শেষ পর্যন্ত কেউ একজন আমার লেখার মর্ম বুঝল

‘এইটা কি আপনার লেখা?’এআই দিয়ে তৈরি

সেই ২০১৩ সালের অক্টোবর মাস থেকে কিশোর আলো পড়ছি। একটা সময় নিয়মিত পাঠক ছিলাম। এখনো মাঝেমধ্যে পড়া হয়, কিন্তু আগের মতো না। কিশোর আলো নিয়ে বহু আনন্দময় স্মৃতি আছে। কিছুদিন আগের একটা মজার ঘটনা বলা যাক।

গত মাসেই আমার একটা লেখা ছাপানো হলো। আমি তখনো জানি না। একদিন রাতের বেলা মেসেঞ্জারে একটা মেসেজ এল। সম্পূর্ণ অপরিচিত একজন মানুষ কিশোর আলোর একটা পাতার ছবি তুলে টেক্সট দিয়েছেন, ‘এইটা কি আপনার লেখা?’

ছবিটা দেখে বুঝলাম, ওটা আমার লেখা। আমি তো রীতিমতো অবাক! কোত্থেকে, কীভাবে এই মানুষ আমার ফেসবুক অ্যাকাউন্ট খুঁজে বের করল, আর কী ভেবেই বা আমাকে টেক্সট দিল, ভেবে পেলাম না। কিছুটা ধাতস্থ হয়ে বললাম, ‘জি, আমারই লেখা।’ বলতে বলতে গর্বে বুক ফুলে উঠছিল! আহা! শেষ পর্যন্ত বঙ্গবাসী আমার লেখার মর্ম বুঝল!

আরও পড়ুন

স্বাভাবিক হওয়ার পর খানিকক্ষণ কথাবার্তা বললাম। জানা গেল, সে নাকি কিশোর আলোর মাধ্যমে বন্ধু খুঁজে বেড়াচ্ছে। আমার লেখা দেখে তারও অবাক লাগছিল এই ভেবে যে তারই মতো বড় হয়ে যাওয়ার পরও মানুষ কিশোর আলো পড়ে। তারপর আমার নাম লিখে ফেসবুকে সার্চ দিয়ে আইডি পেয়েছিল।

এই স্মার্টফোনে ডুবে থাকা প্রজন্মের একজনও যে একটা ম্যাগাজিন পড়ে বন্ধু খুঁজে বের করতে চায়, সেটা কিশোর আলো না পড়লে হয়তো কখনো বুঝতে পারতাম না।

লেখক: শিক্ষার্থী, প্রথম বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম

আরও পড়ুন