হাজির নভেম্বর

অলংকরণ: এস এম রাকিব

ডিসেম্বরের আর কী বাকি? হাজির নভেম্বর!

আওয়াজ শুনি, বাঁচতে হলে পড় রে বাবা, পড়!

বইয়ের র৵াকে ব্যাডমিন্টন, খাটের তলায় বল

সারাক্ষণই উৎসাহ দেয় চল রে মাঠে চল!

পড়া আমার ভাল্লাগে না, পড়লে ওঠে হাই

কিন্তু পরীক্ষা তো হাজির, এখন কোথায় যাই?

আরও পড়ুন

দিনের পরে দিন গিয়েছে, মাসের পরে মাস

পড়ার টেবিল হাতড়ে দেখি হায় কী সর্বনাশ!

যে বই ধরি সেটাই আমার চোখে ঝরায় জল

অঙ্ক করি, অঙ্ক করি, মেলে না তার ফল!

অলংকরণ: এস এম রাকিব

বইয়ের ভেতর সব অচেনা পদার্থবিদ্যায়

রসায়নের ফর্মুলারা গোল পাকিয়ে যায়!

বায়োলজির বই খুলিনি? পড়াল কোন স্যার?

পরীক্ষাতে গোল্লা পাওয়ার রাস্তা পরিষ্কার!

আরও পড়ুন

বাংলা পড়া পুরোই বাকি, ইংরেজিটা হাফ

মা বলেছেন ফেল করলে এইবারে নাই মাফ!

অনেক নাকি ছাড় দিয়েছেন, দেবেন না আর ছাড়

আমায় দেবেন রিকশা কিনে? বুদ্ধি চমৎকার!

ডিসেম্বরের আর বাকি নাই, পরীক্ষা ফাইনাল

তোমরা কি কেউ আমার মতন? দুচোখ ডলে লাল!

মাথা গুঁজে পড়ছ? লড়াই চালাচ্ছ প্রাণপণ?

নাকি আগেই রিকশা কিনে চলছে প্রশিক্ষণ!

আমায় কিছু বুদ্ধি তো দাও! জানাও বাঁচার পথ

আমার কি ভাই রিকশাচালক হওয়াই ভবিষ্যৎ?

আরও পড়ুন