বুলগেরিয়ায় আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেবে বাংলাদেশের ৬ কিশোর

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড জাতীয় পর্বে বিজয়ীরাছবি: আয়োজকদের সৌজন্যে

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় আগামী ২ থেকে ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও ২০২৬)। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ছয় সদস্যের একটি দল।

বাংলাদেশের দলে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের আবরার জাহিন পাঠান, সেন্ট যোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আহমেদ সাদ ও মোহাম্মদ সাইফান হায়দার, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাজী সুনেহরা ইসলাম সমৃদ্ধি ও মারজানা মানহা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের নাশওয়ান হক মাহির।

এই ছয়জনকে বাছাই করা হয়েছে ১২তম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের (বিডিজেএসও ২০২৬) মাধ্যমে। গত ২৮ আগস্ট ঢাকার আইইউবিএটি ক্যাম্পাসে জাতীয় পর্বে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়। সেখান থেকে ৫৯ জন বিজয়ী হওয়ার পর ৩১ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত ক্যাম্প ও টিম সিলেকশন টেস্টের মাধ্যমে চূড়ান্ত ছয়জনকে নির্বাচন করা হয়।

আরও পড়ুন

আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রস্তুতির জন্য ১৫ সেপ্টেম্বর থেকে ধানমন্ডির মাকসুদুল আলম বিজ্ঞানাগারে শুরু হবে বিশেষ ক্যাম্প ও ব্যবহারিক বিজ্ঞানের প্রশিক্ষণ।

বাংলাদেশ দলটির প্রধান দলনেতা হিসেবে থাকছেন বুয়েটের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে থাকছেন মো. রেজাউল ইসলাম ও ফারজানা আক্তার লিমা। প্রস্তুতি শেষে দলটি ১ ডিসেম্বর সোফিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে। বাংলাদেশ ২০১৫ সাল থেকে নিয়মিত আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে।

আরও পড়ুন