আদর করলে বিড়াল কেন মাথা ঝাঁকায়

কান বা গোঁফে খাবার বা পানির কণা লেগে গেলে তা সরিয়ে ফেলতেও দ্রুত মাথা নাড়ায় বিড়াললাইভ সায়েন্স

যারা বাড়িতে বিড়াল বা কুকুর পোষো, তারা নিশ্চয়ই খেয়াল করেছ, খাওয়ার পর, পানি পান করে কিংবা কানে একটু আদর পাওয়ার পরই এরা খুব দ্রুত মাথা এদিক–ওদিক ঝাঁকিয়ে নেয়। মজার কোনো ভঙ্গি মনে হলেও কেন এরা এমন করে?

বিজ্ঞানীরা বলছেন, বিড়ালের মাথার ওপরের অংশ ও কানের চারপাশের লোমগুলো অত্যন্ত সংবেদনশীল। ইংল্যান্ডের এক্সেটার ইউনিভার্সিটির গবেষক সারাহ ক্রাউলি জানান, যখন এই বিশেষ লোম বা স্নায়ুর প্রান্তে কোনো উদ্দীপনা তৈরি হয়, তখন বিড়াল স্বয়ংক্রিয়ভাবেই মাথা নাড়াতে শুরু করে। ধরো, তুমি আদর করে বিড়ালের কানে বা গোঁফের কাছে হাত দিলেন, এই ছোঁয়া এর স্নায়ুতে একধরনের সংকেত পাঠায়, যা তাকে মাথা ঝাড়তে উৎসাহিত করে।

কান বা গোঁফে খাবার বা পানির কণা লেগে গেলে তা সরিয়ে ফেলতেও দ্রুত মাথা নাড়ায় বিড়াল। অনেক সময় বিড়াল এর গায়ের লোমগুলো গুছিয়ে নিতে বা কানের ভেতর কোনো অস্বস্তি দূর করতেও এমনটি করে থাকে। তবে মনে রাখবে, বিড়ালের কানে ফুঁ দিলে এরা খুব বিরক্ত হয় এবং তখনো এভাবে মাথা ঝাঁকিয়ে প্রতিবাদ জানায়।

আরও পড়ুন

মজার ব্যাপার হলো, আমরা মানুষেরা এভাবে মাথা ঝাঁকালে মাথা ঘুরে পড়ে যেতে পারি। কিন্তু বিড়াল বা কুকুরের ক্ষেত্রে তা হয় না। বিজ্ঞানীরা বলছেন, প্রাণীরা সাধারণত বৃত্তাকারে ঘুরলে মাথা ঘোরার সমস্যায় পড়ে, কিন্তু এই দ্রুত এদিক–ওদিক ঝাঁকুনিতে এদের কোনো শারীরিক অসুবিধা হয় না।

কুকুরপ্রেমীরা নিশ্চয়ই ভেজা কুকুরের শরীর ঝাঁকানোর সঙ্গে পরিচিত

বিড়াল বা কুকুরের মাথা ঝাঁকানোর বিষয়টি কেবল এদের মধ্যেই রয়েছে, এমন নয়। ইঁদুর বা ছুঁচোর মতো অনেক স্তন্যপায়ী প্রাণীর কানের আশপাশে কিছু লাগলে এরা একইভাবে মাথা ঝাঁকিয়ে তা সরিয়ে ফেলে। তবে কুকুরের ক্ষেত্রে এটি আরও বৈচিত্র্যময়। জার্মান শেফার্ডের মতো যেসব কুকুরের কান খাড়া থাকে, এদের কানে ধুলাবালু বা পোকামাকড় সহজে ঢোকে বলে এরা কুকুরের চেয়ে বেশি মাথা ঝাঁকায়।

কুকুরপ্রেমীরা নিশ্চয়ই ভেজা কুকুরের শরীর ঝাঁকানোর সঙ্গে পরিচিত। গোসল করানোর পর তোয়ালে দিয়ে মোছার আগেই এরা মাথা থেকে লেজ পর্যন্ত এমনভাবে শরীর ঝাঁকায় যে চারপাশ ভিজে একাকার হয়ে যায়।

আরও পড়ুন
হাজার হাজার বছর আগে নিরীহদর্শন বিড়াল ছিল বুনো জঙ্গলের ত্রাস
ছবি: গেটি ইমেজ

তবে এই আদুরে ভঙ্গিটি সব সময় স্বাভাবিক না–ও হতে পারে। প্রিয় পোষা প্রাণীটি যদি বারবার মাথা ঝাঁকায়, কান চুলকায় কিংবা মাথা একদিকে কাত করে রাখে, তবে সাবধান হওয়া জরুরি। এটি কানের সংক্রমণ, পরজীবী বা অন্য কোনো স্নায়বিক সমস্যার লক্ষণ হতে পারে।

সময়মতো চিকিৎসা না করালে কানের পর্দার ক্ষতিসহ এদের ভারসাম্যের সমস্যাও দেখা দিতে পারে। তাই পোষা প্রাণীর এমন আচরণ নিয়মিত নজরে রাখা প্রয়োজন। অধিকাংশ ক্ষেত্রে এটি এদের পরিষ্কার থাকার কৌশল হলেও অস্বাভাবিক কিছু দেখলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

সূত্র: লাইভ সায়েন্স

আরও পড়ুন