পরীক্ষার ফল
ইশকুলে আজ মিলনমেলা, বাড়ছে কোলাহল
একটু পরেই প্রকাশ পাবে বাৎসরিকের ফল।
উত্তেজনায় কাঁপছে সবাই শুকনো সবার মুখ
কার কপালে কী যে আছে, তাই নিয়ে উৎসুক।
ফল ঘোষণার মঞ্চে উঠে বললেন হেডস্যার:
অভিনন্দন! তোমরা যারা পাচ্ছ পুরস্কার।
কাঁদবে না কেউ হাসবে না কেউ করবে না গুঞ্জন
বলছি এবার এক বছরে কার কিসে অর্জন।
খুনসুটিতে রিমলি প্রথম হিংসুটিতে মিম
ঝগড়াতে ফার্স্ট সামিনা আর নালিশে তাসনিম।
তর্কে মাহির, গল্পে মেধা, বকবকে ফার্স্ট মুম
হাসিতে ফার্স্ট নন্দিতা আর কান্নাতে কুলসুম।
ভেংচিতে জুঁই, খামচিতে পিউ, হুমকিতে আদনান
বন্ধুত্বে অথই সেরা, ভদ্রতায় সাদমান।
নাক গলানোয় পিংকি প্রথম, কানকথাতে কণা
ভয় পাওয়াতে তিতলি এবং সাহসে রঞ্জনা।
রেজাল্ট শুনে নাচছ বুঝি? ভাবছ খুশির ঈদ?
না জাদুরা, কালকে থেকে আসছে মনোবিদ।
তিনি এসেই যত্ন করে ধরিয়ে দেবেন খুঁত
মুণ্ডু থেকে নামিয়ে দেবেন বদভ্যাসের ভূত।
পরীক্ষাতে প্রথম যারা, হাইয়েস্ট পেয়ে পাস
তাদের জন্য ফুলের তোড়া, শুভেচ্ছা একরাশ।