বার্থডে পার্টির স্নো স্প্রের কি কোনো স্বাস্থ্যঝুঁকি আছে
জন্মদিন উদ্যাপনে পার্টি স্প্রে এখন খুবই জনপ্রিয়। বন্ধু কিংবা কাজিনদের গায়ে-মাথায় সাদা তুলার মতো এই স্প্রেগুলো জন্মদিনের আনন্দে যোগ করে ভিন্নমাত্রা। খাবার, বেলুন, মোমবাতি, বার্থডে হ্যাটের মতো পার্টি স্নোও এখন অপরিহার্যই হয়ে উঠেছে। কেক কাটার আগে-পরে স্প্রে করে স্নো মাখানো। সাদা তুলতুলে বরফ মেখে একাকার হয়ে ওঠে একেকজন। দেখতে একদম সত্যিকারের বরফ মনে হলেও বোতলের ভেতরে কিন্তু আসল বরফ থাকে না। থাকে নানা ধরনের রাসায়নিক গ্যাস ও তরল পদার্থ। বন্ধুরা মিলে মজা করার সময় একটু অসাবধান হলেই এই মজার জিনিসটি বড় বিপদের কারণ হতে পারে। তোমরাও নিশ্চয়ই অনেক মজা করবে। তবে জেনে নিতে হবে, এ আনন্দের মধ্যে কী কী সতর্কতা অবলম্বন করলে এড়ানো যাবে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
১. আগুনের সামনে একদমই না
কেক কাটার সময় মোমবাতি জ্বলছে, আর ঠিক সেই মুহূর্তে চারপাশ থেকে স্নো স্প্রে ছোড়া হচ্ছে—এমন দৃশ্য আমরা প্রায়ই দেখি। কিন্তু এটা ভীষণ বিপজ্জনক। স্নো স্প্রের বোতলের ভেতরে থাকে বিউটেন বা প্রোপেনের মতো দাহ্য গ্যাস। সামান্য আগুনের সংস্পর্শে এলেই ঘটে যেতে পারে ভয়ানক দুর্ঘটনা। স্প্রের সংস্পর্শে নিমেষেই দপ করে জ্বলে উঠতে পারে আগুন। কেকের মোমবাতিটা আগে ফুঁ দিয়ে নিভিয়ে কিংবা আগুন বা তাপের উৎস থেকে দূরে গিয়ে তারপরই স্প্রে ব্যবহার করা উচিত।
২. কেক বা খাবার থেকে দূরে
আগেই বলেছি, তুলতুলে নিরীহ বরফের ফোম বা ক্রিম মনে হলেও আদতে এই স্নো রাসায়নিক পদার্থ, একদমই খাদ্য উপযোগী কিছু নয়। জন্মদিনের পার্টিতে তাই দেখতে হবে স্নো স্প্রের সাদা ফোম সরাসরি কেক, পিৎজা বা কোমল পানীয়র ওপর গিয়ে যেন না পড়ে। খাবারের সঙ্গে এই ফোম পেটে গেলে পেটব্যথা, বমি বা ফুড পয়জনিংয়ের মতো সমস্যা হতে পারে। তাই স্প্রে করার আগে খাবারগুলো ঢেকে রাখা বা সরিয়ে রাখাই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
৩. নিশ্বাসের সঙ্গে নয়
বদ্ধ ঘরে বা জানালা-দরজা বন্ধ রেখে একসঙ্গে অনেকগুলো স্প্রে ব্যবহার করলে বাতাসে এর রাসায়নিক কণা ছড়িয়ে পড়তে পারে। বন্ধুদের মধ্যে অনেকেরই থাকতে পারে অ্যাজমা বা অ্যালার্জির সমস্যা। শ্বাসের সঙ্গে এই রাসায়নিক ফুসফুসে ঢুকলে মাথা ঘোরা, মাথাব্যথা, কাশি বা শ্বাসকষ্ট হতে পারে। তাই খোলা জায়গায় অথবা আলো-বাতাস চলাচল করে এমন স্থানে স্প্রে ব্যবহার করা নিরাপদ।
৪. চোখ ও ত্বক ও রাখতে হবে সুরক্ষিত
শুধু শ্বাসতন্ত্র নয়, চোখ বা ত্বকেও সরাসরি এই স্প্রে চলে গেলে ক্ষতি হতে পারে। অনেক সময় মজা করতে গিয়ে আমরা খুব কাছ থেকে বন্ধুর মুখের ওপর স্নো স্প্রে করে ফেলি। কিন্তু স্প্রের রাসায়নিক সরাসরি চোখে ঢুকলে প্রচণ্ড জ্বালাপোড়া হতে পারে এবং চোখের মারাত্মক ক্ষতিও হতে পারে। এ ছাড়া সংবেদনশীল কারও ত্বকে দেখা দিতে পারে র্যাশ বা অ্যালার্জিজনিত সমস্যা। তাই কখনোই কারও মুখ বা চোখ লক্ষ্য করে স্প্রে করা উচিত নয়। ভুল করে চোখে গেলে সঙ্গে সঙ্গে জায়গাটা পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
৫. স্প্রের খালি বোতল নিরাপদ জায়গায় ফেলা
জন্মদিনের আয়োজন শেষে খেয়াল রাখতে হবে, স্নো স্প্রের খালি ক্যান বা বোতল যেন কখনোই আগুনে বা অতিরিক্ত উত্তপ্ত জায়গায় ফেলা না হয়। কারণ, এতে ক্যানের ভেতরে থাকা অবশিষ্ট গ্যাস অতিরিক্ত তাপে প্রসারিত হতে পারে। সে ক্ষেত্রে বোতল বিস্ফোরিত হয়ে ঘটতে পারে দুর্ঘটনা।
ছোট্ট কিছু সতর্কতা জন্মদিনের আনন্দকে করবে আরও নিরাপদ ও নির্ভার।
লেখক: ডা. ফারাহ নাজ দোলা, শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস, ঢাকা