হৃদয়ের গভীরে ১০টা বছর
২০১৫ সালের ১২ জানুয়ারি। রাউজান স্টেশন মডেল সরকারি প্রাইমারি স্কুলে শিশু শ্রেণিতে ভর্তি হয়েছিলাম। আব্বুর হাত ধরে বাড়ি থেকে রওনা দিলাম স্কুলের উদ্দেশে। জীবনের প্রথম স্কুলে যাচ্ছিলাম, তাই কিছুটা নার্ভাস লাগছিল। অপরিচিত পরিবেশ আর সব অপরিচিত মানুষ। প্রথম প্রথম কারও সঙ্গে তেমন একটা কথা হয়নি। এরপর আস্তে আস্তে যত দিন যায়, ক্লাসের সবাই যেন আপন হয়ে যেতে লাগল। এভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণি পর্যন্ত শেষ করে ফেললাম। পঞ্চম শ্রেণিতে ওঠার কয়েক মাস পরেই করোনা মহামারির কারণে স্কুল বন্ধ হয়ে গেল। সব বন্ধুর সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে গেল। সারা দিন ঘরে বসে বসে দিন কাটাতে লাগলাম।
অনেক দিন স্কুল বন্ধের পর লটারির মাধ্যমে হাইস্কুলে ক্লাস সিক্সে ভর্তি হলাম। তখন ভালোমতো ক্লাসও হতো না। প্রাইমারি স্কুলের কয়েকজন বন্ধু থাকলেও বলতে গেলে ক্লাসে প্রায় সব কটিই নতুন মুখ ছিল। কাউকে ভালোমতো চিনতামই না। এরপর আস্তে আস্তে সময় যেতে লাগল, ক্লাসও পুরোদমে শুরু হয়ে গেল। অচেনাও হয়ে গেল চেনা, অজানাও জানা হয়ে গেল। এরই মধ্যে আমাদের সাত বন্ধুর একটি টিম হয়ে গেল। তখন কতই না মজা করতাম আমরা!
কীভাবে যে ১০টা বছর কেটে গেল! স্কুল লাইফের শেষ ঘণ্টাও বেজে গেল। হবে না আর কখনো কাঁধে ব্যাগ নিয়ে স্কুলে যাওয়া, স্কুলের সবাই মিলে জাতীয় সংগীত গাওয়া। আর কখনো হবে না বায়োলজি প্র্যাকটিক্যালের জন্য সবাই মিলে জবা ফুল সংগ্রহ করা। আর কখনো হবে না জবা ফুলের স্তবক আলাদা করার জন্য আমাদের মধ্যে তুমুল প্রতিযোগিতা। শেষ হয়ে গেল আমাদের ক্লাস চলাকালে পেছনের বেঞ্চে বসে বন্ধুরা সবাই মিলে লুকিয়ে খাবার খাওয়া কিংবা টিফিনের ছুটিতে বাসায় না গিয়ে ক্লাসে বসে আড্ডা দেওয়া। প্র্যাকটিক্যালের ছবি সুন্দর না হলে ফিজিকস স্যার কেটে দেবেন—এই ভয় হবে না আর কখনো টিফিনের ছুটিতে বন্ধুদের সঙ্গে বসে নিখুঁত করে ছবি আঁকার চেষ্টা। সবই এখন শুধুই স্মৃতি।
একটা সময় কতই না বিরক্ত লাগত প্রতিদিন ব্যাগ কাঁধে স্কুলে যাওয়া, পিটিতে অংশ নেওয়া আর ক্লাস করা। আর এখন কিনা সেসব বিরক্ত লাগা জিনিসগুলোকেই খুব বেশি মনে পড়ছে। আসলে কতই না সুন্দর ছিল সেই দিনগুলো! কারও জীবন থেমে থাকে না, চলতেই থাকে। আর এই ছোট্ট জীবনে মাঝে মাঝে এমন কিছু সুন্দর মুহূর্ত আসে, যা হয়তো আর কখনো ফিরে পাওয়া সম্ভব না; কিন্তু সারা জীবন মনে গেঁথে থাকে। ঠিক তেমনি ১০ বছরের ক্ষুদ্র এই স্কুলজীবনটাও এখন শুধু স্মৃতির পাতায় গেঁথে থাকবে, হৃদয়ের গভীরে...!
লেখক: এসএসসি পরীক্ষার্থী, রাউজান আর আর এসি মডেল সরকারি হাইস্কুল, চট্টগ্রাম