ব্রাজিলের হয়ে পেনাল্টি মিস করা তারকাকে কেন কিনল আর্সেনাল

২২ বছরের অপেক্ষা পর অবশেষে গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপার দেখা পেয়েছে আর্সেনাল। মিকেল আর্তেতার হাত ধরে পাওয়া নতুন সাফল্য যেন নতুন শুরু মাত্র। লিগ জিতেই আর্তেতা জানান দিয়েছিলেন, এখানে থামলেই চলবে না। তাঁদের নজর সামনের দিকে, নজরটা ঠিক কতটা দূরদর্শী, তা দলবদলের মৌসুম শুরু হতেই স্পষ্ট হয়ে উঠল। ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারাইসকে দলে ভিড়িয়েছে গানার্সরা।

ব্রুনো গিমারাইসের বিশ্বকাপ মৌসুম গিয়েছে ভুলে যাওয়ার মতো। নরওয়ের বিপক্ষে পেনাল্টি মিস করে পরিণত হয়েছিলেন ভিলেনে। ব্রাজিলের হারের দায় অনেকটা হলেও যেন তাঁর ওপরই বর্তায়। এতে অবশ্য আর্সেনালের মতামত বিন্দুমাত্র বদলায়নি। দলবদলের মৌসুম শুরুর আগে যেমন আগ্রহ ছিল, তেমনটাই আছে এখনো। আর্তেতার লক্ষ্য ছিল ঘরোয়া লিগে নিজেদের আরও শক্তিশালী করা, ব্রুনো গিমারাইস সেটা করতেই আসছেন লন্ডনে।

আরও পড়ুন
৪ মৌসুম ধরে নিউক্যাসলে খেলছেন ব্রুনো।
ছবি: এক্স

ব্রুনো গিমারাইস কেন

শুরু থেকেই মিকেল আর্তেতার লক্ষ্য দলকে এমনভাবে তৈরি করা, যাতে ইংলিশ প্রিমিয়ার লিগে তাদেরকে টেক্কা দিতে না পারে কেউ। কিন্তু যত দিন যাচ্ছে, আর্সেনালের জন্য সব দিক সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মোট ৬৩টি ম্যাচ খেলেছে আর্সেনাল। মৌসুমের মাঝপথে একেবারেই ছন্নছাড়া হয়ে পড়েছিল মাঝমাঠ। চোট যখন হানা দিয়েছিল, আর্সেনাল হয়ে পড়েছিল দিশাহারা। অনেক আশা নিয়ে ক্রিস্টিয়ান নরগার্ডকে কিনেছিল আর্সেনাল। কিন্তু তার ওপর একেবারেই ভরসা রাখতে পারেননি আর্তেতা। ফলে সাত ম্যাচ খেলেই খুব সম্ভবত তাঁর আর্সেনাল ক্যারিয়ারের ইতি টানা হচ্ছে। দীর্ঘ মৌসুম খেলতে হলে মাঝমাঠে দরকার নতুনত্ব আর ফ্রেশ পা।

২৮ বছর বয়সী গিমারাইস তুরুপের তাস হয়ে উঠতে পারেন এই জায়গাতেই। ২০২২ সালে নিউক্যাসল ইউনাইটেডে যোগ দিয়েছিলেন তিনি। সেই থেকে গত ৪ মৌসুমে মাত্র ১৬টি ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি তিনি। তাঁর মতো ফিট খেলোয়াড় প্রিমিয়ার লিগে খুব কমই আছে। শুধু তাই নয়, মাঝমাঠের ছন্দ বুঝে নিজের খেলাটাও বদলাতে পারেন ব্রুনো। গত মৌসুমে যেমন ৯ গোলের পাশাপাশি ছিল ৮ অ্যাসিস্ট। এমনকি বিশ্বকাপে গিয়ে যখন তাঁর ভূমিকা পাল্টে গিয়েছে, সেখানেও খেল দেখিয়েছেন ৫ ম্যাচে করেছেন ৪ অ্যাসিস্ট। পেনাল্টি মিস না করলে হয়তো বিশ্বকাপটা মনে রাখার মতো হতো তাঁর।

আরও পড়ুন
আর্সেনালেও ৩৯ নম্বর জার্সি পরবেন ব্রুনো গিমারাইস।
ছবি: এক্স

কত টাকায় হলো দলবদল

আর্সেনালের সঙ্গে গিমারাইসের ব্যাটে-বলে মেলায় আর দেরি করেনি দুই পক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের মতে, বিভিন্ন শর্ত যোগ করে ৭৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছিল আর্সেনাল। সেটা ফিরিয়ে দেওয়ায় আর্সেনাল প্রস্তাব দেয় প্রস্তাব ছাড়া ৭৫ মিলিয়ন পাউন্ড দেওয়ায়। দুই বছরের চুক্তি বাকি থাকলেও এই দামেই তাঁকে ছাড়তে রাজি হয় নিউক্যাসল। দলবদলের এই অর্থ পরিশোধ করতে হবে দুই বছরের মধ্যে।

গিমারাইস যোগ দেওয়াতে মাঝমাঠে নেতৃত্ব দেওয়ার মতো বেশ কজন তারকা পেলেন আর্তেতা। অধিনায়ক মার্টিন ওডেগার্ডের সঙ্গে ডেকলান রাইস, মার্তিন জুবিমেন্দি, এবেরেচি এজে—আর্সেনালের মাঝমাঠে গিমারাইসকে জায়গা করে নিতে হবে সবার সঙ্গে লড়াই করে। কিন্তু প্রায় ৭০ ম্যাচের মৌসুম যখন সামনে, প্রিমিয়ার লিগ আর চ্যাম্পিয়নস লিগ যখন লক্ষ্য, তখন এমন একজন মিডফিল্ডারকে কেনা শাপেবর হচ্ছে আর্সেনালের জন্য, তা বলাই যায়। কাজে লাগাতে পারলে ৭৫ মিলিয়ন পাউন্ডকে ঠুনকোই মনে হবে সবার।

আরও পড়ুন