষ্যৎ নিয়ে যতটা সম্ভব নিখুঁত অনুমান করা নয়। বরং এমন একটি প্রজন্ম গড়ে তোলা, যারা ভবিষ্যৎ সম্পর্কে খুব বেশি কিছু না জেনেও পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারবে।

আরও পড়ুন

সিএনএন: তাহলে এআই–নির্ভর পৃথিবীর জন্য শিশুদের কোন দক্ষতাগুলো শেখানো উচিত?

সাসকিন্ড: আমাদের একেবারে মৌলিক শিক্ষায় ফিরে যেতে হবে। পড়তে পারা, গণনা করতে পারা এবং কোনো বিষয় নিয়ে যুক্তি দিয়ে ভাবতে পারা। এই তিনটি দক্ষতা খুব গুরুত্বপূর্ণ।

অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন সংস্থা বা ওইসিডির সাম্প্রতিক তথ্য বলছে, বিশ্বের অনেক দেশেই এসব মৌলিক দক্ষতার মান কমছে। বিষয়টি এমনিতেই দুঃখজনক। তবে ভবিষ্যতের অনিশ্চয়তার জন্য তরুণদের প্রস্তুত করার ক্ষেত্রে এটি আরও বড় সমস্যা।

মৌলিক দক্ষতাগুলোই অন্য সব উন্নত দক্ষতার ভিত্তি তৈরি করে। অর্থনীতিবিদেরা একে এমন একটি কৌশল বলবেন, যা অনুসরণ করলে ভবিষ্যতে আফসোসের আশঙ্কা থাকে না।

আরেকটি কারণেও মৌলিক শিক্ষা জরুরি। এআই–ব্যবস্থা নিখুঁত নয়। এগুলো ভুল করে, এমনকি কখনো কখনো সম্পূর্ণ বানানো তথ্যও হাজির করে। কম্পিউটারবিজ্ঞানী জিওফ্রে হিন্টন এআই প্রোগ্রামগুলোকে বলেছেন ‘ইডিয়ট সাভান্ট’। অর্থাৎ কোনো কোনো কাজে এগুলো অসাধারণ দক্ষ, আবার কোনো কোনো কাজে ভয়ংকর রকমের বোকামি করে।

সামনের দিনগুলোতেও এআইয়ের ভুল ধরার দায়িত্ব আমাদেরই থাকবে। ব্যবহারকারী হিসেবে বুঝতে হবে, কখন এআই ভুল করছে। তার বক্তব্যকে প্রশ্ন করতে হবে, পরীক্ষা করতে হবে, তথ্য যাচাই করতে হবে। পড়া, লেখা, গণিত ও যুক্তি দিয়ে চিন্তা করার মৌলিক দক্ষতা ছাড়া এসব করা কঠিন।

সিএনএন: আপনি বলছেন, শিশুদের এআই ব্যবহার করতে শেখানোর পাশাপাশি এআই ছাড়াও কাজ করার অভ্যাস তৈরি করতে হবে। কেন?

সাসকিন্ড: আমার মনে হয়, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় ও পেশাগত প্রশিক্ষণ—সব পর্যায়েই আমাদের সময়ের প্রায় এক-তৃতীয়াংশ ব্যয় করা উচিত এসব প্রযুক্তি কার্যকরভাবে ও সমালোচনামূলকভাবে ব্যবহার করতে শেখাতে।

এমন পরিস্থিতি আমরা আগেও দেখেছি। ১৯৭০-এর দশকের শেষ দিকে এবং ১৯৮০-এর দশকের শুরুতে যখন ইলেকট্রনিক ক্যালকুলেটর এল, তখনো একই ধরনের উদ্বেগ তৈরি হয়েছিল।

সে সময় ব্রিটিশ শিক্ষাবিদ উইলফ্রেড হ্যালিডে ককক্রফট গণিতশিক্ষাকে দুই ভাগে ভাগ করার পরামর্শ দিয়েছিলেন। তাঁর বক্তব্য ছিল, শিক্ষার্থীদের একদিকে নতুন এই শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করে গণিতের এমন সব সমস্যা সমাধান করতে শেখাতে হবে, যেগুলো আগে কল্পনাও করা যেত না। অন্যদিকে ক্যালকুলেটর ছাড়াও কিছু সময় গণিত চর্চা করতে হবে, যাতে তাদের সাধারণ হিসাব করার দক্ষতা ঠিক থাকে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দুই ধরনের দক্ষতারই পরীক্ষা নিতে হবে। তাহলে শিক্ষার্থীরা দুটিকেই সমান গুরুত্ব দেবে।

আমি এই পদ্ধতির নাম দিয়েছি ‘দুটিই শেখাও, দুটিরই পরীক্ষা নাও’। বিশ্বজুড়ে গণিতশিক্ষায় এটি এখন একটি স্বীকৃত পদ্ধতি। এআইয়ের ক্ষেত্রেও আমাদের একই কাজ করতে হবে।

শুধু গণিত নয়, ইংরেজি, ইতিহাস, সংগীত, শিল্পকলা—সব বিষয়েই ভাবতে হবে, এআই ব্যবহার করে কী কী নতুন কাজ করা সম্ভব। একই সঙ্গে কিছু সময় এআই ছাড়াই কাজ করার জন্য রাখতে হবে। এতে মৌলিক দক্ষতাগুলো চর্চার মধ্যে থাকবে।

আরও পড়ুন
ছবি: রয়টার্স

সিএনএন: আপনি বলছেন, শিশুদের এআই ব্যবহার করার পাশাপাশি প্রয়োজন হলে এআই থেকে দূরে থাকতেও শেখাতে হবে। বিষয়টি একটু বুঝিয়ে বলবেন?

সাসকিন্ড: গত কয়েক শতকে আমরা যত প্রযুক্তি তৈরি করেছি, প্রায় প্রতিটিরই কিছু মূল্য দিতে হয়েছে। নতুন প্রযুক্তির একটি বড় সমস্যা হলো মনোযোগ নষ্ট হওয়া। মানুষের মনোযোগ কেড়ে নিতে ও দীর্ঘ সময় ধরে আটকে রাখতে এসব প্রযুক্তি দারুণ পারদর্শী।

আমি যখন বলি, শিশুদের এক-তৃতীয়াংশ সময় এআই ব্যবহারের প্রশিক্ষণে ব্যয় করা উচিত, তখন আমার কথা শুধু ভালো প্রম্পট বা নির্দেশনা লিখতে শেখানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এআই কীভাবে আমাদের মনোযোগ কেড়ে নিতে পারে, সেটিও বুঝতে হবে।

সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে শিশুদের সচেতন করতে আমরা ইতিমধ্যে নানা উদ্যোগ নিয়েছি। এআই নিয়েও একই ধরনের শিক্ষাব্যবস্থা তৈরি করা প্রয়োজন।

সিএনএন: আপনি বলছেন, শিক্ষাকে জীবনের শুরুর দিকের একটি বিষয় হিসেবে দেখার অভ্যাস থেকে বড়দেরও বেরিয়ে আসতে হবে। কেন?

সাসকিন্ড: অনিশ্চিত ভবিষ্যতের সঙ্গে মানিয়ে নেওয়ার সবচেয়ে ভালো উপায় হলো নমনীয়তা। জীবনের শুরুতে আমরা যেভাবে গুরুত্ব ও মনোযোগ দিয়ে পড়াশোনা করি, পরবর্তী জীবনেও একই গুরুত্ব দিয়ে নতুন দক্ষতা শেখার মানসিকতা এবং ইচ্ছা থাকতে হবে।

কারণ, পৃথিবী বদলাবে। কাজের ধরন বদলাবে। একসময় যে দক্ষতার চাহিদা ছিল, পরে সেটির প্রয়োজন কমে যেতে পারে। তাই নতুন কিছু শেখার দরজা সব সময় খোলা রাখতে হবে।

সিএনএন: ভবিষ্যতে আমাদের সন্তানদের জন্য কোন ধরনের চাকরি টিকে থাকবে বলে মনে করেন?

সাসকিন্ড: আমি মনে করি, তাদের নিজেদের কিছু প্রশ্ন করা উচিত। যেমন জীবনের কোন সমস্যাগুলোর সমাধানে আমি কাজ করতে চাই? আমি কি মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ বাড়াতে চাই? মানুষকে আরও দীর্ঘ ও সুস্থ জীবন পেতে সাহায্য করতে চাই?

কাজের ধরন নিয়ে ভাবার চেয়ে কোন সমস্যার সমাধান করতে চাই, সেটি নিয়ে ভাবা বেশি জরুরি। কারণ, এসব সমস্যা পৃথিবী থেকে হারিয়ে যাবে না।

অনেক পেশায় কাজটি কত ভালোভাবে করা হলো, তার পাশাপাশি কীভাবে করা হলো, সেটিও গুরুত্বপূর্ণ। শিল্পকলার কথাই ধরুন। কেউ সিস্টিন চ্যাপেলে ঢুকে ছাদের অসাধারণ ছবি দেখে মুগ্ধ হতে পারেন। একই সঙ্গে তাঁর মনে হতে পারে, মানুষের মতো হাত দিয়ে আরেকজন মানুষ এত সুন্দর ছবি এঁকেছেন, ব্যাপারটি কত বিস্ময়কর!

আমার ধারণা, ভবিষ্যতে সবচেয়ে মূল্যবান কাজগুলোর অনেকগুলোই হবে এমন, যেখানে শুধু ফলাফল নয়, কাজটি করার প্রক্রিয়াটিও গুরুত্বপূর্ণ।

স্বাস্থ্যসেবার কথাই ভাবুন। এআই হয়তো একদিন জীবনের শেষ সময়ে থাকা কোনো মানুষকে সান্ত্বনা দেওয়ার মতো সুন্দর কথাও বলতে পারবে। কিন্তু তখনো একজন মানুষের পাশে আরেকজন মানুষের বসে থাকা, তাঁর হাত ধরে থাকার মতো বিষয়গুলোর মূল্য থাকবে।

শ্রেণিকক্ষেও একই কথা প্রযোজ্য। এআই হয়তো প্রতিটি শিক্ষার্থীর দক্ষতা ও দুর্বলতা বুঝে তার জন্য আলাদা পাঠ তৈরি করতে পারবে। কিন্তু শিক্ষার্থীদের জীবনের পথে চলতে শেখানো, ভালো মানুষ হয়ে ওঠার মূল্যবোধ তৈরি করা, এসব দায়িত্ব শিক্ষকেরই থাকবে।

সমাজকর্মের ক্ষেত্রেও বিষয়টি একই। একজন সমাজকর্মী কী বলছেন বা কী করছেন, সেটি গুরুত্বপূর্ণ। তবে বিপদের সময়ে একজন মানুষের পাশে আরেকজন মানুষ দাঁড়িয়ে আছেন, এই উপস্থিতিরও আলাদা মূল্য রয়েছে।

আরও পড়ুন