তুমি কতটা আলসে

অলংকরণ: সাফায়েত সাগর
‘আমার সবচেয়ে বেশি প্রিয় আলস্য।’ এক সাক্ষাৎকারে বলেছিলেন কবি হেলাল হাফিজ। মজা করে বললেও জিনিসটা বড় অদ্ভুত। কাজটা করতে হবে, এটা তুমি জানো। কাজটা কীভাবে করতে হবে, তা–ও জানো। এমনকি কাজটা করতে মোটে মিনিট পাঁচেক লাগবে, সেটাও জানা। তবু কেন যেন মনে হয়, ‘আচ্ছা, আর পাঁচ মিনিট পর করি।’ সেই পাঁচ মিনিট কখনো আধঘণ্টা, কখনো এক ঘণ্টা, কখনো পুরো একটা দিন হয়ে যায়! আবার এমনও মানুষ আছে, যারা আলসেমিকে এত ভালোবাসে যে বিছানা থেকে ওঠার জন্যও তাদের আলাদা করে পরিকল্পনা করতে হয়। তুমি কোন দলে? নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তারপর স্কোর মিলিয়ে দেখো, কুঁড়ের বাদশাহ হিসেবে নাম করতে পেরেছ কি না। তবে উত্তর দিতে গিয়ে আলসেমি কোরো না কিন্তু!
আরও পড়ুন

১. সকালে ঘুম থেকে ওঠার জন্য অ্যালার্ম দিয়েছিলে। অ্যালার্ম বেজে উঠতেই ঘুম জড়ানো চোখে দেখলে, এখনো হাতে খানিকটা সময় আছে। তুমি যা করবে—

ক. অ্যালার্ম বন্ধ করে সঙ্গে সঙ্গে উঠে পড়ব। ঘুমিয়ে থেকে লাভ কী? দিনের শুরুটাই যদি দেরিতে হয়!

খ. ‘আর পাঁচ মিনিট’ বলে অ্যালার্ম বন্ধ করব। তারপর পাঁচ মিনিট পর আবার অ্যালার্ম। আবার পাঁচ মিনিট। এভাবে চলতে চলতে একসময় দেখি, অ্যালার্ম দেওয়ার সময়ই শেষ!

গ. চোখ মেলেই বুঝব, আজ আরাম করে ঘুমানোর একটা সুবর্ণ সুযোগ এসেছে। অ্যালার্ম বন্ধ করে দেব একটা ঘুম।

২. পড়ার টেবিলে বসেছ। বই-খাতা সব সামনে। শুধু একটা কলম দরকার। কলমটা টেবিল থেকে হাত বাড়ালেই পাওয়া যাবে। কিন্তু সেটা একটু দূরে বলে তুমি যা করবে—

ক. উঠে কলমটা এনে পড়া শুরু করব। কলম ছাড়া তো আর পড়া যাবে না।

খ. হাতটা একটু বাড়িয়ে দেখব। না পেলে পাশের কোনো কিছু দিয়ে কলমটা নিজের দিকে টেনে আনার চেষ্টা করব। এত কষ্ট করে ওঠার কী দরকার!

গ. কলমটা না হয় পরে আনা যাবে। আগে বইটা একটু দেখি। পড়তে ইচ্ছা না করলে তো কলম এনেও লাভ নেই।

৩. তোমার বিছানায় একটা জামা পড়ে আছে। জামাটা আলমারিতে রাখার কাজটা তুমি করতেই পারো। কিন্তু এখন তুমি বেশ আরামে শুয়ে আছ। জামাটার দিকে তাকিয়ে যা মনে হবে—

ক. এখনই উঠে রেখে আসি। না হলে পরে আম্মুর বকা খাব।

খ. আরে, জামাটা তো পালিয়ে যাচ্ছে না! যখন উঠব, তখন নিয়ে রাখা যাবে।

গ. জামাটা যদি আজ বিছানাতেই থাকে, তবে পৃথিবীর কী এমন ক্ষতি হবে? কালও তো রাখা যাবে।

৪. শুক্রবার সকাল। কোনো স্কুল নেই, পড়ার তাড়া নেই, জরুরি কাজও নেই। ঘুম থেকে উঠে দেখলে, পুরো দিন তোমার সামনে ফাঁকা পড়ে আছে। তোমার মাথায় প্রথম যে চিন্তাটা আসবে—

ক. আজ কিছু একটা করব। পড়াশোনা, বই পড়া, বাইরে যাওয়া, যেকোনো কিছু। দিনটা নষ্ট করা যাবে না।

খ. আগে একটু ফোন দেখি। তারপর ঠিক করব কী করব। তারপর আরেকটু ফোন দেখব। তারপর দুপুর হয়ে গেলে ভাবব, ‘আজ আর হলো না, কাল দেখি কী করা যায়।’

গ. এমন দিন তো রোজ আসে না! বিছানা, ফোন আর পছন্দের খাবার, এগুলোকে সঙ্গী করে দিন পার করে দেব।

৫. মা বললেন, ‘তোমার ঘরটা একটু গুছিয়ে রাখো।’ ঘরটা সত্যিই অগোছালো। বই এদিকে, জামা ওদিকে, ব্যাগ কোথায় যেন হারিয়ে গেছে। তুমি কী করবে?

ক. বিরক্ত হলেও গুছিয়ে ফেলব। কাজটা সারতে যত দেরি করব, ততই বড় মনে হবে।

খ. আগে সবচেয়ে জরুরি জিনিসগুলো গোছাব। বাকিগুলো পরে করব। তবে ‘পরে’টা যেন সত্যিই আসে!

গ. ঘরটা খুব ভালো করে দেখে এমন একটা জায়গা খুঁজব, যেখানে সবকিছু একটু সুন্দর দেখায়। তারপর মাকে বলব, ‘দেখো, গুছিয়েই তো রাখা আছে!’

৬. তোমার ফোনটা বিছানার পাশে রাখা। চার্জারটা লাগাতে হবে, কিন্তু চার্জারের তারটা একটু দূরে। তুমি তখন কী করো?

ক. উঠে গিয়ে চার্জার লাগিয়ে দেব। ফোন বন্ধ হয়ে গেলে পরে আবার ঝামেলা।

খ. তারটা টেনে নিজের কাছে আনার চেষ্টা করব। যত দূর থেকে টানা যায়, তত ভালো। উঠতে হবে কেন?

গ. ফোনে চার্জ কমে গেলে চার্জ দেব। এখনো তো কিছু চার্জ অবশিষ্ট আছে! শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করি।

৭. সকালে স্কুলে যেতে হবে। রাতে তোমাকে বলা হলো, স্কুলের জন্য তোমার ইউনিফর্ম, জুতা, ব্যাগ, সব গুছিয়ে রাখো। কিন্তু তুমি রাতে কিছুই করোনি। সকালে ঘুম থেকে উঠে দেখলে, হাতে আছে মাত্র ১৫ মিনিট। তখন কী করবে?

ক. ঝটপট সব গুছিয়ে ফেলব। কাজ আগে না করলে এমন দৌড়াদৌড়িই হয়।

খ. যা হাতের কাছে পাব, সেটাই নেব। ব্যাগে কী আছে, সেটা স্কুলে গিয়ে দেখা যাবে।

গ. বিছানায় বসেই কিছুক্ষণ ভাবব, ‘ইশ্‌, গত রাতে যদি গুছিয়ে রাখতাম!’ তারপরও আরও পাঁচ মিনিট বসে থাকব।

৮. কোনো কাজ করতে বসে হঠাৎ মনে হলো কাজটা বিরক্তিকর। ঠিক তখনই তোমার ফোনে একটা নোটিফিকেশন এল। তুমি যা করবে_

ক. নোটিফিকেশন না দেখে কাজ শেষ করব। বিরক্তিকর হলেই তো কাজ ফেলে দেওয়া যায় না।

খ. ফোনটা হাতে নেব, কিন্তু নিজেকে বলব, ‘মাত্র দুই মিনিট দেখব।’ তারপর কিছুক্ষণ পর আবার কাজে ফিরব।

গ. একবার দেখি কী এসেছে। একবার দেখার পর আরেকটা। তারপর আরেকটা। এভাবে চলতে থাকবে। কাজটাকে ভুলেই যাব।

৯. ধরো, ‘আলসেমি প্রতিযোগিতা’ হচ্ছে। সেখানে তোমার প্রতিদ্বন্দ্বীদের বলা হলো, যে সবচেয়ে কম কাজ করে সবচেয়ে বেশি সময় কাটাতে পারবে, সে জিতবে। তুমিই জিতবে, তোমার আত্মবিশ্বাস কতটা?

ক. আমার অবস্থান হবে মাঝামাঝি। দরকার হলে আমি কাজ করি, আবার সুযোগ পেলে আরাম করি।

খ. আমাকে হারানো কঠিন। অন্যরা যেখানে আলসেমি করবে, আমি সেখানে আরও বেশি আলসেমি করব।

গ. উঁহু, আমি এই প্রতিযোগিতায় অংশই নেব না। অংশ নিতে গেলেও তো ফরম পূরণ করতে হবে!

১০. এই প্রশ্নটা আলসেমির জন্য লেখা গেল না।

এই প্রশ্নে তুমি দশে দশ।

আরও পড়ুন

নম্বর

১. ক. ০ খ. ৫ গ. ১০

তুমি যেখানে দাঁড়িয়ে

০–৩৫

তোমার সঙ্গে আলসেমি শব্দটা ঠিক জমে না। কাজ সামনে থাকলে সেটা ফেলে রেখে বসে থাকতে তোমার ভালো লাগে না। পাঁচ মিনিটের কাজ পাঁচ মিনিটেই শেষ করে ফেলতে চাও। ফলে শেষ মুহূর্তে দৌড়াদৌড়ি করে কাজ শেষ করার ঝামেলাও তোমার কম। তবে সব সময় এত তাড়াহুড়া করে কাজ করার দরকার নেই। কখনো বিশ্রাম নেওয়াও দরকার। কাজের ফাঁকে একটু আরাম করো, ঘুমাও, বন্ধুদের সঙ্গে সময় কাটাও। সব সময় কাজ করা ভালো। মাঝেমধ্যে আবার আলসেমিও করা যায়।

৩৬–৭৫

তুমি একেবারে আলসে নও, আবার তোমাকে খুব কর্মঠ মানুষও বলা যাবে না। কাজটা করতে হবে, এটা তুমি জানো। কিন্তু কাজটা এখনই করতে হবে কি না, সেটা নিয়ে তোমার সঙ্গে তোমার নিজেরই বেশ কিছুক্ষণ আলোচনা চলে! কখনো কাজ সময়মতো করে ফেলো, আবার কখনো ‘পরে করব’ বলতে বলতে কাজটা এমন জায়গায় নিয়ে যাও যে শেষে নিজের ওপরই বিরক্তি ধরে যায়। তোমার সবচেয়ে বড় সমস্যা হলো গড়িমসি। কাজটা করার ইচ্ছা আছে, কিন্তু শুরু করার সময়টাই যেন খুঁজে পাও না। তাই ‘পরে’ শব্দটার ওপর একটু কম ভরসা রাখো।

৭৬–১০০

আলসেমি যদি কোনো শিল্প হয়, তবে তুমি সেই শিল্পের প্রতিভাবান শিল্পী! পাঁচ মিনিটের কাজ এক ঘণ্টা পরে করার জন্য তোমার কাছে যুক্তির অভাব নেই। বিছানা থেকে উঠতে হবে? একটু পর। পড়তে বসতে হবে? আর পাঁচ মিনিট পর। ঘর গোছাতে হবে? আজ না হয় কাল! এমনকি কিছু না করার জন্যও তুমি এত পরিশ্রম করো যে সেই পরিশ্রমটা যদি কাজের পেছনে দিতে, তাহলে অনেক কিছুই হয়ে যেত। সবচেয়ে বিপজ্জনক ব্যাপার হলো, তুমি শেষ মুহূর্তের দৌড়াদৌড়িকে হয়তো নিজের স্বভাবের অংশ বানিয়ে ফেলেছ। মনে রেখো, সব কাজ শেষ মুহূর্তে করা যায় না। তাই আলসেমিকে একটু ছুটি দিয়ে এবার কাজের পালা শুরু করো।

আরও পড়ুন