ভয়েজার–১ পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে, মানে কী

শিল্পীর কল্পনায় ভয়েজার ১ছবি: নাসা

মহাকাশের দূরত্ব বোঝাতে আমরা সাধারণত কিলোমিটার ব্যবহার করি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব প্রায় ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব প্রায় ১৫ কোটি কিলোমিটার। কিন্তু মহাকাশের বিশালত্বের তুলনায় এসব দূরত্বও একসময় খুব ছোট মনে হয়। তাই জ্যোতির্বিজ্ঞানীরা দূরত্ব মাপার জন্য আলোকবর্ষের মতো একক ব্যবহার করেন। এরই একটি ছোট একক হলো ‘আলোক-দিন’।

সম্প্রতি মহাকাশযান ভয়েজার–১-কে ঘিরে আলোচনায় এসেছে ‘ওয়ান লাইট-ডে ফ্রম আর্থ’ বা পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্বের বিষয়টি। কথাটির মানে, পৃথিবী থেকে কোনো সংকেত আলোর গতিতে রওনা দিলে ভয়েজার–১-এ পৌঁছাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগবে।

কিন্তু এক আলোক-দিন আসলে কত দূর? আর ভয়েজার–১ কীভাবে এত দূরে পৌঁছাল?

এক আলোক-দিন

মহাবিশ্বে সবচেয়ে দ্রুতগতির তরঙ্গ বা কণা হলো আলো। শূন্যস্থানে আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লাখ কিলোমিটার পথ পাড়ি দেয়। এই গতিতে এক মিনিটে আলো প্রায় ১ কোটি ৮০ লাখ কিলোমিটার যায়। আর ২৪ ঘণ্টায় যায় প্রায় ২৫৯০ কোটি কিলোমিটার। এ দূরত্বকেই বলা হয় এক আলোক-দিন।

তাহলে এক আলোক-দিন কত বিশাল, একটু কল্পনা করা যাক। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব প্রায় ৩ লাখ ৮৪ হাজার কিলোমিটার। এক আলোক-দিনের দূরত্ব পাড়ি দিতে হলে পৃথিবী থেকে চাঁদে যাওয়া-আসা করতে হবে প্রায় ৬৭ হাজার ৪০০ বার! পৃথিবীর চারপাশে ঘুরলেও প্রায় ৬ লাখ ৪৬ হাজারবার ঘোরা হয়ে যাবে।

২০২৬ সালের ১৮ নভেম্বর এই দূরত্বের মাইলফলক ছুঁয়েছে ভয়েজার–১। পৃথিবী থেকে তখন মহাকাশযানটির দূরত্ব ছিল প্রায় ২৫৯০ কোটি কিলোমিটার। মানুষের তৈরি আর কোনো মহাকাশযান এখন পর্যন্ত এত দূরে যেতে পারেনি।

আরও পড়ুন

প্রায় ৫০ বছরের এক মহাকাশযাত্রা

ভয়েজার–১-এর যাত্রা শুরু হয়েছিল ১৯৭৭ সালের ৫ সেপ্টেম্বর। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা মহাকাশযানটি উৎক্ষেপণ করে। এর মূল উদ্দেশ্য ছিল সৌরজগতের বাইরের দিকের বড় গ্রহগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করা। বিশেষ করে বৃহস্পতি ও শনিকে কাছ থেকে পর্যবেক্ষণ করার পরিকল্পনা ছিল বিজ্ঞানীদের।

মহাকাশযানটির যমজ আরেকটি মহাকাশযান রয়েছে, নাম ভয়েজার ২। সেটি উৎক্ষেপণ করা হয়েছিল ১৯৭৭ সালের ২০ আগস্ট। দুটি মহাকাশযান ভিন্নপথে যাত্রা করলেও এদের অভিযান মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলে দেয়।

১৯৭৯ সালে ভয়েজার–১ পৌঁছে যায় বৃহস্পতির কাছে। গ্রহটির বায়ুমণ্ডল, চৌম্বকক্ষেত্র ও উপগ্রহগুলো পর্যবেক্ষণ করে পাঠায় নানা তথ্য। বৃহস্পতির উপগ্রহ আইওতে সক্রিয় আগ্নেয়গিরির সন্ধান পাওয়া যায়। সৌরজগতের কোনো উপগ্রহে সক্রিয় আগ্নেয়গিরির এমন দৃশ্য আগে দেখা যায়নি।

এরপর ১৯৮০ সালে ভয়েজার–১ পৌঁছায় শনির কাছে। গ্রহটির বলয় ও উপগ্রহ টাইটান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে। টাইটানের ঘন বায়ুমণ্ডল সম্পর্কে বিজ্ঞানীদের ধারণা আরও স্পষ্ট হয়।

এই অভিযান শেষে মহাকাশযানটির গতিপথ বদলে যায়। এরপর থেকে এটি সৌরজগতের বাইরের দিকে এগিয়ে যেতে থাকে। পৃথিবী থেকে দূরত্বও বাড়তে থাকে প্রতিদিন।

আরও পড়ুন
পেল ব্লু ডট

পৃথিবীর ছবি তুলেছিল ৬০০ কোটি কিলোমিটার দূর থেকে

ভয়েজার–১-এর পাঠানো সবচেয়ে বিখ্যাত ছবিগুলোর একটি হলো ‘পেল ব্লু ডট’। ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি ছবিটি তোলা হয়েছিল। তখন মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ৬০০ কোটি কিলোমিটার দূরে।

ছবিতে পৃথিবীকে দেখায় ছোট্ট একটি নীল বিন্দুর মতো। বিশাল মহাকাশের তুলনায় আমাদের গ্রহ কত ক্ষুদ্র, ছবিটি যেন সেটিই মনে করিয়ে দেয়। বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সেগান এই ছবিকে কেন্দ্র করে ‘পেল ব্লু ডট’ নামে একটি বইও লিখেছিলেন।

এরপর ২০১২ সালে ভয়েজার–১ আরেকটি ইতিহাস গড়ে। এটি সূর্যের তৈরি বিশাল প্রভাববলয় হেলিওস্ফিয়ারের সীমানা পেরিয়ে আন্তনাক্ষত্রিক মহাকাশে প্রবেশ করে। হেলিওস্ফিয়ার হলো সূর্য থেকে নির্গত চার্জযুক্ত কণা ও চৌম্বকক্ষেত্রের তৈরি এক বিশাল বুদ্‌বুদের মতো অঞ্চল। এর বাইরে রয়েছে আন্তনাক্ষত্রিক পরিবেশ। অর্থাৎ বিভিন্ন নক্ষত্রের মধ্যবর্তী মহাকাশ।

অবশ্য হেলিওস্ফিয়ারের বাইরে গেলেই সূর্যের মহাকর্ষীয় প্রভাব শেষ হয়ে যায় না। সূর্যের মহাকর্ষের প্রভাব অনেক দূর পর্যন্ত বিস্তৃত। তাই আন্তনাক্ষত্রিক মহাকাশে পৌঁছানো আর সৌরজগতের সব সীমা পেরিয়ে যাওয়া এক বিষয় নয়।

আরও পড়ুন

একটি বার্তা পৌঁছাতে ২৪ ঘণ্টা

ভয়েজার–১-এর সঙ্গে পৃথিবীর যোগাযোগের মাধ্যম রেডিও তরঙ্গ। এই তরঙ্গও আলোর গতিতে চলে। তাই মহাকাশযানটি যত দূরে যাচ্ছে, পৃথিবী থেকে পাঠানো বার্তা পৌঁছাতে তত বেশি সময় লাগছে।

একসময় পৃথিবী থেকে পাঠানো সংকেত কয়েক ঘণ্টার মধ্যেই পৌঁছে যেত। এখন সেখানে পৌঁছাতে লাগে পুরো ২৪ ঘণ্টা। আবার ভয়েজার–১ থেকে কোনো বার্তা পৃথিবীতে ফিরে আসতেও লাগে আরও ২৪ ঘণ্টা।

এত দূরে থেকেও ভয়েজার–১-এর সঙ্গে যোগাযোগ রাখা প্রকৌশলীদের জন্য দারুণ এক চ্যালেঞ্জ। মহাকাশযানটির শক্তিশালী অ্যানটেনা পৃথিবীর দিকে তাক করে রাখা হয়। পৃথিবীর বিশাল রেডিও অ্যানটেনার সাহায্যে সেই ক্ষীণ সংকেত গ্রহণ করেন বিজ্ঞানীরা।

আরও পড়ুন
ভয়েজার ২ মহাকাশযানের সাহায্যে তোলা ইউরেনাস (বামে) এবং নেপচুনের (ডানে) ছবি
ছবি: নাসা/জেপিএল-ক্যালটেক

এখনো ছুটছে মহাকাশযানটি

প্রায় ৫০ বছর ধরে মহাকাশে ছুটছে ভয়েজার–১। এর গতি ঘণ্টায় প্রায় ৬১ হাজার কিলোমিটার। এই গতিতে চলতে থাকলে এক দিনে প্রায় ১৪ লাখ ৬০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে পারে মহাকাশযানটি।

তবে এত দীর্ঘ সময় চলার কারণে এর জমা রাখা শক্তি ধীরে ধীরে কমছে। ভয়েজার–১-এ বিদ্যুৎ উৎপাদনের জন্য রয়েছে প্লুটোনিয়াম-২৩৮ ব্যবহার করা একটি বিশেষ ব্যবস্থা। একে বলা হয় রেডিওআইসোটোপ থার্মোইলেকট্রিক জেনারেটর। প্লুটোনিয়ামের তেজস্ক্রিয় ক্ষয়ের ফলে উৎপন্ন তাপ থেকে বিদ্যুৎ তৈরি হয়। সময়ের সঙ্গে এই ব্যবস্থার বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা কমে যাচ্ছে।

বিদ্যুৎ সাশ্রয় করতে বিজ্ঞানীরা ধীরে ধীরে এর বিভিন্ন যন্ত্রপাতি বন্ধ করে দিচ্ছেন। এতে মহাকাশযানটির কার্যক্রম যত দিন সম্ভব চালু রাখা যাবে। এত পুরোনো প্রযুক্তির একটি মহাকাশযান এখনো পৃথিবীতে সংকেত পাঠাতে পারছে, এটিও প্রকৌশলীদের জন্য বড় সাফল্য।

আরও পড়ুন

সঙ্গে নিয়ে যাচ্ছে পৃথিবীর গল্প

ভয়েজার–১-এর গায়ে লাগানো রয়েছে একটি বিশেষ সোনালি চাকতি। এর নাম ‘গোল্ডেন রেকর্ড’। এতে পৃথিবীর নানা ছবি, বিভিন্ন ভাষায় শুভেচ্ছাবার্তা, সংগীত, প্রাকৃতিক শব্দ এবং মানুষের জীবনযাপনের নানা পরিচয় সংরক্ষণ করা হয়েছে।

কেন এই ব্যবস্থা? বিজ্ঞানীদের ভাবনা ছিল, ভবিষ্যতে কোনো ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণী মহাকাশযানটি খুঁজে পেলে তারা যেন পৃথিবী ও মানুষের সম্পর্কে কিছু ধারণা পায়। তাই গোল্ডেন রেকর্ডকে বলা যায় মহাকাশে পাঠানো পৃথিবীর একটি পরিচয়পত্র।

মহাকাশযানটি হয়তো একসময় বিদ্যুৎ উৎপাদন করতে পারবে না। তখন আর পৃথিবীতে কোনো সংকেত পাঠাতে পারবে না। কিন্তু এর যাত্রা থেমে যাবে না। মহাকাশের গহিন অন্ধকারে নীরবে এগিয়ে চলবে। সঙ্গে থাকবে পৃথিবীর গল্প।

সূত্র: নাসা, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি এবং নেচার

আরও পড়ুন