মানুষ কখন প্রথম মাংস খাওয়া শুরু করল

মিডজার্নি

‘মাংস খাই বলেই আমরা এত বুদ্ধিমান’ বলে একটি কথা প্রচলিত আছে। কথাটা হয়তো মিথ্যা নয়। বিজ্ঞানীরা বলেন, প্রায় ২০ লাখ বছর আগে হোমো ইরেকটাসরা প্রথম মাংস খাওয়া শুরু করে। এই প্রোটিনযুক্ত খাবার খাওয়ার কারণেই নাকি তাদের মস্তিষ্ক আকারে বড় হতে থাকে।

কিন্তু নতুন গবেষণা বলছে, এই গল্পে বড় ভুল আছে! হোমো ইরেকটাস আসার অনেক আগেই নাকি মানুষ মাংস চিবিয়ে খেত। ভাবতে পারো, তাহলে আগে কেন বিজ্ঞানীরা ভুল ভেবেছিলেন? কারণ, তানজানিয়ার ওলডুভাই গর্জ এলাকায় প্রচুর প্রাণীর হাড়গোড় পাওয়া গিয়েছিল। সেগুলোতে পাথরের অস্ত্র দিয়ে মাংস কাটার দাগ ছিল। এই হাড়গুলোর বয়স ২০ লাখ বছরের কম। ফলে ওউ সমইটা হোমো ইরেকটাসের সময়ের সঙ্গে মিলে যায়। বিজ্ঞানীরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে তখন বললেন, ওই সময়ে মানুষ প্রথম মাংস খাওয়া শুরু করে।

কিন্তু সম্প্রতি পূর্ব আফ্রিকার সব কটি প্রত্নতাত্ত্বিক সাইট ঘেঁটে বিজ্ঞানীরা দেখলেন, এটা ছিল চোখের ভুল। বিজ্ঞানীরা এত দিন শুধু হোমো ইরেকটাসের আস্তানাগুলোতেই বেশি খোঁড়াখুঁড়ি করেছেন। তাই প্রমাণগুলো ওখানেই বেশি পেয়েছেন।

আরও পড়ুন

নতুন তথ্য বলছে, হোমো গণের বা আমাদের সরাসরি পূর্বপুরুষেরা আসার অনেক আগেই আদিম প্রজাতিরা মাংস খেত।

ইথিওপিয়ায় এর একটি প্রমাণ মিলেছে। ইথিওপিয়ার বাউরি ফর্মেশন এলাকায় অ্যান্টিলোপ (একধরনের হরিণ) এবং ঘোড়ার হাড় পাওয়া গেছে। সেই হাড়ে মাংস কাটার স্পষ্ট দাগ আছে। এগুলোর বয়স প্রায় ২৫ লাখ বছর!

সবচেয়ে বড় চমক হলো, কেনিয়ার ন্যায়াঙ্গা নামে এক জায়গায় বিজ্ঞানীরা এমন কিছু জলহস্তীর হাড় পেয়েছেন, যা কাটা হয়েছিল। এর বয়স কত জানো? প্রায় ২৬ থেকে ৩০ লাখ বছর! অর্থাৎ হোমো ইরেকটাস পৃথিবীতে আসার অন্তত ১০ লাখ বছর আগেই কেউ একজন জলহস্তীর মাংস দিয়ে ভূরিভোজ করেছিল।

আরও পড়ুন

কিন্তু কে খেল এই মাংস? সবচেয়ে বড় রহস্য হলো, ৩০ লাখ বছর আগে এই জলহস্তী শিকার করল কে? তখন তো আমাদের পরিচিত ‘হোমো’ প্রজাতির কেউ ছিলই না। আর এই বিশালাকায় প্রাণীটা শিকারই-বা কীভাবে করল? ন্যায়াঙ্গা সাইটে প্যারানথ্রোপাস নামে এক আদিম প্রজাতির ফসিল পাওয়া গেছে। বিজ্ঞানীরা সন্দেহ করছেন, হয়তো এরাই ছিল সেই আদিম ভোজনরসিক। তবে নিশ্চিত করে কিছু বলার উপায় নেই।

ফলে শুরুতে আমরা যে কথাটা বলেছিলাম, তা হয়তো পুরোপুরি ঠিক নয়। অর্থাৎ শুধু মাংস খাওয়ার কারণে হয়তো আমরা বেশি বুদ্ধিমান হইনি। অথবা একটু অন্যভাবে বললে—আমাদের বুদ্ধিমান হওয়ার পেছনে হয়তো শুধু মাংসের ভূমিকা নেই। কারণ, মানুষের বুদ্ধিমত্তার প্রমাণ পাওয়ার আগেই মাংস খাওয়ার প্রমাণ পাওয়া গেছে। তাই ইতিহাস হয়তো আবার নতুনভাবে লিখতে হবে!

সূত্র: এইএফএল সায়েন্স

আরও পড়ুন