অস্ত্রোপচারের খরচ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন ফুটবলার প্রতিমা, পাশে দাঁড়াল কিশোর আলো
মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সহযোগিতায় হাঁটুর অস্ত্রোপচার করিয়েছেন নারী ফুটবলার প্রতিমা মুন্ডা। অস্ত্রোপচারের খরচ জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় ছিল তাঁর পরিবার। শেষ পর্যন্ত ফরিদুর রেজা সাগরের অর্থায়ন ও কিশোর আলোর উদ্যোগে চিকিৎসার ব্যয় মেটানো হয়। এখন ধীরে ধীরে সুস্থ হয়ে আবার সবুজ মাঠে ফেরার স্বপ্ন দেখছেন প্রতিমা।
ঘরের ভেতর থেকে ক্রাচে ভর দিয়ে ধীরে ধীরে বেরিয়ে এলেন প্রতিমা। ডান পায়ে ব্যান্ডেজ। হাঁটছেন খুব সাবধানে। বাড়ির সামনে একটি চেয়ার টেনে বসতেই শুরু হলো কথা। একসময় যাঁর পায়ের ছোঁয়ায় ফুটবল ছুটে বেড়াত মাঠজুড়ে, সেই প্রতিমার এখন চলাফেরার ভরসা ক্রাচ। সতীর্থরা মাঠে অনুশীলন করছেন, খেলছেন প্রতিযোগিতায়। আর তাঁকে দিন কাটাতে হচ্ছে ঘরে শুয়ে-বসে। অপেক্ষা, কবে আবার ফিরবেন সবুজ মাঠে।
২৪ নভেম্বর সাতক্ষীরার তালা উপজেলার দুর্গাপুর গ্রামে প্রতিমাদের বাড়িতে গিয়ে দেখা যায়, জরাজীর্ণ ঘরের সামনে বসে বাসন মাজছিলেন তাঁর মা সুনিতা মুন্ডা। বাবা শ্রীমন্ত মুন্ডা এগিয়ে এসে বসতে দিলেন। পরিবারের সঙ্গে কথা বলে জানা গেল, মেয়ের চিকিৎসা নিয়ে কত দুশ্চিন্তায় দিন কেটেছে তাঁদের। মা–বাবার সামর্থ্য ছিল না মেয়ের হাঁটুর অস্ত্রোপচারের খরচ জোগানোর। শেষ পর্যন্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিশোর আলো।
প্রতিমা বাংলাদেশ অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলের হয়ে খেলেছেন। ভারতের পাশাপাশি ভিয়েতনাম ও নেপালের মাঠেও দেশের প্রতিনিধিত্ব করেছেন। সর্বশেষ গত ফেব্রুয়ারিতে নেপালে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে খেলেছেন। স্বপ্ন দেখেন, একদিন জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন। কিন্তু গত ৫ আগস্ট বিকেএসপিতে একটি ম্যাচ খেলতে গিয়ে ডান হাঁটুতে গুরুতর চোট পান তিনি।
প্রতিমা বলেন, ‘বিকেএসপির জুনিয়র ছেলেদের সঙ্গে আমাদের একটি ম্যাচ ছিল। খেলার শুরুতে দৌড়াতে গিয়ে পড়ে যাই। এতে ডান হাঁটুতে ব্যথা পাই। প্রথমে বিকেএসপিতে চিকিৎসা নেওয়া হয়। হাঁটুতে বরফ দেওয়া ও থেরাপি নেওয়ার পরও ব্যথা না কমায় এমআরআই করানো হয়। পরীক্ষায় দেখা যায়, হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট (এসিএল) ছিঁড়ে গেছে।’
চোট পাওয়ার পর চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরামর্শ দেন। কিন্তু চিকিৎসার খরচ জোগাড় করা নিয়ে বিপাকে পড়ে পরিবার। প্রতিমার বাবা শ্রীমন্ত মুন্ডা দিনমজুরের কাজ করেন। মা সুনিতা মুন্ডাও কৃষিশ্রমিক। তবে প্রতিদিন কাজ মেলে না। দুজনের মাসিক আয় পাঁচ থেকে সাত হাজার টাকার বেশি নয়। একটি বেসরকারি সংস্থার দেওয়া তিন শতক জমিতে তাঁদের বসবাস। সেখানে চাটাই ও বাঁশের বেড়া এবং অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া জরাজীর্ণ একটি ঘর।
প্রতিমার মা সুনিতা মুন্ডা বলেন, ‘মেয়ের চিকিৎসা করানোর সামর্থ্য আমাদের ছিল না। আর্থিক সহায়তার জন্য তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছিলাম। কিন্তু কিছু পাইনি। মেয়েটার চিকিৎসা কীভাবে করাব, সেই দুশ্চিন্তায় দিন কেটেছে। এখন চিকিৎসা শেষে মেয়েটা বাড়ি ফিরেছে। কিন্তু ওকে একটু ভালো খাবার দেব, সেই সামর্থ্যও আমাদের নেই।’
প্রতিমার ফুটবলার হয়ে ওঠার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে সাতক্ষীরার ফুটবল প্রশিক্ষক খন্দকার আরিফ হাসানের। ২০১৯ সালের দিকে একটি ফুটবল টুর্নামেন্টে অংশ নিতে সাতক্ষীরা স্টেডিয়ামে এসেছিল শিশু প্রতিমা। তখন গ্যালারি থেকে নেমে তাঁর সঙ্গে কথা বলেন আরিফ হাসান। ফুটবল শিখতে আগ্রহী কি না জানতে চাইলে রাজি হয় প্রতিমা। তবে সাতক্ষীরায় থেকে প্রশিক্ষণ নেওয়ার মতো থাকার জায়গা ছিল না তাঁর।
খন্দকার আরিফ হাসান বলেন, ‘আমি তাকে আমার বাসায় রেখে প্রশিক্ষণ, খাওয়াদাওয়া ও পড়াশোনার ব্যবস্থা করি। পরে তাকে বিকেএসপিতে ভর্তি করাই। শুধু প্রতিমা নয়, প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ১৮ জন মেয়েকে আমার বাসায় রেখে প্রশিক্ষণ দিয়েছি। তাদের সবাইকে বিকেএসপিতে ভর্তি করিয়েছি। তাদের অনেকে এখন বিশ্ববিদ্যালয়ে পড়ছে।’
প্রতিমার হাঁটুতে অস্ত্রোপচার প্রয়োজন, এমন খবর পাওয়ার পর সহযোগিতার উদ্যোগ নেন আরিফ হাসান। তাঁর মেয়ে জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড় আফঈদা খন্দকারের মাধ্যমে কিশোর আলোর সম্পাদক আনিসুল হকের সঙ্গে যোগাযোগ করেন তিনি।
আরিফ হাসান বলেন, ‘প্রতিমা এর আগেও একবার কিশোর আলোর পক্ষ থেকে সহযোগিতা পেয়েছিল। তাই এবারও বিষয়টি তাঁদের জানানোর চেষ্টা করি। আনিসুল হক বিষয়টি জানার পর সহযোগিতার আশ্বাস দেন। প্রথমে প্রতিমাকে হাসপাতালে ভর্তি করে অস্ত্রোপচারের তারিখ নিতে বলি। পরে ১৫ নভেম্বর অস্ত্রোপচারের তারিখ নির্ধারিত হয়। এরপর আনিসুল হক সরাসরি প্রতিমার সঙ্গে যোগাযোগ করেন এবং চিকিৎসার খরচের দায়িত্ব নেন।’
কিশোর আলোর সম্পাদক আনিসুল হক বলেন, ‘বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক আফঈদা খন্দকার মুঠোফোনে প্রতিমার হাঁটুতে অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথা জানান। এরপর কিশোর আলোর পক্ষ থেকে তার চিকিৎসা ব্যয় মেটানোর উদ্যোগ নেওয়া হয়। মিডিয়া ব্যক্তিত্ব ও শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের সহযোগিতায় প্রতিমার চিকিৎসা ও আনুষঙ্গিক খরচ বাবদ ১ লাখ ৭৪ হাজার ৮৫০ টাকা পরিশোধ করা হয়েছে।’
অস্ত্রোপচারের পর বাড়িতে ফিরেছেন প্রতিমা। এখন চলছে সুস্থ হয়ে ওঠার পালা। ক্রাচের সাহায্যে অল্প অল্প হাঁটছেন। সামনে দীর্ঘ পুনর্বাসনপ্রক্রিয়া। প্রতিমার আশা, আবারও পুরোপুরি সুস্থ হয়ে ফুটবল মাঠে ফিরবেন। দেশের হয়ে খেলবেন আরও বড় প্রতিযোগিতায়।