ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড ২০২৬-এর ঢাকা পর্ব অনুষ্ঠিত

ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড ২০২৬-এর ঢাকা পর্বআয়োজকদের সৌজন্যে

১ মে ২০২৬, শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হয়েছে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড (নিও) ২০২৬-এর ঢাকা বিভাগীয় পর্ব। তেরোতম বারের মতো অনুষ্ঠিত এই পর্বটি নানা আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান ড. মো. বদরুদ্দোজা মিয়া এবং অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদসহ বিশিষ্ট অতিথিরা। তাঁরা অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীদের বলেন, এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা ও পরিবেশ সচেতনতা তৈরি করতে বড় ভূমিকা রাখে। এটি কেবল মেধা যাচাইয়ের জন্য নয়, বরং ভবিষ্যতের পরিবেশবান্ধব নেতৃত্ব তৈরির একটি প্ল্যাটফর্ম।

শুক্রবার ভোর থেকে ঢাকা শহরে মুষলধারে বৃষ্টি। তবে প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও ঢাকা বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা শতাধিক শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন। এবার এ অলিম্পিয়াডের প্রতিপাদ্য ‘পরিবেশ পুনরুদ্ধারে বিজ্ঞানকে নতুন আঙ্গিকে দেখা’।

অলিম্পিয়াডের পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ কয়েকটি সেশন। সেখানে তারা পরিবেশের বর্তমান সমস্যাগুলো ও পৃথিবীর বাস্তুতন্ত্র আগের অবস্থায় ফিরিয়ে আনার বৈজ্ঞানিক উপায়গুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারে। আর্থ সায়েন্স আসলে কী এবং প্রাকৃতিক পরিবেশ ঠিক কীভাবে কাজ করে, সে বিষয়ে এই সেশনগুলোতে ভালো ধারণা পেয়েছে তারা। আঞ্চলিক ও বৈশ্বিক পরিবেশগত বিভিন্ন সংকট নিয়েও এতে আলোচনা করা হয়।

আরও পড়ুন

সেশনগুলো শেষ হওয়ার পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একে একে বিজয়ী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা হয়। নাম শোনার পর মঞ্চে এসে অতিথিদের কাছ থেকে নিজ নিজ সার্টিফিকেট গ্রহণ করে। মোট ৯০ জন শিক্ষার্থী ঢাকা পর্ব থেকে নির্বাচিত হয়েছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা এই অলিম্পিয়াডে অংশ নিয়েছে।

অন্যদিকে, ২ মে ঢাকার ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) তে অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াডের আঞ্চলিক প্রশিক্ষণ কর্মশালা ‘গ্রিন ডে ট্রেনিং’। ঢাকা পর্ব থেকে বাছাইকৃত ৯০ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিচ্ছে। দিনব্যাপী এই আয়োজনের মূল লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে পরিবেশগত নেতৃত্বের দক্ষতা তৈরি করা ও দৈনন্দিন জীবনে কীভাবে নেতৃত্বের চর্চা করা যায়, তা শেখানো।

শিক্ষার্থীরা এখানে হাতেকলমে নানা কাজ শিখছে। বিভিন্ন সেশনের পাশাপাশি রয়েছে দলগত কাজ ও বাংলাদেশের জলবায়ু বিষয়ক বিশেষ ‘কেস স্টাডি’। এই কর্মশালা থেকে নির্বাচিত সেরা ১০টি প্রকল্প বাস্তবায়নের জন্য মোট দেড় লাখ টাকা অর্থায়ন ও মেন্টরশিপ সহায়তা পাবে। যেন শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগ আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারে।

আরও পড়ুন
তেরোতম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড
আয়োজকদের সৌজন্যে

এই ধাপ শেষে শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ের অলিম্পিয়াডে অংশ নেবে। সেখান থেকে নির্বাচিতরা যাবে ইতালিতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক আর্থ সায়েন্স অলিম্পিয়াড ২০২৬-এ। তারা সেখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। এছাড়া অংশগ্রহণকারী সব শিক্ষার্থী দেশব্যাপী ২ হাজার ৮০০ সদস্যের বিশাল ‘নিও অ্যালামনাই’ নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ পাবে, যা তাদের ভবিষ্যতে পরিবেশ নিয়ে কাজ করতে সাহায্য করবে।

২০১২ সাল থেকে বাংলাদেশে ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ (বিওয়াইইআই) এই অলিম্পিয়াড আয়োজন করে আসছে। এবারের আয়োজনে সহায়তা করেছে উত্তর আমেরিকান পরিবেশ শিক্ষা সমিতি (এন এএইই) এবং জিওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি) একাডেমিক সহযোগিতা দিচ্ছে। এই আয়োজনের মিডিয়া পার্টনার কিশোর আলো।

আরও পড়ুন