পরীক্ষার ফল ভালো করব কীভাবে

পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে আর সেগুলোর উত্তর কীভাবে লিখতে হয়, সেটা একটু খেয়াল করে দেখা।গ্রাফিকস: প্রথম আলো

পরীক্ষার ফল ভালো করার উপায়টা আজ আমি তোমাদের শিখিয়ে দেব। সবচেয়ে সহজ উপায়টা হলো, জিনিসটা শিখে ফেলা। জিনিসটা কী, সেটা বুঝে ফেলা। তা করতে হলে বিষয়টা তোমার ভালো লাগতে হবে। ভালো লাগাও কিন্তু অনুশীলনের ব্যাপার। চর্চার ব্যাপার। মানে, প্র্যাকটিসের ব্যাপার।

আমি যেদিন প্রথম চাইনিজ রেস্তোরাঁয় খেতে গেলাম, খাবারটা আমার ভালো লাগেনি। কয়েকবার খাওয়ার পর চাইনিজ খাবার আমার প্রিয় খাবারে পরিণত হলো। আমি কিন্তু ছাত্রজীবনে ক্রিকেট খেলা অপছন্দ করতাম। সবাই যখন টেলিভিশনের সামনে ভিড় করে ক্রিকেট খেলা দেখত, আমার কাছে সেটা ছিল খুবই বিরক্তিকর ব্যাপার। তারপর বাংলাদেশ যখন ক্রিকেটে ভালো করতে লাগল, আমিও আস্তে আস্তে ক্রিকেট খেলা দেখতে শুরু করলাম। এখন তো ক্রিকেট আমার খুবই প্রিয় একটা খেলা।

পড়াশোনার ব্যাপারটাও তাই। প্রথম প্রথম কোনো একটা বিষয় ভালো না-ই লাগতে পারে। কিন্তু তুমি চেষ্টা করো, পড়ো, বোঝার চেষ্টা করো আর অনুশীলন করো। দেখবে, ওই বিষয়টাও তোমার ভালো লাগতে শুরু করেছে। আর একবার যদি বিষয়টা ভালো লেগে যায়, তাহলে তাতে ভালো করার সম্ভাবনাও অনেক বেড়ে যাবে।

আরও পড়ুন

তারপরও পরীক্ষার ফল ভালো করার কয়েকটা কৌশল আছে। একটা হলো, পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে আর সেগুলোর উত্তর কীভাবে লিখতে হয়, সেটা একটু খেয়াল করে দেখা। সংক্ষিপ্ত উত্তর যেখানে চাওয়া হবে, সেখানে বড় করে লেখার দরকার নেই। আবার যেখানে পরীক্ষক একটু বড় উত্তর আশা করবেন, সেখানে সংক্ষেপে উত্তর দিলে চলবে না। কাজেই প্রশ্নপত্রে ওই উত্তরের জন্য কত নম্বর বরাদ্দ আছে, সেটা দেখে নেওয়া ভালো।

বাংলা আর ইংরেজিতে ভালো করার আরেকটা উপায় হলো, প্রচুর বই পড়া। বাংলা ও ইংরেজিতে বই পড়ো, পত্রিকা পড়ো। ইংরেজি শোনা ও বলার দক্ষতা বাড়ানোর জন্য ইংরেজি সিনেমা দেখতে পারো। এখন তো তোমাদের জন্য অনেক সুযোগ-সুবিধা আছে। অনলাইনে পৃথিবীর সেরা সিনেমাগুলো দেখে ফেলতে পারো। ইংরেজি সাহিত্যের বই বাংলা অনুবাদে পড়ার পাশাপাশি মূল ইংরেজি বইটিও পড়ার চেষ্টা করতে পারো। ফেসবুকে স্ট্যাটাস লেখার সময় ইংরেজি লেখার অভ্যাসও করতে পারো। সপ্তাহে অন্তত তিন ঘণ্টা ইংরেজি সাহিত্য থেকে পড়বে, তিন ঘণ্টা বাংলা সাহিত্য থেকে পড়বে। পাঠ্যবইয়ের কথা বলছি না। বলছি বাইরের বইয়ের কথা।

আরও পড়ুন
চর্চা করো। অনুশীলন করো। গণিতে ভালো নম্বর পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো, নিয়মিত প্র্যাকটিস করা।
প্রথম আলো ফাইল ছবি

বাংলা আর ইংরেজিতে ভালো করার জন্য প্রথমে পাঠ্যবইয়ের মূল লেখাগুলো বারবার পড়ে নিতে হবে। শুধু প্রশ্ন আর উত্তর মুখস্থ করলে চলবে না। মূল লেখাটা ভালো করে বুঝতে হবে। তারপর প্রশ্ন আর অনুশীলনী নিয়ে খাটতে হবে। কোন প্রশ্নের কী উত্তর হতে পারে, নিজের খাতায় সেটা লিখে ফেলো। তারপর নিজের লেখা উত্তরগুলো মনে রাখার চেষ্টা করো।

গণিতে ভালো করার জন্য প্রথমে যে পরামর্শটা আমি দেব, তা হলো, সরাসরি অনুশীলনীতে না গিয়ে আগে অধ্যায়ে যে কথাগুলো লেখা আছে, সেগুলো পড়ো। পড়ে বোঝার চেষ্টা করো, বিষয়টা কী। তারপর সেখানে যে উদাহরণগুলো দেওয়া আছে, সেগুলো নিজে সমাধান করার চেষ্টা করো। সেগুলো সমাধান করা হয়ে গেলে অনুশীলনীতে যাও।

এরপরের পরামর্শটা হলো, চর্চা করো। অনুশীলন করো। গণিতে ভালো নম্বর পাওয়ার সবচেয়ে ভালো উপায় হলো, নিয়মিত প্র্যাকটিস করা। গণিত যত বেশি অনুশীলন করবে, পরীক্ষায় ভালো করার সম্ভাবনাও তত বাড়বে।

আরও পড়ুন

ভালো ছাত্র হওয়ার জন্য নিয়মিত ক্লাস করতে হবে। শিক্ষকেরা যা বলেন, মন দিয়ে শুনতে হবে। আর যেদিনকার পড়া, সেদিনই পড়ে ফেলতে হবে। এটা যদি কেউ নিয়মিত করতে পারে, তাহলে পরীক্ষার আগে রাত জেগে অতিরিক্ত পরিশ্রম করতে হয় না। শিক্ষকেরা যে বাড়ির কাজ দেবেন, সেটাও ফেলে না রেখে সময়মতো করে ফেলা ভালো।

পরীক্ষার আগের রাতে বেশি পড়তে নেই। পরীক্ষার দিন সকালেও নতুন করে অনেক কিছু পড়ার দরকার নেই। তোমার মনটা ভালো থাকতে হবে, শরীরটাও ভালো থাকতে হবে। সে জন্য পরীক্ষার আগের রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাবে। বেশি দুশ্চিন্তা করবে না। শেষ মুহূর্তে সবকিছু পড়তে গিয়ে বরং দুশ্চিন্তা বেড়ে যেতে পারে। তার চেয়ে ফুরফুরে মন নিয়ে পরীক্ষার হলে যাও। সারা বছর যা পড়েছ, তার ওপর ভরসা রাখো। দেখবে, পরীক্ষা ভালো দেওয়ার সম্ভাবনা অনেক বেড়ে গেছে।

আরও পড়ুন