দেশি কমিক কনে কী কী হলো
মার্ভেল, ডিসি, অ্যানিমে, মাঙ্গা কিংবা হলিউডের চরিত্র ও গল্পে আমরা মুগ্ধ হই। এসব নিয়ে উৎসবও হয়। কিন্তু আমাদের নিজেদের গল্প, কমিক, শিল্পী, অ্যানিমেটর, ইলাস্ট্রেটর, গেম ও চরিত্রগুলো কোথায়? এই প্রশ্ন থেকেই যেন নতুন করে শুরু হলো বাংলাদেশের কমিককে ঘিরে একটি আয়োজন। দেশি কমিক কন ঢাকা ২০২৬।
২৫ সেপ্টেম্বর ঢাকার টোকিও স্কয়ার কনভেনশন সেন্টারের অর্কিড হলে অনুষ্ঠিত হয় দেশি কমিক কন। দিনব্যাপী এই আয়োজনে অংশ নেয় বাংলাদেশের কমিক নির্মাতা, প্রকাশক, শিল্পী, অ্যানিমেটর, স্টুডিও, পারফর্মার, বিক্রেতা ও কমিকপ্রেমীরা। উদ্দেশ্য ছিল কমিক নিয়ে কথা বলা, পাশাপাশি দেশের নিজস্ব কমিক ও সৃজনশীল সংস্কৃতিকে দর্শকের সামনে তুলে ধরা এবং কমিকের সঙ্গে যুক্ত মানুষদের একসঙ্গে হওয়ার একটি জায়গা তৈরি করা।
আয়োজনে ছিল বাংলাদেশের পরিচিত কয়েকটি কমিক প্ল্যাটফর্মের স্টল। উন্মাদ ম্যাগাজিন, ঢাকা কমিকস, কার্টুন পিপল, বুম কমিকস, কিশোর আলোসহ বিভিন্ন প্রকাশনা ও প্রতিষ্ঠান এখানে নিজেদের কাজ তুলে ধরেছে। পাশাপাশি শিল্পী ও নির্মাতারাও স্টল দিয়েছেন। কমিক বই, ছবি, পোস্টার, গেম, সংগ্রহযোগ্য সামগ্রী, নানা ধরনের পণ্য ও হাতে তৈরি শিল্পকর্মে জায়গাটি ভরা ছিল।
দেশের নতুন সৃজনশীল কাজের সঙ্গে দর্শকদের সরাসরি পরিচয় করিয়ে দেওয়ার সুযোগও ছিল সেখানে। নির্মাতা অন্তিক মাহমুদ তাঁর প্রথম কার্ড গেম ‘কে? দ্য কার্ড গেম’ প্রদর্শন করেন। দর্শকেরা গেমটি সম্পর্কে জানার পাশাপাশি দেশের তৈরি অন্যান্য নতুন সৃজনশীল কাজও দেখার সুযোগ পান।
কমিক সংস্কৃতি নিয়ে আলোচনা
আয়োজনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ‘বাংলাদেশের কমিক সংস্কৃতির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ নিয়ে প্যানেল আলোচনা। এতে অংশ নেন উন্মাদ ম্যাগাজিন, ঢাকা কমিকস, কার্টুন পিপল, বুম কমিকস, অন্তিক মাহমুদ, অগোপোগো স্টুডিওস ও কিশোর আলোর প্রতিনিধিরা।
আলোচনায় শুধু কোনো নির্দিষ্ট কমিক বা শিল্পীকে নিয়ে কথা হয়নি। বরং বাংলাদেশের কমিক সংস্কৃতি কোথা থেকে এসেছে, বর্তমানে এর অবস্থান কী, নির্মাতা ও প্রকাশকেরা কী ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং ভবিষ্যতে এই ক্ষেত্র কোন দিকে যেতে পারে—এসব বিষয় উঠে আসে।
কমিককে সাধারণ পাঠকের কাছে আরও সহজে পৌঁছে দেওয়া, দেশের শিল্পীদের বড় দর্শকের কাছে পরিচিত করা, তরুণদের ছবি আঁকা ও গল্প বলায় উৎসাহিত করা এবং ডিজিটাল মাধ্যমে অভ্যস্ত প্রজন্মকে নির্মাতা হিসেবে গড়ে তোলার বিষয়েও আলোচনা হয়।
দর্শকেরাও অংশ নিয়েছে
দেশি কমিক কনের সারা দিনই ছিল নানা ধরনের প্রতিযোগিতা ও আয়োজন। বাংলাদেশের কমিক ও কার্টুন সংস্কৃতির অন্যতম পরিচিত ব্যক্তিত্ব কার্টুনিস্ট আহসান হাবীব অন স্পট আর্ট প্রতিযোগিতার বিচারক ছিলেন। তরুণ শিল্পী ও দর্শকদের উদ্দেশে তিনি উৎসাহমূলক কথা বলেন।
ছিল লাইভ ক্যারিকেচার, গেমিং, কমিক ও আর্ট প্রতিযোগিতা, কসপ্লে প্রতিযোগিতা, কর্মশালা ও বিভিন্ন পরিবেশনা। কসপ্লেতে দর্শকেরা নিজেদের পছন্দের চরিত্রের সাজ ও নিজেদের সৃজনশীলতা তুলে ধরেন। গেমিং ও অন্যান্য প্রতিযোগিতায় দর্শকেরাও সরাসরি অংশ নেওয়ার সুযোগ পান। সংগীতের আয়োজনও ছিল। দিনভর ছয়টি ব্যান্ড মঞ্চে গান পরিবেশন করে।
ফলে আয়োজনটি শুধু কমিকপ্রেমীদের মিলনমেলা হয়ে থাকেনি। শিল্পী, লেখক, গেম নির্মাতা, পারফর্মার, সংগীতশিল্পী ও তরুণ দর্শকদেরও একই জায়গায় নিয়ে এসেছিল।
দেশি কমিক কনের বাংলাদেশের নিজস্ব কমিক ও সৃজনশীল সংস্কৃতির জন্য একটি দীর্ঘমেয়াদি প্ল্যাটফর্ম তৈরি করতে চায়। এই আয়োজনের সহযোগী কিশোর আলো।