এই পাঁচ প্রাণী মানুষের মতোই চাকরি করে
আমরা মনে করি চাকরি বা পেশা কেবল মানুষেরই থাকে। কিন্তু এমন কিছু পশুপাখি আছে, যারা নির্দিষ্ট ডিউটি বা পেশায় কাজ করছে। এই প্রাণীরা কেবল পরিচিত মুখ নয়, বরং এদের রয়েছে আসল পদবি আর নির্দিষ্ট দায়িত্ব। মানুষও এদের এই কাজকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। সরকারি বড় বড় ভবন সামলানো থেকে শুরু করে সামরিক বাহিনীতে পদমর্যাদা পাওয়া, এমনকি ছোট শহরের নেতৃত্ব দেওয়া—সবখানেই এরা বেশ গুরুত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। সারা বিশ্বেই এদের এই কাজ দারুণ প্রশংসা পাচ্ছে। আসলে মাঝেমধ্যে সবচেয়ে অপ্রত্যাশিত কর্মীরাই সবচেয়ে স্মরণীয় আর গুরুত্বপূর্ণ কাজগুলো করে দেখান। এরাও ঠিক তেমনই। চলো আজ জেনে নেওয়া যাক সেই সব কর্মঠ পশুপাখিদের কথা।
১. ল্যারি দ্য ক্যাট
ল্যারি ব্রিটিশ প্রধানমন্ত্রী কার্যালয়ে ‘চিফ মাউসার টু দ্য ক্যাবিনেট অফিস’ পদে কাজ করছে। ল্যারিই প্রথম বিড়াল, যাকে আনুষ্ঠানিকভাবে চিফ মাউসারের উপাধি দেওয়া হয়েছিল। চিফ মাউসার অর্থাৎ প্রধান ইঁদুরশিকারি। এই পদের মূল কাজ প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনকে ইঁদুরমুক্ত রাখা। এসব পুরোনো ভবনে ইঁদুরের আনাগোনা কমানোর জন্য ঐতিহ্যগতভাবে বিড়ালকে এই পদে নিয়োগ দেওয়া হয়। ১৫ বছর ধরে একই পদে দায়িত্ব পালন করে চলেছে সে।
২. নিলস ওলাভ তৃতীয়
স্যার নিলস ওলাভ একজন মেজর জেনারেল। আধুনিক এই মেজর জেনারেল মানুষ নন, একটি পেঙ্গুইন। পৃথিবীর সবচেয়ে সম্মানিত এই পেঙ্গুইনের পূর্ণ উপাধি মেজর জেনারেল স্যার নিলস ওলাভ তৃতীয়। সম্মান করে তাকে বলা হচ্ছে ‘বুভেট দ্বীপপুঞ্জের বীর’। পেঙ্গুইনের জগতে বিশ্বে সর্বোচ্চ খেতাবধারী এই পেঙ্গুইনকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্বীকৃতি দিয়েছে। ২২ বছর বয়সী কিং জাতের পেঙ্গুইন মেজর জেনারেল স্যার নিলস ওলাভ তৃতীয় যুক্তরাজ্যের স্কটল্যান্ডের এডিনবার্গ চিড়িয়াখানায় বাস করে। বর্তমানে সে নরওয়ের রাজার বিশ্বখ্যাত দেহরক্ষী বাহিনী কিংস গার্ডের অফিশিয়াল মাসকটের দায়িত্ব পালন করছে।
৩. ম্যাক্স তৃতীয়
ক্যালিফোর্নিয়ার পর্যটন শহর ইডিলওয়াইল্ডে গেলে দেখা মেলে এক অদ্ভুত মেয়রের সঙ্গে। তিনি মানুষ নন, বরং গোল্ডেন রিট্রিভার জাতের একটি কুকুর, নাম তার ম্যাক্স তৃতীয়। ২০১২ সাল থেকে এই শহরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছে ম্যাক্স পরিবারের তিন প্রজন্ম। মূলত ইডিলওয়াইল্ড একটি অসংলগ্ন এলাকা হওয়ায় এখানে কোনো মানুষের মেয়র হওয়ার সুযোগ নেই। তাই একটি প্রাণী উদ্ধারকারী সংস্থার ফান্ড সংগ্রহের জন্য পশুদের মধ্যে নির্বাচনের আয়োজন করে। সেই থেকে মেয়র ম্যাক্স এই পদের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। টাই পরে গাড়িতে চড়ে শহর ঘুরে বেড়ানো, পর্যটকদের স্বাগত জানানো এবং স্থানীয় কাজে অংশ নেওয়াই ম্যাক্সের প্রধান কাজ।
৪. কায়রো
বেলজিয়ান ম্যালিনয়েস জাতের কুকুর কায়রো কোনো সাধারণ পোষা প্রাণী ছিল না, সে ছিল মার্কিন নেভি সিলের এক দুর্ধর্ষ সদস্য। এর জীবনের সবচেয়ে বড় পরিচয় হলো ২০১১ সালে ওসামা বিন লাদেনের আস্তানায় চালানো অপারেশন নেপচুন স্পিয়ারে অংশ নেওয়া একমাত্র অমানব সৈনিক। কায়রোকে এমনভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল যে সে একই সঙ্গে একজন ভয়ংকর যোদ্ধা ও অত্যন্ত বুদ্ধিমান শান্ত স্বভাবের ছিল। সে সহজেই একজন সাধারণ শিশু এবং একজন শত্রুর মধ্যে পার্থক্য করতে সক্ষম ছিল। যুদ্ধের ময়দানে মারণাস্ত্র হিসেবে কাজ করা এই কুকুরটি প্যারাশুট দিয়ে নামা এবং হেলিকপ্টার থেকে ঝাঁপ দেওয়ার মতো কঠিন কাজেও দক্ষ ছিল। ২০১৫ সালে সে মারা যায়।
৫. পাঙ্কসসুটাওনি ফিল
প্রতিবছর ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। হাজার হাজার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করেন একটি গ্রাউন্ডহগের জন্য, যার নাম পাঙ্কসসুটাওনি ফিল। ১৮৮৭ সাল থেকে চলে আসা এক ঐতিহ্যবাহী বিশ্বাস অনুযায়ী, ফিল হলো পৃথিবীর একমাত্র আবহাওয়াবিদ প্রাণী যে শীতকাল আর কতদিন থাকবে, তা বলে দিতে পারে। লোককথা অনুযায়ী, ফিল যদি এর গর্ত থেকে বেরিয়ে নিজের ছায়া দেখতে পায়, তবে শীত আরও ছয় সপ্তাহ স্থায়ী হবে। আর যদি ছায়া না পড়ে, তবে বুঝতে হবে বসন্ত খুব কাছেই। পাঙ্কসসুটাওনি ক্লাবের সদস্যরা তাকে খুব মর্যাদা দেয়।